ব্যানারম্যান-রিচার্ডসদের বিরল রেকর্ডে আতাপাত্তু

আতাপাত্তু! শুনলেই মারভান আতাপাত্তুর কথা মাথায় আসে। কিন্তু শ্রীলঙ্কার এই স্টাইলিশ ব্যাটসম্যান অবসরে গেছেন বহুদিন আগেই। তাই ক্রিকেটের নতুন কোনো রেকর্ডে তাঁর নাম লেখানো আর সম্ভব নয়। আজ ক্রিকেটের রেকর্ড বই নিয়ে নাড়াচাড়া করতে বাধ্য করেছেন চামারি আতাপাত্তু। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ অবিশ্বাস্য এক কীর্তি গড়েছেন শ্রীলঙ্কা নারী দলের এই ব্যাটার। দলের ২৫৭ রানের ১৭৮ রান করেছেন তিনি একাই!
‘একাই দলকে টেনে নিয়ে গেছেন’—খেলার জগতে নিয়মিত শোনা যায় এটি। কিন্তু কাগজে-কলমে সেটা সবার আগে দেখিয়েছিলেন চার্লস ব্যানারম্যান। ইতিহাসের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ২৪৫ রানের ১৬৫ রানই ছিল ব্যানারম্যানের। দলের ৬৭.৩৪ ভাগ রানই ছিল তাঁর! আজ তাঁরই উত্তরসূরিদের বিপক্ষে তাঁকে টপকে গেছেন আতাপাত্তু। নারী বিশ্বকাপে আজ শ্রীলঙ্কার ইনিংসের ৬৯.২৬ শতাংশ রানই এসেছে এই টপ অর্ডার ব্যাটারের কাছ থেকে।
শূন্য রানে দলের প্রথম উইকেট পড়ার পর নেমেছিলেন। মাঠ ছেড়েছেন দলকে ৫০ ওভার পার করিয়ে। তাঁর ১৭৮ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান ছয়ে নামা শশীকলা সিরিবর্দনার। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আর মাত্র একজন ব্যাটার। আর উল্টো দিকে দাঁড়িয়ে ঝলসে উঠেছেন আতাপাত্তু। মাত্র ১৪৩ বলেই তুলেছেন এই রান, ২২টি চার ও ছয় ছক্কায়।
এতেই ব্যানারম্যানের শতাব্দী প্রাচীন রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। একটুর জন্য ভাঙতে পারেননি ভিভ রিচার্ডসের রেকর্ডও।
১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ধসের মুখে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ব্যাটিং লাইন আপ। কিন্তু নয়ে নামা ব্যাপটিস্টেকে নিয়ে অবিশ্বাস্য এক প্রতিরোধ গড়েছিলেন রিচার্ডস। নতুন বিশ্ব রেকর্ড ১৮৯ রানের ইনিংস খেলে দলকে ২৭২ রানের পুঁজি এনে দিয়েছিলেন রিচার্ডস। দলের ৬৯.৪৮ ভাগ রানই ছিল অনেকের চোখেই বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই ব্যাটসম্যান।
ওয়ানডে ও টেস্ট মিলিয়ে এমন একা লড়াইয়ের শীর্ষ পাঁচ ইনিংসের চারটিতেই জয়ী হয়ে মাঠ ছেড়েছিলেন ব্যাটসম্যান। আতাপাত্তু অবশ্য পারেননি তাঁদের সঙ্গী হতে। ম্যাগ ল্যানিংয়ের অপরাজিত ১৫২ রান অস্ট্রেলিয়াকে এনে দিয়েছে ৮ উইকেটের জয়।
দলের ইনিংসে সর্বোচ্চ অবদান
| ||||||||||||||||||||||||||||||||||