ব্যাটিংয়ে সাকিব–নাঈম, বোলিংয়ে মোস্তাফিজের উন্নতি
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভালো খেলার ফল পেলেন মিচেল মার্শ ও মোহাম্মদ নাঈম। টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যৌথভাবে ২৫তম স্থানে উঠে এসেছেন এই দুজন।
কাল মিরপুরে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারায় বাংলাদেশ। ২৯ বলে ৩০ রান করেন বাংলাদেশের ওপেনার নাঈম। অস্ট্রেলিয়ার হয়ে ৪৫ বলে ৪৫ রান করেন অলরাউন্ডার মিচেল মার্শ।
র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ উন্নতি হয়েছে মার্শের। নাঈম উঠে এসেছেন ৭ ধাপ এগিয়ে। টি-টোয়েন্টিতে এর আগে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১৬তম স্থানে উঠেছেন বাঁহাতি এ ব্যাটসম্যান।
ব্যাটসম্যানদের তালিকায় ছয় ধাপ উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। ৫৬তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩ বলে ৩৬ রান করেন সাকিব। বোলিংয়ে ২৪ রানে নেন ১ উইকেট। আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ৩ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন সাকিব।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ধরে রেখেছেন দ্বিতীয় স্থান। আফগানিস্তানের মোহাম্মদ নবী শীর্ষ অলরাউন্ডার।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে ৬২ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। ১৫ ধাপ উন্নতি করে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন তিনি।
শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরা বোলারদের র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ উঠে এসে যৌথভাবে ১৮তম স্থানে রয়েছেন। ১৭ ধাপ উন্নতি ঘটেছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডারের। বোলারদের র্যাঙ্কিংয়ে ৫৩তম স্থানে উঠে এসেছেন তিনি।
বাংলাদেশের বোলারদের মধ্যে ১৬ ধাপ উন্নতি করেছেন মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল ১৬ রানে ২ উইকেট নেন বাঁহাতি এ পেসার। ৪৬তম স্থান থেকে ৩০তম স্থানে উঠে এসেছেন তিনি।