ব্রাফেট-হোপের ব্যাটে উইন্ডিজের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম টেস্টে তিন দিনের মধ্যে ইনিংস ব্যবধানে হার। চারদিক থেকে ছুটে আসা সমালোচনার তিরে জেরবার হয়েছে ওয়েস্ট ইন্ডিজের তরুণ দলটি। তবে হেডিংলিতে সমালোচনার জবাবটা ভালোই দিচ্ছে তারা।

বল হাতে জ্বলে উঠেছিলেন শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচ। চারটি করে উইকেট নিয়ে ইংল্যান্ডকে অলআউট করে দিয়েছিলেন ২৫৮ রানে। এবার ব্যাট হাতে জবাব দিচ্ছেন ক্রেইগ ব্রাফেট ও শাই হোপ। দুজনেই করেছেন সেঞ্চুরি। ৫ উইকেটে ৩২৯ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৩৪ রান করে আউট হয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পাওয়া ব্রাফেট। ২৪৯ বলের ইনিংসটিতে ১৭টি চার ও দুটি ছয়। দ্বিতীয় ছয়টি মেরেই ৯৬ থেকে পৌঁছে গেছেন তিন অঙ্কে। হোপের সঙ্গে চতুর্থ উইকেটে গড়েছেন ২৪৫ রানের জুটি। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা হোপ উইকেটে আছেন ১৪৭ রান করে। তাঁর সঙ্গী জারমেইন ব্ল্যাকউডের রান ২১। তথ্যসূত্র: স্টার স্পোর্টস।