ব্রাডম্যানকে 'দেখছেন' সাঙ্গাকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঙ্গাকার ছুঁয়েছেন দশম ডাবল সেঞ্চুরি। সামনে কেবল স্যার ব্রাডম্যান। ছবি: রয়টার্স
সাঙ্গাকার ছুঁয়েছেন দশম ডাবল সেঞ্চুরি। সামনে কেবল স্যার ব্রাডম্যান। ছবি: রয়টার্স

জগতের অমোঘ নিয়মে সবকিছুরই বৃদ্ধি একটা সময় থেমে যায়। কিন্তু কুমার সাঙ্গাকারার রানক্ষুধাটা বোধ হয় থামার নয়! বরং বাড়ছে দিনে দিনে, ক্যারিয়ারের এ গোধূলিবেলায় এসেও! গল টেস্টের তৃতীয় দিনই তাঁর ব্যাট চওড়া হয়ে উঠেছিল। তুলে নিয়েছিলেন ৩৭তম সেঞ্চুরি (পাকিস্তানের বিপক্ষে দশম, এ বছর চতুর্থ)। চতুর্থ দিনে এসে ছুঁলেন দশম ডাবল সেঞ্চুরি। ১২টি ডাবল সেঞ্চুরি নিয়ে সাঙ্গাকারার সামনে কেবল স্যার ডন ব্রাডম্যান।

৩৬ বছর বয়সী বাঁ-হাতি যেভাবে ছুটছেন, স্যার ব্রাডম্যানের রেকর্ড কতদিন অক্ষত থাকে, সেটিই দেখার। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ ওভারে ১ উইকেটে ৪ রান তুলেছে পাকিস্তান। ৩ রানে ফিরে গেছেন ওপেনার খুররাম মঞ্জুর।

সাঙ্গাকারাময় দিনে ৮২ রানের লিডে ৯ উইকেটে ৫৩৩ রানে ইনিংস ঘোষণা করল শ্রীলঙ্কা। ৫ উইকেট নিয়ে পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল সাঈদ আজমল।  

আগের দিন ২ উইকেটে ২৫২ রানের সঙ্গে আজ অবশিষ্ট ৭ উইকেটে ২৮১ রান যোগ করল শ্রীলঙ্কা। দিনের শুরুতেই জুনায়েদ খানের বলে এলবিডব্লু হয়ে ৫৯ রানে ফিরে যান শেষ টেস্ট সিরিজ খেলা মাহেলা জয়াবর্ধনে। এরপর সাঙ্গাকারা ও অ্যাঞ্জেলো ম্যাথুসের চতুর্থ উইকেট জুটিতে এল ১৮১। নড়বড়ে নব্বইয়ে কাটা পড়া যেন ম্যাথুসের নিয়তি! এ নিয়ে গত আট মাসে পাকিস্তানের বিপক্ষেই তিনবার ৯১ রানে আউট হলেন লঙ্কান অধিনায়ক। ম্যাথুস ফিরে গেলেও কার্যসিদ্ধি করেছেন সাঙ্গাকারা। দুই বছর আগে এ মাঠেই পাকিস্তানের বিপক্ষে সঙ্গীর অভাবে মাত্র এক রানের জন্য ডাবল সেঞ্চুরিটি পাননি। বকেয়া সেই ডাবল সেঞ্চুরিটাই যেন তুলে নিলেন আজ। সূত্র: ক্রিকইনফো ও টেনক্রিকেট।