ব্যাটে শাসন করছেন কোহলি

সেশনের শেষ ওভার। বল করছেন মেহেদী হাসান মিরাজ। বিরাট কোহলি ব্যাটিংয়ে, তাই স্লিপে একজন ফিল্ডার। শেষ ওভারের এমন দৃশ্যটাই সেশনটার বিজ্ঞাপন হয়ে থাকল। দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাত্র ১ উইকেট হারিয়ে ১২১ রান তুলেছে ভারত। ৪ উইকেট হারিয়ে ৪৭৭ রান স্বাগতিক দলের। কোহলি অপরাজিত আছেন ১৯১ রানে।
মোটামুটি ফর্মের কোহলির ব্যাটিংও যেকোনো দর্শকের জন্য দৃষ্টি সুখকর। কবজির মোচর, পায়ের ব্যবহার আর নিখুঁত টেকনিকের সামনে বিশ্বের সেরা বোলিং লাইনআপও অসহায় হয়ে যায়। তবে ফর্মে থাকা রাহানেও তো কম যান না! কোহলির আড়ালে পড়ে গেছেন, অতটা ধারাবাহিকও নন; না হলে অজিঙ্কা রাহানেরও তো প্রজন্মের সেরা ব্যাটসম্যানদের একজন হওয়ার কথা।
এ দুজন তাই যখন একসঙ্গে ব্যাটিং করেন, প্রতিপক্ষের জন্য ব্যাপারটা মোটেও সুখকর কিছু হয় না। সুখের হওয়ার কথাও নয়, তবে আজ এ দুজনের ব্যাটিংটা রীতিমতো ‘অত্যাচার’ হয়ে উঠল বাংলাদেশের জন্য। কাল অনেক কষ্টে, চেপে-চুপে রানরেটটা চারের নিচে আটকে রাখা গিয়েছিল। কিন্তু সকালে কোহলি-রাহানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে সেটাও পারা গেল না। ৯৯তম ওভারের প্রথম বলেই চার শ পেরোল ভারত। প্রথম ২৯ বলে ৭ চারে ৩৯ তুলে বছরের প্রথম দেড় শটা তুলে ফেললেন কোহলি। সব মিলিয়ে মাত্র ১৭০ বল খেলেই ১৫০! ভাগ্যিস, টেস্টে সাদা পোশাক পরার নিয়ম, না হলে যে কোন সংস্করণে খেলা হচ্ছে সেটা বোঝাটা কঠিন হতো।
বাংলাদেশের মাঠ সাজানো দেখেও বোঝা কঠিন ছিল ম্যাচটা টেস্ট। শুরুতে কোহলির অমন তেড়েফুঁড়ে আসা মূর্তি দেখেই রক্ষণাত্মক হয়ে গেল বাংলাদেশ। পেস বোলারের বলেও কোনো স্লিপ নেই। বাউন্ডারিতে চারজন ফিল্ডার, এর মাঝেও শর্ট বল করে চার খাচ্ছেন বোলার। রক্ষণাত্মক ফিল্ডিংয়েও রান আটকানো যাচ্ছিল না। রাহানে-কোহলির মতো নিখুঁত ব্যাটসম্যানদের বিপক্ষে সেটা করাও যায় না। ধারাভাষ্য কক্ষ থেকে সুনীল গাভাস্কার তাই বারবার বলছিলেন, এভাবে রক্ষণাত্মক না হয়ে উইকেট ফেলার চেষ্টা করে রান দেওয়াও ভালো।
সকালের সেশনে বাংলাদেশ যে ভালো কিছু দেখায়নি সেটা নয়। আজ নিজের প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন কামরুল ইসলাম। ১০১তম ওভারের পঞ্চম বলে কাট করেছিলেন রাহানে। বল উড়ে গেল ডিপ পয়েন্টে, ওভাবেই যেন প্রায় উড়ে এলেন সাব্বির রহমান। কিন্তু দুর্দান্ত চেষ্টার পরও বলটা হাতে আটকাল না। জীবন ফিরে পেলেন রাহানে। তাঁর রান তখন ৬২, ভারতের ৪১৩। সেই রাহানে ফিরলেন ৮২ রানে। অন্যদের ভিড়ে ইতিবাচক বোলিং করার পুরস্কার পেলেন তাইজুল ইসলাম। লাইন-লেংথ ধরে রেখে বল করে চাপ সৃষ্টি করলেন। সেই চাপেই ভাঙলেন রাহানে, অফস্টাম্পের বাইরে টার্নিং এক বলে ড্রাইভ করলেন। বাঁ দিকে ঝাঁপিয়ে অসাধারণ এক ক্যাচ ধরলেন মিরাজ। কোনো উদ্যাপন নেই, পুরো বাংলাদেশ দল একটু হাঁফ ছাড়ল।
এরপরই দিনের সেরা মুহূর্তটা পার করেছে বাংলাদেশ। কিংবা বলা ভালো মিরাজ-তাইজুল। দারুণ বল করেছেন দুজন, মাঠও সাজানো হলো আরেকটু আক্রমণাত্মক। কোহলিকে তো ‘আউট’ও করে দিলেন মিরাজ। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে গেলেন কোহলি। হক-আই দেখাল, বল লেগ স্টাম্পকেও পেরিয়ে যেত! ৪৬৬/৫ না হয়ে ৪৬৬/৪-ই থাকল।
পরের ওভারেই তাইজুল সেটাকে পাঁচ উইকেট বানিয়ে দিয়েছিলেন প্রায়। এগিয়ে এসে মারতে গিয়ে বল মিস করলেন ঋদ্ধিমান সাহা। এতটা সময় পেলেন মুশফিকুর রহিম, দুবার চেষ্টা করেও গ্লাভস দিয়ে উইকেট ভাঙতে পারেননি। পারলেও হতো। তৃতীয়বারে যখন পারলেন, ততক্ষণে বেঁচে গেছেন ঋদ্ধিমান!