ব্রাদার্সকে কলাবাগানের জয় উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* আপনার রানআউটই তাহলে ম্যাচের টার্নিং পয়েন্ট?
—হ্যাঁ। কারণ, ওই সময় আমাদের হাতে উইকেট ও বল দুটিই ছিল।
* ব্রাদার্সকে জয় ‘উপহার’ দিল কলাবাগান?

সেঞ্চুরি করেও মুখে হাসি নেই মাসাকাদজার l প্রথম আলো
সেঞ্চুরি করেও মুখে হাসি নেই মাসাকাদজার l প্রথম আলো

খানিক নিশ্চুপ হ্যামিল্টন মাসাকাদজার কণ্ঠে পরে ভর করল হতাশা, ‘আমাকে একটু একা থাকতে দিন, ভাই।’ তাঁর এই হতাশা ছুঁয়েছে পুরো দলকেই। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অভিব্যক্তি যেন বলছিল, ‘এভাবেও হারা যায়!’
কাল বিকেএসপিতে ব্রাদার্সের বিপক্ষে একটা সময় কলাবাগান ক্রীড়াচক্রের দরকার ছিল ২৪ বলে ২২ রান, হাতে ৬ উইকেট। সমাপ্তিরেখা ছুঁয়ে ফেলতে উইকেটে থাকা মাশরাফি ও সেঞ্চুরিয়ান মাসাকাদজাই তো যথেষ্ট। আসিফ হাসানের বলে ফ্লিক করতে গিয়ে মাশরাফি তাঁকে ফিরতি ক্যাচ দিলে ভরসা ছিলেন মাসাকাদজা। সমীকরণটা পরে নেমে আসে ২১ বলে ২০ রানে। আসিফের বল শর্ট মিড অনে ঠেলেই ১ রানের কল দিয়ে শরীফুল্লাহ যখন মাসাকাদজাকে ফিরিয়ে দিলেন, জিম্বাবুইয়ান ব্যাটসম্যান চলে গেছেন অর্ধেক পিচে। ইমরুল কায়েসের থ্রোয়ে রানআউট মাসাকাদজা। ১১১ রানেই (১০৫ বলে) থেমে গেল তাঁর অনবদ্য ইনিংসটি। দলও তখন ভীষণ বিপাকে।
পরের ১৪ বলে আরও ২ উইকেট পড়লেও কলাবাগানের আশার সলতে টিম টিম করে জ্বলছিল আবদুর রাজ্জাক উইকেটে থাকায়। শেষ ওভারে তাঁদের দরকার ১০ রান। ওভারটি করতে অফ স্পিনার সাদিকুর রহমানের হাতে বল তুলে দিলেন ব্রাদার্স অধিনায়ক তুষার ইমরান। প্রথম দুই বলেই শেষ ২ উইকেট হারিয়ে কলাবাগান হারল ৯ রানে।
ব্রাদার্স করেছিল ২৬২ রান, যাতে ইমরুল ও তুষারের দুই ফিফটিরই বড় অবদান। সেটি তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৫৬ রান তোলার পর মাসকাদজা করেন দুর্দান্ত সেঞ্চুরি। ৬১, ১১৫, ৪০, ৪৫-এর পর কালও জ্বলে উঠলেন কলাবাগানের জিম্বাবুইয়ান ব্যাটসম্যান। নাবিল সামাদকে দারুণ এক রিভার্স সুইপে হাফ সেঞ্চুরি (৬০ বলে) পূর্ণ করেন, একই বোলারকে একই শট খেলে ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক (৯৭ বলে)।
কাল রাতেই দেশে ফিরে যাওয়ার কথা মাসাকাদজার। জয়ের আনন্দ নিয়েই নিশ্চয় ফিরতে চেয়েছিলেন। সেটি হতে দিল না ওই রানআউট। হাতে ৭ উইকেট, ৩০ বলে দরকার ২৫ রান—ম্যাচ কলাবাগানের দিকেই হেলে ছিল। ব্রাদার্স অধিনায়ক তুষারই তো জয়ের আশা করেননি, ‘আমি তো ভাবতেই পারিনি এই ম্যাচ জিতব। কারণ ওই সময় উইকেটে মাসাকাদজা ছিল।’
ম্যাচের শেষের দিকে আকাশে জমে ওঠা কালো মেঘের মতোই কলাবাগানের খেলোয়াড়দের মুখগুলো ছেয়ে গেল অন্ধকারে। জিততে পারলে পয়েন্ট টেবিলে ১০ থেকে তারা উঠে আসতে পারত সাতে। খানিকটা উজ্জ্বল হতো সুপার লিগে ওঠার সম্ভাবনা।
ঠিক বিপরীত অবস্থান ব্রাদার্সের। এই জয়ে টিকে রইল তাদের সুপার লিগের আশা।

সংক্ষিপ্ত স্কোর
ব্রাদার্স: ৪৯.৩ ওভারে ২৬২ (ইমরুল ৬৭, তুষার ৭৭; সাব্বির ২/১৮, শরীফুল্লাহ ২/২৮, মাসাকাদজা ২/৪৩)।
কলাবাগান ক্রীড়াচক্র: ৪৯.২ ওভারে ২৫৩ (মাসাকাদজা ১১১, তাসামুল ৪৫, সাদমান ৩০, জসিমুদ্দিন ৩০; নাবিল ৪৭/৪, সাদিকুর ২/২৩)।
ফল: ব্রাদার্স ৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: হ্যামিল্টন মাসাকাদজা।