ব্রডের সেরা স্টেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মুহূর্তে তিনিই টেস্ট ক্রিকেটের সেরা বোলার। অন্তত আইসিসির র্যাঙ্কিং বলছে যে, স্টুয়ার্ট ব্রড সবার ওপরে। কিন্তু সমকালীন বোলারদের মধ্যেও কি তিনিই সেরা? ব্রড নিজে কিন্তু সেটি মনে করেন না। ইংলিশ এই ফাস্ট বোলারের মতে, তাঁর প্রজন্মের সেরা ফাস্ট বোলার আসলে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।
এখন র্যাঙ্কিংয়ের চারে আছেন। তবে গত বছর ৭ ডিসেম্বর প্রকাশিত র্যাঙ্কিংয়েও শীর্ষে ছিলেন স্টেইন। তারপর হঠাৎই যেন একটা দমকা হাওয়ায় এলোমেলো হয়ে গেল স্টেইনের জগৎটা। চোট তাঁর পিছু নিল দুষ্টগ্রহের মতো। ভারতে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ছায়া হয়ে থাকলেন প্রোটিয়া পেসার। এখন আইপিএলেই দর্শক হয়ে দেখেন অন্যের বোলিং। গুজরাট লায়ন্সের হয়ে খেলেছেন মাত্র একটি ম্যাচ!
তবে ব্রড এই সময়ের স্টেইনকে তো বিচার করেন না। তাঁর কাছে প্রোটিয়া পেসারের উজ্জ্বল অতীতটাই বিচার্য। আর তাতে স্টেইন সম্পর্কে ব্রডের যে মুগ্ধতা, তাতে বিস্ময়ের কিছু নেই। আরও অনেকেই হয়তো একমত হবেন। ৮২ টেস্টে ২২.৫৩ গড়ে ৪০৬ উইকেট স্টেইনের। টেস্টে তিন শর বেশি উইকেট পেয়েছেন এমন বোলারদের মধ্যে তাঁর চেয়ে কম গড় শুধু সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার ম্যালকম মার্শাল (৩৭৬ উইকেট, গড় ২০.৯৪), কার্টলি অ্যামব্রোস (৪০৫ উইকেট, গড় ২০.৯৯), ইংল্যান্ডের ফ্রেড ট্র্যুম্যান (৩০৭ উইকেট, গড় ২১.৫৭), অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা (৫৬৩ উইকেট, গড় ২১.৬৪), দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড (৩৩০ উইকেট, গড় ২২.২৫) ও নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলির (৪৩১ উইকেট, গড় ২২.২৯)। বোঝাই যাচ্ছে, এরই মধ্যে কিংবদন্তিদের কাতারে চলে গেছেন স্টেইন। সমকালীন বোলারদের মধ্যে কারও গড়ই তাঁর চেয়ে ভালো নয়।
৯১ টেস্টে ২৮.৬৬ গড়ে ৩৩৩ উইকেট পাওয়া ব্রডও তাই মেনে নিচ্ছেন স্টেইনের শ্রেষ্ঠত্ব, ‘র্যাঙ্কিংয়ের কথা যদি বলেন, আমি তো এখানে সব সময় থাকব না। আমি তাই বলছি না যে, আমি স্টেইনের চেয়ে ভালো। আমি আগেই বলেছি, আমাদের প্রজন্মের সেরা বোলার স্টেইন।’
এক নম্বর র্যাঙ্কিং নিয়ে খুব বেশি খুশি না হয়ে তাই ব্রড দলের জয়ে অবদান রাখার দিকেই আরও বেশি মনোযোগী হতে চান, ‘আমি চাই টপ অর্ডারের উইকেট নিতে, দলকে জেতাতে। আপনি যখন ক্যারিয়ার শেষ করবেন, তখন র্যাঙ্কিং কী ছিল সেটা মনে থাকবে না। কয়টা টেস্ট জিতেছেন, কয়টা উইকেট দলকে জিতিয়েছে, এটা মনে থাকবে।’ এএফপি।