ব্যালন ডি’অর জিততে চাইলে হরলান্ডকে এমবাপ্পের রিয়ালে যেতে মানা পিকের

বরুসিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার আরলিং হরলান্ডছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিলিয়ান এমবাপ্পে ও আরলিং হরলান্ডের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন আজকের নয়। এমবাপ্পে তো কয়েক মৌসুম ধরেই আর হরলান্ডও সাম্প্রতিক সময়ে যাই যাই করছেন রিয়ালে।

তাঁদের মধ্যে একজনকে কথার প্যাঁচে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করলেন বার্সেলোনা তারকা জেরার্ড পিকে। সরাসরি রিয়ালে যেতে নিষেধ করেননি পিকে। তবে ব্যালন ডি’অর জেতার ইচ্ছা থাকলে এমবাপ্পের দলে না খেলার পরামর্শ দিয়েছেন তিনি।

বোঝাই যাচ্ছে, পিকের এই বিনা পয়সার পরামর্শ বরুসিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার হরলান্ডের প্রতি।

বিশ্বকাপজয়ী এমবাপ্পে তারকা ইমেজে হরলান্ডের চেয়ে এগিয়ে। পিএসজিতে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেললেও কয়েক মৌসুম ধরেই তাঁর রিয়ালে যাওয়ার গুঞ্জন চলছে।

এবার দলবদলে জার্মানির সংবাদমাধ্যম ‘বিল্ড’ তো বলেই দিয়েছে, এমবাপ্পের রিয়ালে যাওয়া নিশ্চিত। ফরাসি তারকার সঙ্গে ক্লাবটি এরই মধ্যে চুক্তি সেরে ফেলেছে। মৌসুম শেষে আগামী ১ জুলাই থেকে নাকি রিয়ালের খেলোয়াড় হয়ে যাচ্ছেন এমবাপ্পে।

পিএসজি তারকা এমবাপ্পে
ছবি: টুইটার

২০১৭ সালে রিয়াল এমবাপ্পেকে কেনার চেষ্টা করেও পারেনি। এরপর থেকে এমন কোনো দলবদল নেই, যখন এমবাপ্পের রিয়ালে যাওয়া নিয়ে গুঞ্জন ওঠেনি। পিকের মতো তাই অনেকে মোটামুটি নিশ্চিত, রিয়ালই হতে যাচ্ছে এমবাপ্পের পরবর্তী ঠিকানা। বিষয়টি মাথায় রেখেই হরলান্ডকে পরামর্শটি দিয়েছেন বার্সার ৩৫ বছর বয়সী ডিফেন্ডার।

এমবাপ্পের মতো হরলান্ডও বিশ্বসেরাদের একজন হয়ে ওঠার পথে। মেসি–রোনালদোর উত্তরসূরি হওয়ার দৌড়ে এমবাপ্পে–হরলান্ড অনেকের চোখেই বাকিদের চেয়ে এগিয়ে। কিন্তু ডর্টমুন্ডে থাকলে বিশ্বসেরাদের দৌড়ে টিকে থাকার অসুবিধাগুলোও জানেন হরল্যান্ড। সংবাদমাধ্যমে গুঞ্জন চলছে, এই মৌসুম শেষেই ডর্টমুন্ড ছাড়তে পারেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। আর রিয়ালও নাকি সে জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, হরলান্ডের এজেন্ট মিনো রাইওলার সঙ্গে নাকি যোগাযোগও করেছে রিয়াল। ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার মতো ক্লাবও হরলান্ডকে কিনতে আগ্রহী।

রিয়াল শিবির অবশ্য আত্মবিশ্বাসী এই ভেবে যে নরওয়ে তারকা লা লিগায় খেলতে চাইলে রিয়াল ছাড়া আর কোথাও যোগ দেবেন না। অর্থাৎ, আগামী মৌসুমেই এমবাপ্পে–হরলান্ডকে দেখা যেতে পারে রিয়ালে?

উত্তর সময়ের হাতে, তবে সম্ভাবনার কথা ভেবেই হরলান্ডকে পরামর্শটা দিয়েছেন পিকে। স্পেনের ইন্টারনেট সেলিব্রিটি ইবাই ইয়ানোসের সঙ্গে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ–এ আলাপে পিকে বলেন, ‘আমি হরলান্ড হলে এবং ব্যালন ডি’অর জিততে চাইলে এমবাপ্পের সঙ্গে একই দলে যোগ দিতাম না।’

বার্সেলোনা তারকা জেরার্ড পিকে
ছবি: টুইটার

পিকের কথায় অন্য ইঙ্গিতও আছে। তাঁর ক্লাব বার্সেলোনা যেহেতু হরলান্ডের প্রতি আগ্রহী, পিকে তাই খুব স্বাভাবিকভাবেই হরলান্ডকে ইনিয়ে–বিনিয়ে যেকোনোভাবে রিয়ালে যোগ দেওয়ায় নিরুৎসাহিত করার চেষ্টা করবেন।

বার্সা সভাপতি হোয়ান লাপোর্তার নির্বাচনী প্রচারণাবিষয়ক ব্যবস্থাপক লুইস কারাসকো বলেছেন, ‘হরলান্ড বার্সেলোনাতেই আসছে। আমাদের সভাপতি হরলান্ডকে ভালোবাসেন। তিনি জানেন, হরলান্ড আমাদের দলের মূল খেলোয়াড় হওয়ার যোগ্যতা রাখেন, আমাদের প্রকল্পের কেন্দ্রবিন্দুর ভূমিকা পালন করতে পারেন।’