ব্যাটে-বলে... ফিল্ডিংয়েও সাকিবময় ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব একাই হারিয়ে দিয়েছেন ঢাকাকে। ছবি: শামসুল হক।
সাকিব একাই হারিয়ে দিয়েছেন ঢাকাকে। ছবি: শামসুল হক।

লটারিতে আসলেই ‘লটারি’ জিতেছিল রংপুর রাইডার্স। বিশ্বসেরা অলরাউন্ডারকে পাওয়ার ইঁদুর দৌড়ে সবাইকে হটিয়ে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল রংপুর দল। আগের দুই ম্যাচে ঠিক অলরাউন্ডার সাকিবকে খুঁজে পাওয়া না-গেলেও আজ ঠিকই জানিয়ে দিলেন কেন তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাটে ভূমিকা রেখেছে। বোলিংয়ে তো দলের সেরাই। এমনকি ফিল্ডিংয়েও নিয়েছেন দারুণ দুটো ক্যাচ। এই না হলে অলরাউন্ডার।

আর সাকিবময় এমন ম্যাচে রংপুরের কাছে ৬৯ রানে হেরেছে ঢাকা ডায়নামাইটস। এবারের বিপিএলের সবচেয়ে একপেশে আর ম্যাড়ম্যাড়ে ম্যাচ। সবচেয়ে বড় ব্যবধানে জয়ও।
আগের দুই ম্যাচে ব্যাট হাতে খুঁজে পাওয়া যায়নি সাকিবকে। আজ তাই হয়তো একটু নিচেই নেমেছিলেন। ছয়ে নেমে ১৫ বলে অপরাজিত ২৪ রানের এক কার্যকর ইনিংস খেলেছেন। তার আগে দলের টপ অর্ডারের ছোট খাটো কিন্তু কার্যকর ইনিংসগুলো বড় এক স্কোরের ভিত্তি এনে দিয়েছিল। লেন্ডন সিমন্স, সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন মিলে প্রথম এগারো ওভারেই দলকে এক শ পার করে দিয়েছিলেন। সিমন্স ৩৯ বলে ৫টি চার ও ৩ ছক্কায় নিয়েছেন ৫১ রান। এরপর ছোটখাট একটি বিপর্যয়। কিন্তু সময়মতো ব্যাট হাতে দাঁড়িয়ে যান সাকিব। তাঁর ২৪ রানের ইনিংসটিই শেষ পর্যন্ত দলকে ১৭৬ রানের বেশ ভালো স্কোর এনে দেয়।
ভালো, আবার ভালোও নয়। প্রথম তিন দিনের প্রথম ম্যাচগুলোতে ১৮০-র​ স্কোরগুলোও নিরাপদ মনে হচ্ছিল না। সাকিব তাই এবার এগিয়ে এলেন বল হাতে। আগের দুই ম্যাচের মতো আজও প্রথম ওভারেই নিয়ে এসেছেন নিজেকে। তবে ঢাকাকে আসল ধাক্কাটা দিয়েছেন নিজের দ্বিতীয় ওভারে। ওই ওভারের তৃতীয় ও শেষ বলে দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছেন সাকিব।
শুরুর এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি ঢাকা। একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন সাঙ্গাকারা ও মোসাদ্দেক। কিন্তু ৭ম ওভারেই আউট হয়ে যান মোসাদ্দেক। আরাফাত সানির বলে ক্যাচটি ধরেছেন সেই সাকিব! এরপর রায়ান টেন ডেসকাটের ক্যাচটিও নিয়েছেন। নিজের তৃতীয় ও চতুর্থ ওভারেও একটি করে উইকেট নিয়ে ঢাকার পরাজয় নিশ্চিত করেছেন সাকিব। সব মিলিয়ে চার ওভার বল করে ১৬ রান দিয়ে ৪ উইকেট। অন্য বোলারদের মধ্যে থিসেরা পেরেরা তিন উইকেট আর আরাফাত সানির নিয়েছেন দুইটি। রংপুরের বোলারদের দাপটে ঢাকার কেউই ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। সর্বোচ্চ ২৯ রান নিয়েছেন সাঙ্গাকারা। ১০৭ রানেই অলআউট ঢাকা।
ব্যাট হাতে ২৪ রান, বোলিংয়ে ৪ উইকেট সঙ্গে দুর্দান্ত দুটো ক্যাচ। আর অধিনায়কত্ব তো আছেই। ঢাকাকে যেন একাই হারিয়ে দিয়েছেন সাকিব। হয়েছেন ম্যাচ সেরাও।

সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৭৬/৬ (সিমন্স ৫১, সৌম্য ১৮, মিঠুন ৩৪, পেরেরা ২৭, স্যামি ৩, সাকিব ২৪*, আল আমিন ৩, জহুরুল ৭*; নাসির ০/১৩, রেজা ০/২৪, মুস্তাফিজুর ২/৩৮, আবুল ১/৪১, মোশাররফ ১/৩১, ইয়াসির ২/২৪)
ঢাকা ডায়নামাইটস: ১৯.৪ ওভারে ১০৭ (জামশেদ ১১, শামসুর ২, সাঙ্গাকারা ২৯, মোসাদ্দেক ৩, টেন ডেসকাট ৮, নাসির ১৫, আবুল ১০, রেজা ১ , ইয়াসির ১২, মোশাররফ ৩, মুস্তাফিজুর ১*; সাকিব ৪/১৬, সেনানায়েকে ০/২১, সানি ২/১৫, আল আমিন ০/১৩, স্যামি ০/১০, পেরেরা ৩/২৫, জায়েদ ১/১) ।
ফল: রংপুর ৬৯ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান।