ব্রাফেট-জনসনকে ফিরিয়ে কিছুটা স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫০০তম টেস্ট তাহলে একটা সংখ্যা ছাড়া আর কিছুই নয়! এ জন্যই কি ম্যাচটি মাঠে গড়ানোর আগে তেমন কোনো আয়োজন রাখল না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড?
আগের দিন টেন স্পোর্টস কার্টলি অ্যামব্রোস, রিচি রিচার্ডসনের বক্তব্য নিল। বাংলাদেশের সাংবাদিকেরা নিলেন রিচি রিচার্ডসনের সাক্ষাৎকার। এর বাইরে ম্যাচের আগে দু-দলের গ্রুপ ছবি তোলা আর বাংলাদেশ দলের পক্ষ থেকে ওয়েস্ট ইন্ডিজ দলকে স্মারক উপহার দেওয়া ছাড়া কাল ৫০০তম টেস্ট নিয়ে আর কিছুই চোখে পড়ল না।
সেন্ট লুসিয়ায় এ নিয়ে তেমন কোনো প্রচারণাও নেই। ক্রিকেটের খোঁজখবর রাখেন—স্থানীয় এমন কেউ কেউ বাংলাদেশের সাংবাদিকদের কাছ থেকেই প্রথম জানলেন, এই টেস্টটা ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম। মাইলফলক ছোঁয়ার উপলক্ষ এমন নীরবে-নিভৃতে এলে গ্যালারির বেশির ভাগ অংশ ফাঁকা থাকাই স্বাভাবিক। বোশেজো স্টেডিয়ামেও এর ব্যতিক্রম ঘটল না। একটা টিকিট কিনলে আরেকটা ফ্রি—৫০০তম টেস্ট উপলক্ষে দেওয়া এমন লোভনীয় ‘অফার’ও খুব কম মানুষকেই মাঠে টানল।
৫০০তম টেস্ট দর্শক টানতে ব্যর্থ হলেও দুই ওপেনার ক্রেইগ ব্রাফেট আর লিওন জনসন যতক্ষণ উইকেটে ছিলেন, বোঝা যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ দল টেস্টটাকে আসলেই স্মরণীয় করে রাখতে চাচ্ছে। অবশ্য লাঞ্চ আর চা-বিরতির মাঝের সেশনে ফিরে গেছেন দুই ওপেনারই। এ প্রতিবেদন লেখার সময় চা-বিরতি চলছিল। ওই দুই উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের রান ১৫৩। অবশ্য সময়মতো রিভিউ চাইলে তাইজুলের বলে এলবিডব্লুর সিদ্ধান্তটা এড়াতেও পারতেন অভিষিক্ত জনসন। রিভিউ চাইতে হয় আম্পায়ার সিদ্ধান্ত জানানোর ১৫ সেকেন্ডের মধ্যে। কিন্তু সঙ্গী ব্যাটসম্যান কার্ক এডওয়ার্ডসের সঙ্গে পরামর্শ করতে গিয়ে দেরি করে ফেলেন জনসন। রিভিউ চেয়েও তাই পাননি। পরে টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে জনসন এলবিডব্লু ছিলেন না। জনসনের প্যাডে না লাগলে অফ স্টাম্পের বাইরে পড়া বলটা টার্ন করে লেগ স্টাম্পের বাইরে দিয়ে চলে যেত।
প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান ব্রাফেটের সঙ্গে তরুণ জনসনের উদ্বোধনী জুটি অবশ্য খারাপ দাঁড়ায়নি। ফিফটি করেছেন দুজনই, জনসন ৬৬ ও ব্রাফেট ৬৩। তাঁদের ১৪৩ রানের জুটি দেখে তো মনে হচ্ছিল, টসে জিতে ফিল্ডিং নিয়ে আবারও বুঝি আত্মঘাতী সিদ্ধান্তই নিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম! শেষ পর্যন্ত সেটাই প্রমাণিত হয় কি না কে জানে, তবে প্রথম দিন চা-বিরতির আগে দুই ওপেনারকে তুলে নিয়ে এ প্রতিবেদন লেখার সময় কিছুটা হলেও স্বস্তিতে বাংলাদেশ দল। শফিউলের বলে ব্রাফেট পয়েন্টে তাইজুলের হাতে ক্যাচ দিলে ভাঙে উদ্বোধনী জুটি। স্কোরবোর্ডে আর ২ রান যোগ হতেই জনসনের ওই ‘দুর্ভাগ্যজনক’ আউট। ব্যক্তিগত ৫ রানের সময় আউটের সুযোগ দিয়েছিলেন এডওয়ার্ডসও। কিন্তু চা-বিরতির এক ওভার আগে শফিউলের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে তাঁর ক্যাচটা রাখতে পারেননি তাইজুল।
এই টেস্টে টসে জিতে ফিল্ডিং নেওয়ার কারণ মূলত উইকেটে থাকা ঘাসের ছোঁয়া। লাঞ্চের আগ পর্যন্ত বাংলাদেশি বোলারদের খেলতে বেশ সতর্ক দেখা গেল ক্যারিবীয় ওপেনারদের। উইকেট ফেলতে না পারলেও রানের দিক দিয়ে আটকে রাখা যাচ্ছিল ব্রাফেট আর জনসনকে। প্রথম এক ঘণ্টায় ১৪ ওভারে রান হয়েছে মাত্র ৩৫। আল আমিনের করা ইনিংসের প্রথম বল থেকেই এল বাই চার রান, বাই চার রান হয়েছে আরও একবার। কিন্তু প্রথম ঘণ্টায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের ব্যাট থেকে কোনো বাউন্ডারি আসেনি।
বোশেজো স্টেডিয়ামের ইতিহাস বলে, এ মাঠের উইকেট এমনই ব্যাটিং-বান্ধব যে এখানে টেস্ট ম্যাচ কখনো জয়-পরাজয় দেখে না। ২০০৪ সালে বাংলাদেশের ম্যাচটিসহ এখানে এর আগে যে তিনটি টেস্ট হয়েছে, ড্র হয়েছে সবগুলোই। অবশ্য বোশেজোতে সর্বশেষ টেস্ট হয়েছে ২০০৬ সালে। মাঝে ২০০৮ সালে পুরোনো উইকেট খুঁড়ে নতুন উইকেট বানানো হয় এবং এটি নাকি কিছুটা পেস-বান্ধব। বাংলাদেশ দলও এই টেস্টটা খেলছে তিন পেসার নিয়ে—আল আমিন, শফিউল ইসলাম ও রবিউল ইসলাম। দিনের শুরুর দিকে উইকেট থেকে সুবিধাও আদায় করে নিয়েছেন তাঁরা। রবিউল এসেছেন শুভাগত হোমের জায়গায়। ঘাড়ের ব্যথার কারণে রুবেলকে বিশ্রাম দিয়ে নামানো হয়েছে শফিউলকে। এ ছাড়া অসুস্থ ইমরুল কায়েসের জায়গায় দলে আছেন ব্যাটসম্যান এনামুল হকও (বিজয়)।

সর্বশেষ

ব্রাভো ব্যাট করছেন ৪৪ রানে, চন্দরপল উইকেটে আছেন ৩৪ রান নিয়ে। প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ করেছে ৩ উইকেটে ২৪৬ রান।