ব্যাটিংয়ের গোপন সূত্র বলে দেবে 'স্মার্ট ব্যাট'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের ব্যাটে থাকবে মাইক্রোচিপ। ছবি: টেলিগ্রাফ
ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের ব্যাটে থাকবে মাইক্রোচিপ। ছবি: টেলিগ্রাফ

এবারের চ্যাম্পিয়নস ট্রফি আসছে প্রযুক্তির পসরা সাজিয়ে। টিভি সম্প্রচারে নানা ধরনের নতুন প্রযুক্তি তো থাকছেই, পাশাপাশি ইন্টেলের সহায়তায় ব্যাটে লাগানো হচ্ছে বিশেষ ধরনের চিপ। ‘স্মার্ট ব্যাট’ নামের এই প্রযুক্তির সাহায্যে ব্যাটিংয়ের বিস্তারিত সম্পর্কে ধারণা পাবেন টেলিভিশন দর্শকেরা। ২৫ গ্রাম ওজনের এই চিপটি লাগানো হবে ব্যাটের হ্যান্ডেলের ঠিক ওপরে।

এই চিপ দিয়ে বোঝা যাবে ব্যাটসম্যানরা শট খেলার ক্ষেত্রে কোথায় কোথায় ভুল করছেন। এর মাধ্যমে নিজেদের ভুল-ত্রুটি শোধরানোও অনেক সহজ হয়ে যাবে তাদের। বাউন্সারে ব্যাটসম্যানদের প্রতিক্রিয়াও পরিমাপ করা যাবে এর মাধ্যমে। আরও বেশি বিশ্লেষণ করা যাবে ব্যাটিং। জানা যাবে, তাদের শক্তির জায়গা কোথায়। কোন শট কীভাবে খেলার কারণ এবং এর ফল ​কী হচ্ছে!
নতুন এই প্রযুক্তি সম্পর্কে সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইনের মন্তব্য, ‘অনুশীলনের উপাদান হিসেবে এটি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে খেলোয়াড়েরা নিজেদের ভুল-ত্রুটি খুব সহজেই দূর করতে পারবে।’ তিনি বলেন, ‘সম্প্রচার প্রযুক্তি হিসেবেও এটি দারুণ। একজন ব্যাটসম্যানের ব্যাট চালানো গতি কতটা, সেটা এই প্রযুক্তির মাধ্যমে বোঝা যাবে।’
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের ব্যাটে এই প্রযুক্তি ব্যবহার করার দারুণ আগ্রহ ক্রিকেটারদের। তবে সব ক্রিকেটারই এ সুযোগ পাচ্ছে না। পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে এটি ব্যবহারের আগ্রহ প্রবল। মোট ছয়জন পাকিস্তানি ক্রিকেটার এখনো পর্যন্ত এটি ব্যবহারে ইন্টেলের সঙ্গে চুক্তি করেছেন। ইংল্যান্ড ও ভারতের তিনজন ক্রিকেটার এই প্রযুক্তি ব্যবহার করবেন। ভারতের তিনজনের মধ্যে অবশ্য বিরাট কোহলি নেই। আছেন রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে ও অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সূত্র : দ্য টেলিগ্রাফ।