ব্রাদার্সের আস্থা তুষার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচণ্ড গরমে গলা শুকিয়ে কাঠ! কাল শেরেবাংলা স্টেডিয়ামে পানিপানের বিরতিতে গলা ভিজিয়ে নিচ্ছেন ব্রাদার্সের শন উইলিয়ামস। এবার ঢাকা প্রিমিয়ার লিগে প্রতিটি ম্যাচেই একই চিত্র। সময়ের সঙ্গে প্রতিপক্ষ বদলালেও বদলাচ্ছে না আবহাওয়া! l শামসুল হক
প্রচণ্ড গরমে গলা শুকিয়ে কাঠ! কাল শেরেবাংলা স্টেডিয়ামে পানিপানের বিরতিতে গলা ভিজিয়ে নিচ্ছেন ব্রাদার্সের শন উইলিয়ামস। এবার ঢাকা প্রিমিয়ার লিগে প্রতিটি ম্যাচেই একই চিত্র। সময়ের সঙ্গে প্রতিপক্ষ বদলালেও বদলাচ্ছে না আবহাওয়া! l শামসুল হক

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়নি। ব্রাদার্সের খেলোয়াড়েরা এক জায়গায় বৃত্তাকারে দাঁড়িয়ে। সেখানে অবশ্য তুষার ইমরান নেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ৬ উইকেটের জয় নিশ্চিত করে তিনি মাত্রই ফিরেছেন ড্রেসিংরুমে।
‘তুষারকে ডাকো’—জটলা থেকে কেউ একজন বললেন। তাতেই ইঙ্গিত পাওয়া গেল ব্রাদার্সের অভিজ্ঞ ব্যাটসম্যানের হাতেই উঠতে যাচ্ছে ম্যাচসেরার পুরস্কার। ১৩৪ লিস্ট ‘এ’ ম্যাচ খেলা তুষার সর্বশেষ ম্যাচসেরা হয়েছেন কবে? খোদ তুষারেরই স্মৃতির পাতায় ধুলো পড়েছে, ‘উম...গত বছর হয়নি। তার আগের বছর? না, তাও মনে পড়ছে না। হয়নি বোধ হয়। হলে নিশ্চয়ই মনে পড়ত।’
বিরাট সম্ভাবনা জাগিয়েই তুষার এসেছিলেন বাংলাদেশের ক্রিকেটে। শুরুটাও হয়েছিল বেশ। প্রথম পাঁচ ওয়ানডেতে তাঁর গড় ছিল ৪০-এর কাছাকাছি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের পিচ্ছিল পথে হাঁটতে পারেননি ঠিকমতো। বারবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ৫ টেস্ট ও ৪১ ওয়ানডে খেলা তুষার। গত নয় বছর তাঁর ক্যারিয়ার সীমাবদ্ধ হয়ে গেছে ঘরোয়া ক্রিকেটেই। সেখানে অবশ্য তাঁর বিচরণ যথেষ্টই উজ্জ্বল। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে করেছেন ৮০০০-এর বেশি রান।
এবার ঢাকা লিগে প্রথম ম্যাচে ব্রাদার্সের অধিনায়ক ছিলেন শাহরীয়ার নাফিস। কালকের ম্যাচে অধিনায়কত্বের গুরুভার তুলে দেওয়া হয় তুষারের কাঁধে। আগামী ম্যাচেও কি আপনিই অধিনায়ক? বিষয়টি তুষারের হাতে নয়, ‘এই মুহূর্তে বলতে পারছি না। টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে।’
অধিনায়কত্ব পেয়ে কাল ২২ গজে অসাধারণ দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন তুষার। কলাবাগান একাডেমির দেওয়া ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭২ রানে ৩ উইকেট পড়ে যায় ব্রাদার্সের। ওই অবস্থায় শন উইলিয়ামসের সঙ্গে চতুর্থ উইকেট-জুটিতে তুলেছেন ১২৫ রান। উইলিয়ামস ৭০ রানে আউট হলেও তুষার অপরাজিত থাকেন ৬৭ রান করে।
শেরেবাংলা স্টেডিয়ামের ব্যাটিং উইকেট কাজে লাগাতে পারেনি প্রথমে ব্যাট করা কলাবাগান একাডেমি। টপ অর্ডার ব্যাটসম্যানরা উইকেট ছুড়ে দিয়ে এসেছেন থিতু হয়ে। বেশ কবার বড় জুটি গড়ে ওঠার ইঙ্গিত মিললেও তা হয়নি। ৭ উইকেটে টেনেটুনে ২১৩ করলেও তা যে যথেষ্ট ছিল না, পরে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে শক্তিমত্তায় এগিয়ে থাকা ব্রাদার্স।