ব্যাটে বাবর, বলে পাকিস্তানকে হাসালেন হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসান আলী ৩৮ রানে নিয়েছেন ৫ উইকেট। ছবি: এএফপি
হাসান আলী ৩৮ রানে নিয়েছেন ৫ উইকেট। ছবি: এএফপি

বাবর আজমের শতক আর হাসান আলীর ৫ উইকেট-কীর্তিতে ব্যাটে-বলে দারুণ খেলে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানের হারিয়ে সিরিজে ফিরেছে পাকিস্তান। প্রথম ম্যাচে পাকিস্তানের ৩০৮ রান টপকে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এবার ২৮২ রান করেও পাকিস্তান স্বাগতিকদের অলআউট করে দিল ২০৮ রানে।

গায়ানার ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলের ১৬ রানেই আউট হয়ে যান আহমেদ শেহজাদ। তিন নম্বরে ব্যাটিং করার সুযোগটা ফিরে পেয়ে নিজেকে মেলে ধরেন বাবর। প্রথমে ধীরে-সুস্থে মাথা ঠান্ডা করে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বুঝে পরে ব্যাটে ঝড় তোলেন তিনি। ১৩৫ বলে ৭টি চার ও ৩টি ছয়ে ১২৫ রানের ইনিংসটি সাজান দুর্দান্তভাবে। এটি তাঁর পঞ্চম ওয়ানডে-সেঞ্চুরি। ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচ ইনিংসে চতুর্থ। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাবরের কী এমন শত্রুতা!
বাবরকে দারুণ সঙ্গ দেন ইমাদ ওয়াসিম। ইমাদ শেষ পর্যন্ত ৩৫ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছয়। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮৫ তুলতেই অর্ধেক ব্যাটসম্যান হারিয়ে ফেলা পাকিস্তানকে শেষ পর্যন্ত পথ দেখায় ষষ্ঠ উইকেটে বাবর-ইমাদের ৯৯ রানের জুটি। এই দুজনের বাইরে মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে এসেছে ৩২ রান, অধিনায়ক সরফরাজের ২৬। ওয়েস্ট ইন্ডিজের শ্যানন গ্যাব্রিয়েল নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট জোসেফ, দেবেন্দ্র বিশু ও নার্সের।
আগের ম্যাচে স্বাগতিকদের হয়তো আত্মবিশ্বাস জোগাচ্ছিল। কিন্তু ক্যারিবীয়দের উড়িয়ে দেন হাসান আলী। এই মিডিয়াম পেসার ৮.৫ ওভার বল করে মাত্র ৩৮ রানেই তুলে নেন ৫ উইকেট। তাঁর শিকার হন শাই হোপ, কাইরেন পাওয়েল, জেসন হোল্ডার, অ্যাশলি নার্স ও আলজারি জোসেফ। এদের মধ্যে হোল্ডারের ৬৬ আর নার্সের ৪৪ রানই ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে বলার মতো দুই ইনিংস। ৭ ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর স্পর্শ করলেও সেগুলোর মধ্যে সর্বোচ্চটাও ১৬ রানের। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে না পারার খেসারত দিয়ে ওয়েস্ট ইন্ডিজ অলআউট ৪৪.৫ ওভারে।
হাসান ছাড়া মোহাম্মদ হাফিজ নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির, জুনায়েদ খান ও শাদাব খান।
তিন ম্যাচ সিরিজের শেষটি তাই হয়ে উঠল ফাইনাল। আগামীকাল গায়ানাতেই শেষ ম্যাচ। ১৯৯২ সালের পর থেকে পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ না জেতা ওয়েস্ট ইন্ডিজের আপাতত শেষ সুযোগও। সূত্র: এএফপি।