ব্যাটে-বলে উজ্জ্বল নাঈম
বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন। তবে চূড়ান্ত দলে থাকবেন না প্রায় নিশ্চিত। কিন্তু নিজের কাজটা নাঈম ইসলাম করে যাচ্ছেন ম্যাচের পর ম্যাচ। কালও ব্যাটে-বলে চোখকাড়া পারফরম্যান্সে মোহামেডানকে এনে দিলেন দারুণ এক জয়। ৭ উইকেটের হারে শিরোপা ধরে রাখার অঙ্কের সম্ভাবনাও শেষ হয়ে গেল লিজেন্ডস অব রূপগঞ্জের।
বল হাতে নাঈম কাল নিয়েছেন সাকিব ও রূপগঞ্জের সর্বোচ্চ স্কোরার জহুরুলের উইকেট। ওয়ানডের গতির সঙ্গে মানানসই নয় বলে প্রায়ই প্রশ্নবিদ্ধ হয় তাঁর ব্যাটিং। দলের প্রয়োজনে কাল ঠিকই ৩টি করে চার-ছয়ে ৭১ বলে করেছেন অপরাজিত ৭৬।
৩৪ ওভারে ২০৫ রানের লক্ষ্য সহজ ছিল না মোটেও। কিন্তু নাঈম ও সায়েমের ব্যাটে মোহামেডান জিতেছে অনায়াসেই। তৃতীয় উইকেটে দুজনে গড়েছেন ১০৬ বলে ১২০ রানের জুটি। সায়েম কালকের আগে লিগে সর্বশেষ মাঠে নেমেছিলেন ২২ নভেম্বর। বাদ পড়েছিলেন ৪ ম্যাচে ৩১ রান করার পর। কাল মাঠে নেমে সাকিব-হাসান-রুবেলদের বিপক্ষে ৩ চার ও ৪ ছক্কায় তুলে নিয়েছেন ৬৯ বলে ৭৩।
রূপগঞ্জের ইনিংসে ছিল না কোনো ফিফটি। তবে তিনে নেমে আবারও রান পেয়েছেন জহুরুল (৫৩ বলে ৪৭), ওপরে ব্যাট করার সুযোগ পেলেন আবুল হাসান, চারে নেমে ৩ চার ও ১ ছয়ে তাঁর রান ২৫। পরে দুই ছক্কায় সাকিবের ২৮ ও আটে নামা মোশাররফ হোসেনের ৩১ বলে ৩৬ রানে দুশ ছাড়ায় রূপগঞ্জ।
৩৪ ওভারে ২০৪ এমনিতে যথেষ্টই ভালো পুঁজি। নাঈম-সায়েমরা সেই রানটাও তাড়া করলেন হেলাফেলায়।
সংক্ষিপ্ত স্কোর
রূপগঞ্জ: ৩৪ ওভারে ২০৪/৯ (জহুরুল ৪৭, মোশাররফ ৩৬, সাকিব ২৮, হাসান ২৫, অলক ২৪; নাঈম ২/২৭, মাশরাফি ২/৪১);
মোহামেডান: ৩২ ওভারে ২০৮/৩ (নাঈম ৭৬*, সায়েম ৭৩, মিঠুন ২৯)।
ফল: মোহামেডান ৭ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: নাঈম ইসলাম