ব্যাটিং-শক্তি দেখাল আমিরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুয়ের বিপক্ষে আমিরাতের স্বপ্নীল প্যাটেলের দারুণ একটি শট ছবি: এএফপি
জিম্বাবুয়ের বিপক্ষে আমিরাতের স্বপ্নীল প্যাটেলের দারুণ একটি শট ছবি: এএফপি

নেলসনের স্যাক্সটন ওভালে টস জিতে ফিল্ডিং বেছে নেওয়া জিম্বাবুয়ের জন্য আমিরাতের এই সংগ্রহ একটু হকচকিয়ে দেওয়ার মতোই। এবারের বিশ্বকাপের সবচেয়ে দুর্বল দল হিসেবে বিবেচিত এই আমিরাত যখন আগে ব্যাটিং করে টেস্ট খেলুড়ে জিম্বাবুয়ের সামনে ২৮৬ রানের লক্ষ্য বেঁধে দেয়, তখন সেটা তো অবাক করার মতোই ব্যাপার। কিন্তু নিজেদের ব্যাটিং-শক্তির নিদর্শন রেখে আরব আমিরাত প্রমাণ করে দিয়েছে এবারের বিশ্বকাপে হেলাফেলা করার মতো কোনো দল আসলেই নেই।
আমিরাতের ইনিংসের শুরুটা কিন্তু দারুণ এই স্কোরের ইঙ্গিতবাহী ছিল না। ৪০ রানেই ২ উইকেট হারিয়ে ফেলা দলটির সংগ্রহ যে শেষ পর্যন্ত ২৮৫, তার জন্য দায়ী জিম্বাবুইয়ান বোলারদের অতিরিক্ত খরচের হাত আর ব্যাট হাতে আমিরাতের ব্যাটসম্যানদের অসাধারণ লড়াই। সর্বোচ্চ ৬৭ রান এসেছে শাইমান আনোয়ারের ব্যাট থেকে। খুররম খান করেন ৪৫। এই দুই ব্যাটসম্যানের পাশাপাশি ছোটখাটো ক্যামিও এসেছে বেশ কয়েকজনের কাছ থেকেই। কৃষ্ণ চন্দ্রনের ৩৪, স্বপ্নিল প্যাটেলের ৩২, আন্দ্রি বেরেঙ্গারের ২২ আর আমজাদ জাভেদ ও মোহাম্মদ নাভিদের ২৫ ও ২৩ রানের দুটি ইনিংসে আমিরাতের সংগ্রহ প্রত্যাশাকেও ছাড়িয়ে যায়।
জিম্বাবুইয়ান বোলারদের মধ্যে সবচেয়ে খরচে ছিলেন কিনাশে পানিয়াঙ্গারা। তিনি ৯ ওভার বল করে ৬৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। টেন্ডাই চাতারা নিয়েছেন ৩ উইকেট। সলোমন মায়ার ও শন উইলিয়ামসের দখলে গেছে দুটি করে উইকেট।
এই প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ে আমিরাতের বেঁধে দেওয়া লক্ষ্যে ব্যাট করছিল। শুরুটা অবশ্য তারা করেছে যথেষ্ট দেখে-শুনেই। সিকান্দার রাজা ও রেগিস চাকাভা শুরুটা করেছেন কিছুটা ধীরস্থির-কেতাতেই। উদ্বোধনী জুটিতে সিকান্দার রাজা ও রেগিস চাকাভার ৫৫ রান অবশ্য আমিরাতের সংগ্রহকে ছাড়িয়ে যাওয়ার সুন্দর ভিত্তি তৈরি করলেও হঠাৎই ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে এই মুহূর্তে কিছুটা বিপাকে। সিকান্দার রাজা আউট হয়েছেন ৪৬ রানে। ফিরে গেছেন হ্যামিল্টন মাসাকাদজাও। স্কোরবোর্ডে ১৮ ওভারে উঠেছে ৮৭ রান।