
নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৫০। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৫০।
ক্রিকেট ইতিহাসের দুর্লভ ঘটনারই সাক্ষী হলো হেডিংলি টেস্ট। দুই দলের প্রথম ইনিংসই থেমেছে সমান রানে—১৩৮ বছরের ইতিহাসে টেস্ট ক্রিকেট এ নিয়ে দেখল মাত্র অষ্টমবার। সপ্তম উদাহরণটাও ১২ বছর আগের ঘটনা। ২০০৩ সালে অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেমেছিল ঠিক ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ৪১৭ রানে অলআউট করার পর ৪১৮ রানের লক্ষ্য পেরিয়ে বিশ্ব রেকর্ডই করেছিল ক্যারিবীয়রা।
হেডিংলিতে এবার কি বিশ্ব রেকর্ড গড়ার মতো লক্ষ্য পাচ্ছে ইংল্যান্ড? দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৩৮ রান তুলে তৃতীয় দিনটা শেষ করেছে নিউজিল্যান্ড। আজ আর মাত্র ৮০ রান হলেই হয়। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করে ঠিক ১০০ রানে অপরাজিত আছেন বিজে ওয়াটলিং। এর আগে ওয়ানডের ধাঁচে ব্যাট করে ৭২ বলে ৭০ রান—২০১৫ বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিক মার্টিন গাপটিল। তৃতীয় উইকেটে ৯৯ রানের জুটিতে গাপটিলের সঙ্গী রস টেলর করেছেন ৪৮ বলে ৪৮। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম করেছেন ৫৫।
এর আগে সকালে ব্যাটিংয়ে ইংল্যান্ডের নায়ক ব্রড। ৩৯ বলে ব্রডের ঝোড়ো ৪৬ এবং শেষ দুই ব্যাটসম্যান মার্ক উড ও জেমস অ্যান্ডারসনের ব্যাটিংয়েই নিউজিল্যান্ডকে লিড নিতে দেয়নি ইংল্যান্ড।
দ্বিতীয় দিনের শেষ বিকেলে হঠাৎ পথ হারিয়ে ৫ উইকেট খোয়ানো ইংলিশরা কাল ১৪ রান যোগ করতেই হারায় আরও ৩ উইকেট। ৮ উইকেট ২৬৭ থেকে ইংল্যান্ডের ইনিংস ৩৫০ পর্যন্ত যেতে পারল শেষ তিন ব্যাটসম্যান ৮৫ রান যোগ করাতেই। স্টার স্পোর্টস ও ক্রিকইনফো।