ব্যাটিংয়ের জন্যই কিপিংয়ে নেই মুশফিক

দিনের প্রথম পানিবিরতিতে ট্রে হাতে ঢুকেছিলেন মাঠে। ওটুকু বাদ দিলে কাল সারা দিনই মুশফিকুর রহিম কাটালেন ড্রেসিংরুমে। আঙুলের ব্যথা পুরোপুরি যায়নি, ফোলাও আছে। এ অবস্থায় চিকিৎসকেরা চাইছেন, ব্যথা না গেলে অন্তত উইকেটকিপিংটা যেন তিনি না করেন। মুশফিককে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের জন্য দ্রুত সুস্থ করে তুলতেই এই পরামর্শ।
কাল দিন শেষে প্রচুর ঘাম ঝরালেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক। শেখ আবু নাসের স্টেডিয়ামের এ-মাথা ও-মাথা দৌড়ালেন অনেকক্ষণ। এরপর কিছু ব্যায়াম করলেন নিজে নিজে। আঙুলের অবস্থা নিয়ে জিজ্ঞেস করতেই বললেন, ‘এখনো ব্যথা আছে, ফোলাও একটু আছে। ৪৮ ঘণ্টা যাওয়ার আগে আসলে বোঝা যাবে না কী অবস্থা।’ ব্যথা যদি তার পরও না যায়, ব্যথানাশক ইনজেকশন নেওয়ারও নাকি প্রস্তুতি নিয়ে রেখেছেন।
মুশফিককে নিয়ে এখন প্রশ্ন দুটি—আজ কি পারবেন উইকেটকিপিংয়ে ফিরতে? পারবেন তো দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে? বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীকে অন্তত ব্যাটিংয়ের ব্যাপারে আশাবাদীই মনে হলো, ‘যেহেতু এক্স-রে রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়েনি, চোটটাকে মচকানোই বলব আমরা। আজ (গতকাল) ব্যথা কিছুটা কমলেও উন্নতিটা খুব ধীরগতিতে হচ্ছে। কাল (আজ) সকালেই বোঝা যাবে কী অবস্থা। আশা করি, সামান্য ব্যথা নিয়ে হলেও সে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবে।’ আর যদি ব্যথা পুরোপুরি সেরে যায়, তাহলে তো কিপিংয়েই দেখা যাবে অধিনায়ককে।