ব্রডে চুরমার অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টুয়ার্ট ব্রড
স্টুয়ার্ট ব্রড

* ট্রেন্ট ব্রিজে টেস্টের আয়ু ঘড়ির কাঁটায় ঠিক ১৫ মিনিট ছুঁয়েছে। স্কোরবোর্ডে দেখাল ৪ উইকেটে ১৫!
* প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রান ৫০ হলো। কী অদ্ভুত, দর্শকদের হাততালিতে কান পাতা দায়। মনে হলো, কেউ সেঞ্চুরি-টেঞ্চুরি করে ফেলেছে!
* প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোরার কে জানেন? ১৪ রান করে মি. অতিরিক্ত, টেস্ট ইতিহাসে ১৪ বারের মতো!
* ক্যারিয়ারে এর আগে কখনো শূন্য রানে আউট হননি ক্রিস রজার্স। কে জানত, কাল সেই অভিজ্ঞতাও হয়ে যাবে!
এতটুকু পড়তে পড়তে ভাবছেন, এতসব বিস্ময়-চমক-কাকতালের সমাপতন হয়ে গেল একই টেস্টে! একটু দেরি করে মাঠে ঢোকা দর্শকেরা আসলে সবচেয়ে ভালো বুঝতে পেরেছেন। ঘণ্টা দুয়েকও হয়নি, অস্ট্রেলিয়া অলআউটের পর ইংল্যান্ড কিনা ব্যাট করতে নামছে! মাত্র ১৮.৩ ওভারেই যে টেস্টের প্রথম ইনিংস শেষ হয়ে যায়, সেটাকে একটু কম বিশেষণ করলেও ‘অদ্ভুতুড়ে’ বলতে হয়।
ট্রেন্ট ব্রিজের প্রথম সেশনটাকে অদ্ভুতুড়ে ধরলে ‘ভূত’টা অবশ্যই স্টুয়ার্ট ব্রড। ইংলিশ পেসার কাল অস্ট্রেলিয়ার ওপর এমনই সিন্দাবাদের ভূতের মতো সওয়ার হলেন, মাত্র ৬০ রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। এর মধ্যে তাঁর একারই ৮ উইকেট। ক্যারিয়ার-সেরা বোলিং, টেস্টের প্রথম সেশনে সেরা বোলিংয়ের কীর্তি, ব্রড আসলে এই টেস্টকে স্মরণীয় বানিয়ে ফেলেছেন নিজের তৃতীয় বলেই। ইনিংসের প্রথম ওভারেই রজার্সকে ফিরিয়ে দিয়ে পঞ্চম ইংলিশ বোলার হিসেবে ছুঁয়ে ফেলেছেন ৩০০ উইকেটের মাইলফলক।
তখনো অবশ্য বোঝা যায়নি, অস্ট্রেলিয়ার সামনে কী দুঃস্বপ্ন অপেক্ষা করে আছে। আকাশে মেঘ, সবুজ পিচে টসে জিতে বোলিং নেওয়ার কথা দুবার ভাবতে হয় না। অ্যালিস্টার কুক সেটা ভাবেনওনি। বাকি সময়টা শুধু ব্রডময়। সুইংকে কাজে লাগিয়ে নিখুঁত নিশানায় বল করে গেছেন ইংলিশ পেসার। আর উইকেটের পেছনে একের পর এক উল্লাসের কোরাস বেজেছে। ব্রডের ৮টি উইকেটই উইকেটের পেছনে ক্যাচ, এটারই বা ব্যাখ্যা কী?
টেস্ট শুরুর আগে কুক বলেছিলেন, ব্যাটে বা বলে দারুণ কিছু করে ইতিহাসে নাম লেখানোর এটাই সুযোগ। ব্রড কথাটাকে বোধ হয় চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন। এমনভাবেই ইতিহাসে নাম লেখালেন যে সেটা চাইলেই মুছে ফেলা যাবে না। টেস্ট ইতিহাসের প্রথম সেশনেই ৮ উইকেট নেওয়ার কীর্তি তো ইতিহাসে এই প্রথম! এই ট্রেন্ট ব্রিজের পাশেই ব্রডের জন্ম, বেড়ে ওঠা। এতসব অর্জনের দিনের জন্য ঘরের মাঠের চেয়ে ভালো উদ্যাপন আর কোথায়ই বা করতে পারতেন!
অস্ট্রেলিয়ার দুর্দশাটা স্কোরকার্ডই বলে দিচ্ছে। প্রথম চার ব্যাটসম্যানের তিনজনই কোনো রান করতে পারেননি, দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র দুজন। স্মিথের ব্যাট চওড়া হতে পারেনি, ভোজেসের দুঃসময় চলছেই, ভাইয়ের জায়গায় এসে শন মার্শ ব্যর্থ। নিজেকে হারিয়ে খোঁজা অধিনায়ক মাইকেল ক্লার্কের ১০ রানই যেন মহার্ঘ! অষ্টম ও শেষ উইকেটে ১৩ রানের দুই জুটিই ইনিংসের সর্বোচ্চ।
অস্ট্রেলিয়ার চেয়ে খারাপ শুরু করাটা একটু কঠিনই ছিল। কুকরা সেটা করেনওনি। যদিও ৩৪ রানে দুই উইকেট ফেলে মিচেল স্টার্ক একটু আশা দেখাচ্ছিলেন। কিন্তু কুক, রুট আর বেয়ারস্টো মিলে ম্যাচটা ইংল্যান্ডের হাতের মুঠোয় নিয়ে এসেছেন। কুক (৪৩) ও বেয়ারস্টো (৭৪) আউট হয়ে গেলেও রুট পেয়ে গেছেন নিজের তৃতীয় অ্যাশেজ সেঞ্চুরি। ১২৪ রানের ইনিংসটা আজ আরও বড় করতেই চাইবেন! স্টার স্পোর্টস।

আউট হয়ে ফিরছেন ক্রিস রজার্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, শন মার্শ ও মাইকেল ক্লার্ক l এএফপি ও রয়টার্স
আউট হয়ে ফিরছেন ক্রিস রজার্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, শন মার্শ ও মাইকেল ক্লার্ক l এএফপি ও রয়টার্স

 স্টুয়ার্ট ব্রড

৯.৩-৫-১৫-৮
ব্রডের ক্যারিয়ার-সেরা বোলিং। আগের সেরা ২০১৩ সালে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ রানে ৭ উইকেট।
টেস্টের প্রথম দিনে লাঞ্চের আগে এই প্রথম কোনো বোলার ৮ উইকেট নিলেন। এর আগে ম্যাচের প্রথম সেশনে সেরা বোলিং ছিল গ্রাহাম ম্যাকেঞ্জির। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ১৯৬৭ সালে মেলবোর্নে ভারতের বিপক্ষে ৩৪ রানে নিয়েছিলেন ৬ উইকেট। ম্যাচ ভেন্যু সাল
৮/৭ জর্জ লোহম্যান ইংল্যান্ড-দ. আফ্রিকা পোর্ট এলিজাবেথ ১৮৯৬
৮/১১ জনি ব্রিগস ইংল্যান্ড-দ. আফ্রিকা কেপটাউন ১৮৮৯
৮/১৫ স্টুয়ার্ট ব্রড ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ট্রেন্ট ব্রিজ ২০১৫
ট্রেন্ট ব্রিজেও সেরা বোলিং এটি। আগের সেরা মুত্তিয়া মুরালিধরনের (৮/৭০), ২০০৬ সালে।
১১৯ বছর পর টেস্টে ২০ রানের কম দিয়ে কেউ ৮ উইকেট পেলেন। ২০ রানের চেয়ে কম খরচে ৮ উইকেটের বেশি পাননি কেউ।
প্রথম ১৯ বলেই ৫ উইকেট নিয়েছেন ব্রড। সবচেয়ে কম বলে প্রথম ৫ উইকেট নেওয়ার রেকর্ডে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার আর্নি টোশাককে (ভারতের বিপক্ষে ১৯৪৭) ছুঁয়েছেন ব্রড।

ব্রডের ৩০০
ফ্রেড ট্রুম্যান, বব উইলিস, ইয়ান বোথাম ও জেমস অ্যান্ডারসনের পর ইংল্যান্ডের পঞ্চম বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেট পেলেন ব্রড।
৮৩তম টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁলেন ব্রড। ইংলিশ পেসারের চেয়ে বেশি ম্যাচ খেলে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন শুধু জহির
খান (৮৯) ও চামিন্ডা ভাস (৯০)।
অস্ট্রেলিয়া ৬০
টেস্টে অস্ট্রেলিয়ার সপ্তম সর্বনিম্ন স্কোর। সর্বনিম্ন
৩৬ রানের ইনিংসটাও ইংল্যান্ডের বিপক্ষে,
১৯০২ সালে এজবাস্টনে।
১৮.৩ ওভার বা ১১১ বলেই অলআউট অস্ট্রেলিয়া। বলের হিসাবে যা টেস্টে সংক্ষিপ্ততম প্রথম ইনিংস। সব মিলিয়ে সপ্তম সংক্ষিপ্ততম। ১৯২৪ সালে এজবাস্টনে দক্ষিণ
আফ্রিকাকে সবচেয়ে কম ১২.৩ ওভারেই অলআউট করেছিল ইংল্যান্ড।
টেস্ট ইতিহাসে চতুর্থবারের মতো কোনো দল প্রথম দিনের লাঞ্চের আগেই অলআউট হলো।
মিস্টার এক্সট্রা
অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ ১৪ রান এসেছে অতিরিক্ত খাত থেকে। এই প্রথম অ্যাশেজে কোনো ইনিংসে সর্বোচ্চ স্কোর ‘মিস্টার এক্সট্রার।