ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন কোচ হলেন না পেলে, মিলল সেই উত্তর। ফাইল ছবি
কেন কোচ হলেন না পেলে, মিলল সেই উত্তর। ফাইল ছবি

সর্বকালের সেরা ফুটবলার তিনি। সর্বকালের সেরা ফুটবল মস্তিষ্কটাও নিশ্চয়ই তাঁর। কিন্তু সেই পেলে খেলা ছাড়ার পর কেন কোচ হলেন না, এ নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। এমন তো নয় সেরা খেলোয়াড়দের কোচ হিসেবে সফল না-হওয়ার নজির নেই। ইয়োহান ক্রুইফ তো কোচ হিসেবেই বরং বেশি সফল ছিলেন। কিন্তু সেই পথে কেন হাঁটলেন না পেলে?
এই প্রশ্নের উত্তর পাওয়া গেল। খেলোয়াড় হিসেবে নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন, নিজের যে একটা ভাবমূর্তি গড়ে তুলেছেন, সেটাকে ঝুঁকির মধ্যে না ফেলাতেই পেলের এই সিদ্ধান্ত। ব্রাজিল কিংবদন্তি যে কোচ হওয়ার প্রস্তাব পাননি, তা নয়। বরং অজস্রবার পেয়েছেন। এমনকি গত বিশ্বকাপে ব্রাজিলের ৭-১ গোলের বিভীষিকার পরও নাকি তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার। কিন্তু পেলে রাজি হননি।
খেলোয়াড় হিসেবে তিনবার বিশ্বকাপ জেতা পেলে বলেছেন, ‘প্রস্তাব পাওয়াটা আমার জন্য ছিল সম্মানের। কারণ ব্রাজিলের মানুষ আমার ওপর আস্থা দেখিয়েছে। কিন্তু এই ঝুঁকিটা আমি নিতে পারি না। আসলে শুধু ব্রাজিল দলের কোচ হওয়ার প্রস্তাব নয়, প্রতি সপ্তাহেই বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসে।’
কিন্তু সেসব প্রস্তাব দিয়ে লাভ হবে না। কোচিং যে করাবেন না, এই স্থির সিদ্ধান্ত পেলে অনেক আগেই নিয়ে রেখেছিলেন। কারণও আছে। ফুটবলে কোচদের সব সময়ই বলির পাঁঠা যে বানানো হয়। পেলে বলেছেন, ‘দল সফল না হলে কোচের কী দোষ বলুন। খেলোয়াড়েরাই তো নির্দেশনা মানতে ব্যর্থ হয়। কিন্তু দলের পরাজয়ের জন্য সব সময় কোচকেই দোষী করা হয়।’
ব্রাজিল দলের কোচ না হলেও দলের প্রতি তাঁর পরামর্শ বা নির্দেশনার অভাব নেই। বিশ্বকাপের আগে থেকে যে কথাটা বলে আসছিলেন, সেটাই বললেন আরও একবার। ব্রাজিলের এই দলটা অতিমাত্রায় নেইমারনির্ভর। বিশ্বকাপের পরও দৃশ্যটা পাল্টায়নি বলে মনে করছেন তিনি। সবাইকে এক হয়ে একটা দল হিসেবে খেলার পরামর্শ তাঁর।