ব্যাটিংয়েই যেতে চাননি ডি ভিলিয়ার্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডি ভিলিয়ার্স
ডি ভিলিয়ার্স

অতিমানবীয় ইনিংসে নাড়িয়ে দিয়েছেন ক্রিকেট-দুনিয়া। এক ইনিংসেই ওলট-পালট করে দিয়েছেন রেকর্ড বইয়ের ১১টি পাতা। অথচ পরশু সেই সময় ব্যাটিংয়েই নামতে চাননি এবি ডি ভিলিয়ার্স!
নেমেছিলেন কোচের পীড়াপীড়িতে। এমনিতে তিনে ব্যাট করেন ফাফ ডু প্লেসি। তবে উদ্বোধনী জুটিতে হাশিম আমলা ও রাইলি রুশো যখন ৩৫ ওভার ছাড়িয়ে গেল, ব্যাটিং অর্ডারে এল

.
.

পরিবর্তন। অধিনায়ক ডি ভিলিয়ার্সের চাওয়া ছিল বাঁহাতি ডেভিড মিলার যাক উইকেটে, কোচ রাসেল ডমিঙ্গো অনড়। ডি ভিলিয়ার্সকেই যেতে হবে! ম্যাচ শেষে ড্রেসিংরুমের ওই নাটকের কথা বলছিলেন ডি ভিলিয়ার্স নিজেই, ‘আমি রাসেলকে চার থেকে পাঁচবার বলেছি, “তুমি নিশ্চিত যে আমিই নামব? ডেভিড মিলার নয়!” রাসেল বলল, “হুম, অবশ্যই তুমি যাবে।” ২-৩ ওভার পর বোলিংয়ে এল বাঁহাতি স্পিনার সুলিমান বেন। তখন আমি আবার গিয়ে রাসেলকে বললাম, “এখন নিশ্চয়ই ডেভিড নামবে?” কিন্তু সে আবার বলল, “না, তুমিই নামবে।” রাসেলের বিশ্বাস ছিল, আমি নেমেই স্ফুলিঙ্গ দেখাতে পারব, ইনিংসকে আরও গতিময় করতে পারব। নিজের ওপর আমার বিশ্বাস ছিল, কিন্তু মনে হচ্ছিল ওই মুহূর্তে ডেভিড আরও ভালো পারবে।’
কিন্তু এরপর যা হলো, সেটি ছাড়িয়ে গেছে তাঁর সুদূরতম কল্পনাকেও। অনিচ্ছায় নেমেও তাই দিন শেষে ডি ভিলিয়ার্স বললেন, ‘দিনটি ছিল আমার!’ দিনটি যে তাঁরই ছিল, দেখেছে পুরো ক্রিকেট-বিশ্ব, উপলব্ধি করেছেন ক্যারিবিয়ান বোলাররা। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের কাছ থেকে বিশেষ ধন্যবাদ পেয়েছেন নিশ্চয়ই কোচও!
৩৯ ওভারে গিয়েছিলেন উইকেটে। সঙ্গী ব্যাটসম্যান হাশিম আমলাকে বলেছিলেন, ২-১ ওভার দেখে চালিয়ে খেলবেন। তবে চালিয়েছেন শুরু থেকেই, প্রথম বলেই চার। জানালেন, এরপর আর শট খেলা ছাড়া অন্যকিছু ভাবেননি, ‘আমি শুধু আগ্রাসী ব্যাটিং করতে চেয়েছি। কোনো চাপ ছিল না। ওভার বেশি ছিল না, জানতাম আউট হয়ে গেলেও আমার পরে এমন কজন আছে যারা আক্রমণাত্মক ব্যাটিং করতে পারে। সব সময় উইকেটে গিয়েই শট খেলা যায় না। বেশির ভাগ সময়ই একটু সময় নিতে হয়, কষ্ট করতে হয়। এই দিনটি ছিল ব্যতিক্রম। প্রথম দুটি শট মাঝ ব্যাটে লাগল, তারপর শুধু এগিয়ে যাওয়া। মাঝেমধ্যে থিতু হওয়ার আগ পর্যন্ত খাটতে হয় বেশ। এদিন শুরু থেকেই হয়ে গেছে।’
প্রতিপক্ষ অধিনায়ক জেসন হোল্ডারের ৯ বলে ৪৫ নিয়েছেন ডি ভিলিয়ার্স, ডোয়াইন স্মিথের ১০ বলে ৩৯, আন্দ্রে রাসেলের ১২ বলে ৩৫ আর জেরম টেলরের ১৩ বলে ৩০! বল ফেলার জায়গাই পাচ্ছিলেন না ক্যারিবিয়ানরা। ম্যাচ শেষে দিনেশ রামদিনের কণ্ঠে ফুটে উঠল সেই অসহায়ত্ব, ‘আমরা চাইছিলাম ওর শরীর থেকে দূরে বল করতে। কিন্তু কিছুই কাজে লাগেনি। বোলিং ও ফিল্ডিং নিয়ে ছেলেখেলা করেছে এবি।’ এএফপি, ক্রিকইনফো।