ব্রডের অপেক্ষা, আনসারির শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় শততম টেস্ট খেলা হচ্ছে না স্টুয়ার্ট ব্রডের। এই মাইলফলক ছোঁয়ার অপেক্ষাটা তাঁর বাড়ছেই। ভারত সফরের আগে ব্রডকে বিশ্রাম দিয়েছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। তবে আজ টেস্ট অভিষেক হয়ে যাচ্ছে বাঁহাতি স্পিনার জাফর আনসারির।

দুটি খবরই আগেভাগে দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। অ্যালিস্টার কুক তাই রাখঢাক না রেখে কাল সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন তাঁর দলের সমন্বয়, ‘দল নিয়ে এরই মধ্যে লেখালেখি হয়েছে, মানুষও জেনে গেছে। জাফরের অভিষেক হতে যাচ্ছে। সে খেলবে ব্যাটির (গ্যারেথ) জায়গায় আর ব্রডির (ব্রড) পরিবর্তে খেলবে ফিনি (স্টিভেন ফিন)। জ্যাককেও (বল) একটা টেস্ট খেলাতে পারলে খুশি হতাম। তবে আমাদের মনে হয়েছে ক্রিস ওকস উপমহাদেশে খুব একটা খেলেনি। শেষ ম্যাচেও খুব বেশি বোলিং করেনি। এই কন্ডিশনে অভিজ্ঞতা অর্জনে এই টেস্টটা তার কাজে লাগবে।’

চট্টগ্রামের মতো ঢাকা টেস্টেও বাংলাদেশের বিপক্ষে স্পিন আক্রমণটাও ধারালো রাখতে চায় ইংল্যান্ড। অফ স্পিনার মঈন আলী ও লেগ স্পিনার আদিল রশিদ তো আছেনই। যোগ হচ্ছেন আনসারি। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বেশ ভালো করেছেন সারের এই বাঁহাতি স্পিনার। প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকলেও পরেরটিতে ৬৮ রানে পেয়েছেন ৪ উইকেট।

আনসারির অবশ্য আন্তর্জাতিক অভিষেক গত বছরের মে মাসেই। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ওয়ানডে ম্যাচে ব্যাটিং-বোলিং কোনোটিতেই সুযোগ পাননি। ১৮ ওভার পরেই ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। এক বছর আগে টেস্ট অভিষেকেরও সুযোগ এসে পড়েছিল আনসারির সামনে। কিন্তু আরব আমিরাতে পাকিস্তান সিরিজের দলে যেদিন ডাক পেলেন, সেদিনই আঙুল ভেঙে পড়লেন ছিটকে। ২৪ বছর বয়সী আনসারিকে নিয়ে এবার বেশ আশাবাদী কুক, ‘নেটে দেখেছি, বেশ জোরে ও নিয়ন্ত্রিত বোলিং করতে পারে। ও তো ব্যাটিংয়ে ভালো।’

চট্টগ্রামের মতো ঢাকার উইকেটও স্পিনের দিকেই হাত বাড়ানোর আভাস দিচ্ছে। দলে তিন স্পিনার থাকলেও কুক ইঙ্গিত দিলেন, রিভার্স সুইংকেও তাঁরা কাজে লাগাবেন বড় অস্ত্র হিসেবে, ‘চট্টগ্রামে অসাধারণ একটা টেস্ট হয়েছে, যেখানে বাংলাদেশও দুর্দান্ত খেলেছে। তারা স্পিন খুব ভালো খেলে, স্পিন খেলে খেলেই তারা বেড়ে উঠেছে। আমাদের স্পিনারদের আরও ভালো লেংথে বল করতে হবে। তবে আমরা যেভাবে বল রিভার্স সুইং করিয়েছি, তাতে খুশি।’