প্রথম দিনে তিন শ ছাড়াল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুমিনুলকে সঙ্গ দিয়ে যাচ্ছেন মুশফিক। ছবি: শামসুল হক
মুমিনুলকে সঙ্গ দিয়ে যাচ্ছেন মুশফিক। ছবি: শামসুল হক
>

মিরপুর টেষ্টের প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৩০৩। সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। মুমিনুল ১৬১ রানে আউট হলেও মুশফিক ১১১ রানে অপরাজিত

সিলেটের দুঃস্বপ্ন কি মিরপুরে প্রথম দিনেই মাটিচাপা দিতে পারল বাংলাদেশ?

জবাবটা দেওয়ার সময় এখনো আসেনি। তবে মিরপুর টেষ্টের প্রথম দিনটা আশাজাগানিয়া। জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৩০৩। উইকেটে রয়েছেন মুশফিকুর রহিম ও অধিনায়ক মাহমুদউল্লাহ। এর আগে সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক (১৬১)। মুশফিক–মুমিনুলের ২৬৬ রানের জুটিতে শুরুর বিপর্যয় কাটিয়ে প্রথম দিন শেষে শক্ত অবস্থানে বাংলাদেশ।

নিজেকে ফর্মে ফেরাতে এর চেয়ে আর সঠিক সময় পেতেন না মুমিনুল হক। টেস্ট ব্যাটসম্যানের তকমা গায়ে এঁটে, টেস্টটাই খারাপ খেলছিলেন তিনি। ৪ টেস্ট আর ৮ ইনিংস মিলিয়ে বলার মতো কোনো স্কোর ছিল না। কিন্তু সেই মুমিনুলই আজ মেরে দিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। এমন সময় সেঞ্চুরিটা পেলেন, যখন দল বিপর্যয়ে ছিল। সপ্তম ওভারে ইমরুল (০) আউট হওয়ার পর উইকেটে এসেছিলেন মুমিনুল। ১৬১ রান করে যখন ফিরলেন দল তখন শক্ত ভিত পেয়ে গেছে। দিনটা শেষ করে আসলে হয়তো মুমিনুলের ব্যাটে সৌরভটা আরও বেশি ছড়াত। তা না হলেও মুশফিক টিকে আছেন নির্ভরতার প্রতীক হয়ে। ২৩১ বলে দুর্দান্ত এক ইনিংস খেলে ‘নেলসন স্কোর’ নিয়ে অপরাজিত রয়েছেন মুশফিক (১১১*)।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২৬ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। প্রথমে ইমরুল কায়েস। পরে লিটন দাস ও মোহাম্মদ মিঠুন। মহাবিপর্যয়! ব্যাট হাতে মুমিনুলের যে ফর্ম ছিল, তাতে তাঁর ওপরও খুব একটা ভরসা করতে পারছিলেন না কেউই। মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বেঁধে অসাধারণ একটা ইনিংসই খেললেন মুমিনুল। চা বিরতির আগেই সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি। চা বিরতির পর টেষ্ট ক্যারিয়ারের ষষ্ট সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। দিনের খেলা শেষ হওয়ার প্রায় কুড়ি মিনিট বাকি থাকতে তেন্দাই চাতারাকে উইকেট দেন মুমিনুল।

মুমিনুলের ২৪৭ বলের ইনিংসে বাউন্ডারি ছিল ১৯টি। নিজের প্রথম ফিফটিটি তিনি তুলে নিয়েছিলেন ৯২ বলে। পরের ফিফটি তাঁর ৫৮ বলে। সেট হয়ে গেলে মুমিনুল কেমন, সেটি ভালোই বুঝেছেন জিম্বাবুইয়ান বোলাররা।  শুরুতেই ৩ উইকেট পড়ে যাওয়ার প্রাথমিক ধাক্কা সামলে নিয়েছিলেন মুশফিক–মুমিনুল। চতুর্থ উইকেটে তাঁদের আড়াইশোর্ধ্ব রানের জুটিতে শক্ত ভিত পেয়ে যায় বাংলাদেশ। মুশফিকের ২৩১ বলের অপরাজিত ইনিংসে রয়েছে ৯টি চারের মার।

৮ ইনিংস পর টেস্টে ফিফটি পেলেন মুমিনুল। ছবি: শামসুল হক
৮ ইনিংস পর টেস্টে ফিফটি পেলেন মুমিনুল। ছবি: শামসুল হক

সিলেট টেস্টের জুজু শুরুতে ঢাকাতেও তাড়া করেছে বাংলাদেশ দলকে। নয়তো যে মাঠ তাদের হাতের তালুর মতোই চেনা, সেখানে টসে জিতে ব্যাটিংয়ে নেমে কেন সিলেটের রূপ দেখা গেল? ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর খুব দ্রুতই চলে গেল আরও ২ উইকেট।

দলীয় ১৩ রানে নিজের রানের খাতা না খুলেই প্রথম বিদায় নেন ইমরুল কায়েস। জার্ভিসের বলে চাকাভাকে ক্যাচ দেন তিনি। এরপর ৯ রান করে নেই লিটস দাস। সেই জার্ভিসের বলেই ব্রেন্ডন মাভুতার হাতে তুলে দিয়ে বিদায় নেন তিনি। অভিষিক্ত মোহাম্মদ মিঠুনও রানের খাতা খুলতে পারেননি। ডোনাল্ড তিরিপান্নোর বলে ব্রেন্ডন টেলরকে ক্যাচ দিয়েছেন তিনি। 

টস করছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। ছবি: শামসুল হক
টস করছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। ছবি: শামসুল হক

মুমিনুল-মুশফিকের জুটিটাও থাকত না। প্রথমে জীবন পান মুমিনুল। চাতারার বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে চারসি ফেলে দেন তাঁর ক্যাচ। তিরিপান্নোর বলে মুশফিকও বেঁচে যায় স্লিপের সামনে বল পড়ায়। তবে প্রাথমিক চাপটাকে পেছনে ফেলে মুমিনুল-মুশফিক নিজেদের খেলাটা খেললেন দারুণভাবেই।

জিম্বাবুয়ের পেসার কাইল জার্ভিস প্রথম দিন শেষে ১৯ ওভার বল করে ৪৮ রানে নিয়েছেন ৩ উইকেট। চাতারা ১৮ ওভারে দিয়েছেন ১০ মেডেন। ২৮ রানে নিয়েছেন ১ উইকেট। আসলে উইকেট বুঝে ঠিক জায়গামতো বোলিং করার ফলটা জিম্বাবুয়ে আজ প্রথম সেশনে ভালোভাবেই পেয়েছিল। কিন্তু মুশফিক–মুমিনুলের ব্যাটে ধীরে ধীরে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।