ব্যাটিংয়ে সেই পাকিস্তানই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব লম্বা সময় যে তাঁর ফর্ম খারাপ যাচ্ছে, তা বলা যাবে না। এই তো, এই সিরিজের আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ইউনিস খান একটা সেঞ্চুরি করলেন, একটা হাফ সেঞ্চুরি। ঠিক তার আগে, ইংল্যান্ডের বিপক্ষে ওভালে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি। মাত্র চার ইনিংসে রান পাননি বলে এমন একজনকে নিয়ে প্রশ্ন তুলে ফেলা ঠিক নয় হয়তো।

তবু প্রশ্ন উঠছে। আর উঠছেও তিনি ইউনিস খান বলেই। ব্যাট হাতে এই বয়সেও তিনি পাকিস্তানের বড় আস্থা। তার ওপর এই টেস্টে অধিনায়ক মিসবাহ-উল-হক নেই। দায়িত্বটা তাঁর ওপরই বেশি ছিল। সেটা পালন করতে পারেননি ইউনিস। হ্যামিল্টনের প্রথম ইনিংসসহ সর্বশেষ ৪ ইনিংসে তাঁর রান—০, ২, ১ ও ২। ইউনিসের পাশাপাশি ব্যর্থ পাকিস্তানের টপ অর্ডারে অন্য ব্যাটসম্যানরাও। ফলাফল, প্রথম ইনিংসে ৭৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে দল।

ক্রাইস্টচার্চে পাকিস্তানের ২০ উইকেটই নিয়েছিলেন কিউই পেসাররা। হ্যামিল্টনে এসেও গল্পটা বদলাল না। কালও পাকিস্তানের পাঁচটি উইকেটই নিয়েছেন পেসাররা। নিউজিল্যান্ডও অবশ্য প্রথম ইনিংসে খুব বড় স্কোর করতে পারেনি। ২৭১ রানেই অলআউট। তবে এতেই এখন লিড নেওয়ার কথা ভাবতে পারছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

৭৭ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ডের হয়ে কাল সর্বোচ্চ ৫৫ রান জিৎ রাভালের। তৃতীয় উইকেটে রস টেলরের সঙ্গে ৫১ রানের জুটি তাঁর। ৬ষ্ঠ উইকেটে বিজে ওয়াটলিং-কলিন ডি গ্র্যান্ডহোম বড় জুটির আশা জাগিয়েও থেমেছেন ৫১ রান। কিউইদের তিন শর নিচে আটকে রাখায় বড় ভূমিকা পেসার সোহেল খানের। অধিনায়ক উইলিয়ামসন আর রস টেলরসহ মিডল অর্ডারের চার ব্যাটসম্যানকে ফিরিয়েছেন তিনি।

নতুন বল হাতে পেয়ে ঘরের মাঠ সেডন পার্কে বেশি ভয়ংকর রূপে দেখা দিয়েছেন টিম সাউদি। ১২ রানেই প্রথম ৩ উইকেট হারায় পাকিস্তান—সবগুলোই নিয়েছেন সাউদি। বল হাতে প্রথম ৫ ওভার শেষে তাঁর বোলিং ছিল—৫-২-১০-৩! এরপর নিল ওয়াগনার এসে একই ওভারে পরপর দুই বলে আসাদ শফিক ও মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে দিলে পথ হারায় পাকিস্তান। তথ্যসূত্র: ক্রিকইনফো।