ব্যাটে-বলে সমানে সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল করেছে কিশোর এক ফাস্ট বোলার। সপাটে ব্যাট চালিয়েছে কিশোরী ব্যাটসম্যান। দুই দলের খেলোয়াড়দের মধ্যেই আছে ছেলে ও মেয়ে। শরীয়তপুরে ক্রিকেট একাডেমির মাঠ থেকে ৩ জুন তোলা ছবি l আশরাফুল আলম
বল করেছে কিশোর এক ফাস্ট বোলার। সপাটে ব্যাট চালিয়েছে কিশোরী ব্যাটসম্যান। দুই দলের খেলোয়াড়দের মধ্যেই আছে ছেলে ও মেয়ে। শরীয়তপুরে ক্রিকেট একাডেমির মাঠ থেকে ৩ জুন তোলা ছবি l আশরাফুল আলম

প্রচণ্ড গরম। শরীর পুড়ে যাওয়ার অবস্থা। তপ্ত বাতাসে বোলিং করছিল ১৫ বছরের কিশোর কামাল বিন ওয়ালিদ। আর তার ছুড়ে দেওয়া পেস ডেলিভারিগুলোয় সপাটে ব্যাট চালাচ্ছে রোমানা শারমিন। কখনো পা বাড়িয়ে বাউন্ডারি, কখনো এক কিংবা দুই রান, কখনোবা রক্ষণাত্মক কৌশলে ব্যাট করছিল ১৭ বছর বয়সী এই কিশোরী।
শারমিনের ছেড়ে দেওয়া বল পেছনে কিপিং গ্লাভস হাতে লাফিয়ে লুফে নিচ্ছিল শ্রাবণী আক্তার। মাঠে ১৪ বছরের শারমিনের সঙ্গে ১০ জনের মধ্যে আরও তিন কিশোরী ফিল্ডিং করছিল।
ম্যাচের বিরতির সময় রোমানা-শ্রাবণীরা পেশাদার ক্রিকেটারের মতো গ্যালারিতে ফিরে এল। দুজনের কাছেই জানতে চাওয়া হয়, ছেলেরা বল করছে। তা-ও আবার ক্রিকেটের লাল বল। তোমাদের ভয় করে না?
প্রশ্ন শুনে দুজনেই হেসে উঠল একসঙ্গে। ওদের পাশে ব্যাট হাতে হেলমেট পরে মাঠে নামার অপেক্ষায় আরেক কিশোরী সুমাইয়া আক্তার। সুমাইয়া চেঁচিয়ে বলল, ‘খেলার সময় কে ছেলে, আর কে মেয়ে—এসব নিয়ে ভাবি না। সাব্বিরকে বল করতে পারব। মাশরাফি বোলিং করলেও আমাদের ভয় করবে না।’
ম্যাচটি কোনো ছেলেখেলা নয়, রীতিমতো টি-টোয়েন্টি ক্রিকেট লড়াই। গাছগাছালিতে ঘেরা শরীয়তপুর জেলার বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক আবদুর রউফ স্টেডিয়ামে ছেলেমেয়ে মিশ্র দুই দলের এই লড়াই প্রতি সপ্তাহের শুক্রবার অনুষ্ঠিত হয়।

প্রায় তিন বছর ধরে এই ক্রিকেটযুদ্ধ চলছে পদ্মাপারের জেলা শহরে। শরীয়তপুর ক্রিকেট একাডেমির খেলোয়াড়েরা দুই দলে ভাগ হয়ে এই লড়াই চালিয়ে যাচ্ছে। দুই দলে ২২ জন ক্রিকেটারের মধ্যে ৯ জন মেয়ে। এক দলে ৫ জন, আরেক দলে ৪ জন—এভাবে মিশ্র দলে মেয়েরা ক্রিকেট ময়দানে খেলতে নামে। এখানেই ওরা থেমে নেই। আয়েশা আক্তার নামের এক কিশোরী ২০১৫ সালে জেলার ক্রিকেট লিগে হিল্লোল যুব সংঘ নামে একটি দলের হয়ে ম্যাচ খেলেছিল। জেলার গণ্ডি পেরিয়ে আয়েশা এখন গুলশান ইয়ুথ ক্লাবের হয়ে প্রিমিয়ার ডিভিশন লিগ খেলতে ঢাকায় আছে।

মিশ্র ক্রিকেট দলের ধারণা এসেছিল খেলোয়াড়দের কাছ থেকেই। শরীয়তপুর ক্রিকেট একাডেমির প্রশিক্ষক সেলিম সিকদার বলেন, শরীয়তপুরে ক্রিকেট একাডেমির কার্যক্রম শুরু হয় বেশ কয়েক বছর আগে। প্রথম দিকে ছেলের সংখ্যা বেশি থাকলেও একজন মেয়ে অনুশীলনে আসত। সংখ্যাটা বেড়ে এখন ছেলেমেয়ে মিলিয়ে ১২০ জন ক্রিকেট চর্চা করছে। এর মধ্যে ১৬ জন মেয়ে রয়েছে। ৯ জন মেয়ে নিয়মিত স্টেডিয়ামে মাঠে আসছে। ওদের সবার বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে।

সেলিম সিকদার প্রথম আলোকে বলেন, ‘তিন বছর আগে মেয়েরা ছেলেদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলার আগ্রহের কথা আমাকে জানায়। কিছুটা ভেবে ম্যাচ আয়োজন করলাম। দেখলাম, মেয়েরা ভালোই খেলছে। ফাস্ট বল, স্পিন, ব্যাটিং, উইকেটকিপিং আর ফিল্ডিং—সব বিভাগেই সমান তালে লড়ছে মেয়েরা।’

সেলিম সিকদার বলেন, মেয়েদের সংখ্যা কম। আলাদা একটি দল করা সম্ভব নয়। তাই মিশ্র দল গঠন করার ধারণাও মেয়েদের কাছ থেকেই এসেছিল। এখন প্রতি সপ্তাহের শুক্রবার একটি ম্যাচ আয়োজন করা হয়। শনিবার ছুটি। বাকি পাঁচ দিন বিকেলবেলা অনুশীলন করানো হয়।

ম্যাচ আর অনুশীলনে জাতীয় পর্যায়ে নাম লেখানোর স্বপ্ন দেখছে শরীয়তপুরের এই মেয়েরা। ক্রিকেটার হওয়ার স্বপ্ন থাকলেও নয়জন মেয়ের অধিকাংশেরই ক্রিকেট সরঞ্জাম কেনার সাধ্য-সামর্থ্য নেই। এদের মধ্যে রোমানা, জেসমিন ও কল্পনা—তিনজনের বাবা ব্যবসা করেন। কিন্তু শ্রাবণীর বাবা মারা গেছেন, তার মা ইটভাঙার কাজ করেন। সুমাইয়ার বাবা ভ্যানচালক। সাদিয়া ও জেসমিনের বাবা কৃষক। খাদিজার বাবা মারা যাওয়ায় বড় ভাই মিরাজ অটোরিকশা চালিয়ে সংসার চালান। ফাতেমার বাবাও বেঁচে নেই। ওর বড় ভাই নির্মাণশ্রমিকের কাজ করেন।

স্বল্প আয়ের পরিবারে জন্ম, কিন্তু ক্রিকেট চর্চা ও পড়ালেখা—দুই-ই চালিয়ে যাচ্ছে ওরা। রোমানা উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ে। সুমাইয়া জেএসসি পরীক্ষায় এ মাইনাস পেয়ে এখন নবম শ্রেণির ছাত্রী। শ্রাবণী এবার জেএসসি পরীক্ষার্থী। প্রাথমিক শিক্ষা সমাপনীতে অল্পের জন্য জিপিএ-৫ হাতছাড়া হয়ে যায় শ্রাবণীর।

ক্রিকেটার হওয়ার কারণ জানতে চাইলে শ্রাবণী বলে, ‘আমার মা হালিমা বেগম আমাকে ক্রিকেট খেলার প্রেরণা দিয়েছেন। একাডেমিতে ভর্তি, মাঠে আনা-নেওয়া তিনিই করেছেন। মাঠে রেখে ইট ভাঙতে যেতেন। আবার সময়মতো আমাকে বাসায় নিতেন। এখন আমি নিজেই মাঠে আসি।’

সুমাইয়াকেও তাঁর বাবা ক্রিকেটার হওয়ার পথে এনেছেন। এ কথা বলে সুমাইয়া হাসতে হাসতে বলে, ‘প্রথম প্রথম আমরা যখন মাঠে আসতাম, অনেকে কটু কথা বলত। বিকেএসপি ক্যাম্প করেছি। খুলনাসহ আশপাশের জেলায় খেলছি। এখন সমালোচকদের মুখ অনেকটাই বন্ধ।’

জেসমিন সুলতানা নামে এক কিশোরী ক্রিকেটার বলল, ‘জাতীয় দলের সালমা খাতুন, জাহানারা বাংলাদেশের নারী ক্রিকেটকে বিশ্বমানে নিয়ে গেছেন। শুধু টাকা নয়, দেশের মান বাড়িয়েছেন। আমরাও দেশের জন্য কিছু করতে চাই। খেলার সরঞ্জাম আর জাতীয় পর্যায়ে দীর্ঘ অনুশীলনের সুযোগ পেলে কেউই আমাদের থামাতে পারবে না।’