ব্যাটে-বলে উজ্জ্বল সাকিবই সেরা

ব্যাট হাতে ৩৭ বলে ৪৬ রান। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই প্রথম উইকেট হারানো বাংলাদেশের হয়ে দ্বিতীয় উইকেটে লিটন দাসের সঙ্গে ৫০ রানের জুটি। এরপর বল হাতে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট! পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের ৮৪ রানের জয়ে ম্যাচসেরা সাকিব ছাড়া আর কে হতে পারতেন!

ব্যাট হাতে ৪৬ রান সাকিবেরছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯ রানে ৪ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান
ছবি: এএফপি

সংশয় তেমন ছিল না এবারই প্রথম বিশ্বকাপে খেলতে যাওয়া পাপুয়া নিউগিনিকে হারিয়ে বাংলাদেশ দলের বিশ্বকাপের সুপার টুয়েলভে যাওয়া নিয়েও। বাংলাদেশ হেসেখেলেই জিতেছে। আগে ব্যাট করে সাকিবের ৪৬ রানের পর অধিনায়ক মাহমুদউল্লাহর ২৮ বলে ৫০ রানের বিস্ফোরক ইনিংস আর শেষদিকে সাইফউদ্দিনের ৬ বলে ১৯ রানের ক্যামিওতে বাংলাদেশ করে ৭ উইকেটে ১৮১ রান। জয় নিয়ে সংশয়-প্রশ্ন সেখানেই শেষ!

যা দেখার ছিল, তা হলো, পিএনজিকে কত রানে গুটিয়ে দিতে পারে বাংলাদেশ। উত্তর - ৯৭ রান। পিএনজির উইকেটকিপার কিপলিন দরিগা আটে নেমে ৩৪ বলে ৪৬ রান না করলে বাংলাদেশের জয়ের ব্যবধানটা ৮৪ রানের চেয়ে আরও বড়ই হতো। না হোক, জয় তো এসেছে, সুপার টুয়েলভে ওঠা তো নিশ্চিত হয়েছে। আর তাতে আলো ছড়িয়ে সাকিব ম্যাচসেরা।

দ্বিতীয় উইকেটে লিটনের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন সাকিব
ছবি: এএফপি

ম্যাচের পর তাঁর কণ্ঠে থাকল সুপার টুয়েলভে বাংলাদেশের পারফরম্যান্সে আরও খোলতাইয়ের আশা, ‘যত ম্যাচ খেলব, আত্মবিশ্বাস ততই বাড়তে থাকবে। প্রথম ম্যাচে (স্কটল্যান্ডের কাছে) হারটা অবশ্যই একটা ধাক্কা ছিল, তবে টি-টোয়েন্টি সংস্করণে নির্দিষ্ট দিনে ভালো খেলা যেকোনো দলই জিততে পারে। তবে এখন আমাদের ওপর থেকে চাপ কমে গেছে, এখন আমরা আরও নির্ভার হয়ে খেলতে পারব।’

তাঁর নিজের ফর্ম নিয়ে প্রশ্নে সাকিবের উত্তর, ‘ফর্মে ফেরা সহজ নয়। তবে সৌভাগ্যবশত আমি ব্যাটিং অর্ডারের ওপরের দিকে ব্যাট করার সুযোগ পাচ্ছি এখানে।’ শরীরের অবস্থাও জানিয়ে দিলেন সবশেষে, ‘এই মুহূর্তে আমি একটু ক্লান্ত। পাঁচ-ছয় মাস ধরে টানা ক্রিকেট খেলে যাচ্ছি, লম্বা একটা মৌসুম কেটেছে আমার। তবে আশা করি টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করতে পারব।’