ব্রড বাদ, ঢুকছেন আনসারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে শততম টেস্ট খেলা হচ্ছে না স্টুয়ার্ট ব্রডের!

এই ফাস্ট বোলারকে বিশ্রাম দিয়েই দ্বিতীয় টেস্টের একাদশ সাজাচ্ছে ইংল্যান্ড। ব্রিটিশ দৈনিক দ্য সান জানিয়েছে, ৯৯ টেস্ট খেলা ব্রড ও অফ স্পিনার গ্যারেথ ব্যাটি জায়গা পাচ্ছেন না মিরপুর টেস্টের একাদশে। ব্রডের জায়গায় দলে ঢুকবেন স্টিভেন ফিন। ১১ বছর পর টেস্ট দলে ফেরা ব্যাটির জায়গা নেবেন জাফর আনসারি।

বাঁহাতি স্পিনার আনসারির টেস্ট অভিষেক অনেকটাই নিশ্চিত। ইংল্যান্ড এখনো আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করেনি। তবে কাল শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের আগে সতীর্থরা আগাম অভিনন্দন জানিয়েছেন আনসারিকে।

২৪ বছর বয়সী আনসারি এক বছর আগেই টেস্ট ক্রিকেটের স্বাদ পেতে পারতেন। কিন্তু আরব আমিরাতে পাকিস্তান সিরিজের দলে যেদিন ডাক পেলেন সেদিনই আঙুল ভেঙে ছিটকে পড়েন আনসারি।

মিরপুর টেস্টে আনসারি কার জায়গা নেবেন জল্পনা-কল্পনা তা নিয়েই। সান নিশ্চিত করে ব্যাটির নাম বললেও বিবিসি বলছে কোপটা পড়তে পারে ব্যাটসম্যান গ্যারি ব্যালান্সের ওপরও। তা ছাড়া লেগ স্পিনার আদিল রশিদকে বিশ্রাম দেওয়ার কথাও শোনা গেছে।

বাংলাদেশ সফরের পরই ভারতে পাঁচ টেস্টের সিরিজ। বোলারদের ওপর চাপ কমাতেই পর্যায়ক্রমে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। মিরপুরে না খেললেও ৯ নভেম্বর শুরু ভারত সফরের প্রথম টেস্টটিই সম্ভবত শততম টেস্ট হবে ব্রডের। সূত্র: ক্রিকইনফো, বিবিসি, দ্য সান।