ব্রডের মালিকানাধীন পানশালায় আগুন

ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ব্রডের পানশালাছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেন্ট ব্রিজ টেস্ট নিয়ে ব্যস্ত স্টুয়ার্ট ব্রড। নিউজিল্যান্ডের বিপক্ষে নটিংহামে প্রথম দিনটা খুব একটা ভালো কাটেনি এই পেসারের। পুরো দিনে ১৮ ওভার বল করে ৭৪ রান দিয়েও কোনো উইকেট পাননি। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে, রাত্রি শেষে ভোরের দেখা পাওয়ার আগেই পেলেন দুঃসংবাদ। বন্ধুদের সঙ্গে নিয়ে ট্যাপ অ্যান্ড রান নামে একটা পানশালা খুলেছেন। গতকাল রাতে ভয়াবহ আগুনে সেটা পুড়ে গেছে।

নিজের পানশালার সামনে ব্রড
ছবি: ইনস্টাগ্রাম

সাবেক নটিংহাম পেসার হ্যারি গার্নিকে সঙ্গে নিয়ে পানশালা চালু করেছিলেন ব্রড। ২০১৬ সালে ক্যাট অ্যান্ড উইকেটস পাব কোম্পানি খোলায় তাদের সঙ্গী হয়েছিলেন আরেক বন্ধু ও পানশালা চালানোয় অভিজ্ঞ ড্যান ক্র্যাম্প। ২০১৮ সালে চালু করা পাবে গতকাল রাতে হঠাৎ ভয়াবহ আগুন লাগে। রাত ৩টা ২২ মিনিটে নটিংহামশায়ার ও লেস্টারশায়ারের সীমানায় আপার ব্রটন গ্রামে অবস্থিত ট্যাপ অ্যান্ড রানে আগুন লাগার খবর মেলে। বলা হয়েছে, আগুনে পানশালার দ্বিতীয় তলা ও ছাদই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুন নেভাতে নটিংহামশায়ার ও লেস্টারশায়ারের আটটি ইউনিট কাজ করেছে। আগুনের জন্য পাশের এ সিক্স জিরো সিক্স আপার ব্রটন সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা নটিংহামশায়ারের আগুন ও উদ্ধার বিভাগের স্টেশন ম্যানেজার জোনাথন উইলসন বলেছেন, ‘আমরা সবাই এই ভবনের সামনে একত্র হয়েছি। এখানে আমাদের আটটি ইউনিট এসেছে। সাহায্য করার জন্য এয়ার ল্যাডার প্ল্যাটফর্মও ছিল। ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু ভবনটি বেশ খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

পানশালার ছাদ একদম পুরোপুরি ধ্বংস হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।