ব্যাটে জহুরুল, নেতৃত্বে সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শুরুর সময় যখন, চারপাশ তখন কুয়াশার চাদরে মোড়ানো। দুই দল মাঠেই আসেনি তখনো। ক্রিকেট যদিও হচ্ছিল, কুয়াশাকে বুড়ো আঙুল দেখিয়ে ফতুল্লা আউটার মাঠে খেলা চলছিল অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের। বড়দের ক্রিকেটে তো আর এ সুযোগ নেই। ফ্লাডলাইট জ্বালিয়েও খেলা শুরু করতে করতে বেলা পৌনে ১১টা। মাঝে ঘণ্টা খানেক সময় বাদ দিলে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কাল সারা দিনই থাকল কৃত্রিম আলোর রোশনাই। কিন্তু আবাহনীর পারফরম্যান্স থেকে হারিয়ে গেল আলো!
শিরোপার পথে এক পা এগিয়ে যাওয়াই শুধু নয়, কালকের ম্যাচটি আবাহনীর জন্য ছিল মর্যাদার লড়াইও। লিগে সর্বশেষ এই লিজেন্ডস অব রূপগঞ্জের কাছেই হেরেছিল আবাহনী। সেটির প্রতিশোধ নেওয়া তো হলোই না, উল্টো টানা আট ম্যাচ জয়ের পর হারল আরও বাজেভাবে। প্রথম পর্বের হার ছিল ৩ উইকেটে, কাল ৪০ ওভারের ম্যাচে হার ৭৬ রানে!
রূপগঞ্জের ইনিংসের মেরুদণ্ড জহুরুল ইসলামের ৯৩ রানের দুর্দান্ত ইনিংস। ম্যাচসেরাও তিনি, তবে হতে পারতেন সাকিব আল হাসানও। রান বেশি পাননি (১৮), উইকেট তিনটি। তবে স্কোরকার্ডে যেটি লেখা নেই, সেরা হতে পারেন শুধু সেই কারণেই—অধিনায়কত্ব! নেতৃত্বে ভালোর শেষ নেই, কিন্তু সাকিব কাল ছিলেন নিখুঁতের কাছাকাছি। মাঠ সাজানো, পরিকল্পনা আর বোলিং পরিবর্তন—সবই ছিল অসাধারণ। মাঠে ছিলেন দারুণ সক্রিয়, উদ্দীপ্ত করতে পেরেছিলেন দলকে। রূপগঞ্জের শরীরী ভাষাতেই ছিল কিছু করে দেখানোর তাগিদ।
৪০ ওভারে ২১১ রান তাড়ায় আবাহনী ভালো শুরুর জন্য তাকিয়ে ছিল ওপেনার লিটন দাসের দিকে। লিগে প্রথমবারের মতো প্রথম ওভারেই বোলিংয়ে এলেন সাকিব! আরেক পাশ থেকে আরেক মিতব্যয়ী বাঁহাতি স্পিনার নাঈম জুনিয়র। পাখা মেলতে না পেরে ছটফট করে লিটন নাঈমের বলে ডাউন দ্য উইকেটে গিয়ে ক্যাচ দিয়েছেন লং অফে (১০)। নিচু হওয়া এক টার্নিং বলে আগেই আরেক ওপেনার ফরহাদকে (৩) বোল্ড করেন সাকিব। প্রথম স্পেলে ব্যর্থ রুবেলকে পরে দুই স্পেলে এনেছেন বোলিংয়ে, দুবারই প্রথম ওভারে মিলেছে উইকেট। মাসাকাদজা-রকিবুলের জুটি যখন হুমকি হয়ে উঠছে, দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়েই সাকিব ফিরিয়েছেন মাসাকাদজাকে (২৫)। এলবিডব্লুর সিদ্ধান্তটি ভুল ছিল দাবি করে যদিও উইকেট ছাড়তেই চাচ্ছিলেন না জিম্বাবুইয়ান ব্যাটসম্যান। এই আউটের জের ধরে পরে আবাহনী সমর্থকেরা মাঠের নানা প্রান্ত থেকে অকথ্য গালাগাল করলেন আম্পায়ারদের। সাকিবের অনুরোধে পরে ম্যাচ রেফারি ওবায়দুল হক শান্ত করেন পরিস্থিতি।
আবাহনী সমর্থকেরা আম্পায়ারের ওপর ক্ষুব্ধ ছিল দিনের শুরুতে জুনায়েদকে ‘নিশ্চিত’ কট বিহাইন্ড না দেওয়াতেও। পরে জুনায়েদ ফিরেছেন ৪২ রানে। আবাহনীকে ভুগিয়েছেন আসলে জহুরুল। টানা চার ম্যাচে রান না পেয়ে অধিনায়ককে অনুরোধ করে কাল ওপেনিং থেকে নেমেছিলেন তিনে। ৩ চার ও ৪ ছক্কায় ১০৮ বলে করেছেন ৯৩। শেষ দিকে রান বাড়ানোর তাড়ায় শুভাশিস-মুস্তাফিজের সাদামাটা বোলিংয়েই টপাটপ উইকেট হারায় রূপগঞ্জ। তবু ওই রানই ছিল আবাহনীর ধরাছোঁয়ার বাইরে।
বোলিংয়ে ফিরতি ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পেয়ে ৩ ওভারের বেশি বল করতে পারেননি বাঁহাতি স্পিনার নাজমুল অপু। তবে সেটি নিয়ে আবাহনীর আক্ষেপের সুযোগ নেই। ব্যাটিংয়ে স্পর্শকাতর জায়গায় বল লেগে রূপগঞ্জের আবুল হাসান যে বোলিং করতে পারেননি এক ওভারও!
আবাহনী কাল হেরেছে সব দিক থেকেই।

সংক্ষিপ্ত স্কোর

আবাহনী–রূপগঞ্জ, ফতুল্লা

রূপগঞ্জ: ৩৯.৫ ওভারে ২২১/৯ (জহুরুল ৯৩, জুনায়েদ ৪২; শুভাশিস ৪/৪২, মুস্তাফিজ ৩/৫১)।

আবাহনী: ৩৪.৪ ওভারে ১৪৫/৯ (রকিবুল ৪৫, জিয়াউর ৩৮, মাসাকাদজা ২৫; সাকিব ৩/২৫, রুবেল ৩/২৯, মোশাররফ ২/২৭)।

ফল: রূপগঞ্জ ৭৬ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: জহুরুল ইসলাম।