২৫০ পেরুল উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেইল-ব্রাফেটের জুটি ভালোই ভুগিয়েছে বাংলাদেশকে। ছবি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড
গেইল-ব্রাফেটের জুটি ভালোই ভুগিয়েছে বাংলাদেশকে। ছবি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড

টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠালেন মুশফিকুর রহিম। আর সেই সুযোগটা ভালোই কাজে লাগালেন ক্রেগ ব্রাফেট ও ক্রিস গেইল। ব্রাফেট পেলেন সেঞ্চুরি। সেন্ট ভিনসেন্ট টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮৫ ওভারে ৩ উইকেটে ২৬১ রান। ক্রেগ ব্রাফেট ১২১ রানে উইকেটে, সঙ্গে আছেন ১ রানে অপরাজিত শিবনারায়ণ চন্দরপল।

বাংলাদেশের দুই অভিষিক্ত বোলার শুভাগত হোম একটি ও তাইজুল ইসলাম নিয়েছেন দুই উইকেট।

শুভাগত আর সোহাগ গাজীর মধ্যে কি অদ্ভুত মিল! বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠায় ক্যারিবীয় সফরের মাঝপথেই দেশে ফিরেছেন সোহাগ। এতে টেস্ট দলে সুযোগ পাওয়ার পথ প্রশস্ত হয়েছে শুভাগত হোমের। আর অভিষেকেই তুলে নিলেন ক্রিস গেইলের উইকেটটি। ঠিক দুই বছর আগে সোহাগের টেস্ট অভিষেকে প্রথম উইকেটটি ছিল গেইল!

ফেরার আগে গেইল করেছেন ৬৪। অবশ্য বাঁহাতি ওপেনারকে আউট করতে রিভিউ নিতে হয়েছে বাংলাদেশকে। টিভি রিপ্লেতে দেখা গিয়েছে গেইল পরিষ্কার এলবিডব্লিউ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেটটি নিয়েছেন আরেক অভিষিক্ত স্পিনার তাইজুল। কার্ক এডওয়ার্ডসকে ১০ রানে ফিরিয়েছেন তাইজুল। ড্যারেন ব্রাভোকেও (৬২ রান) ফিরিয়েছেন এই স্পিনার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্ট টেস্টে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত অবশ্য অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি বাংলাদেশের বোলাররা। দুই ওপেনার ক্রিস গেইল ও ক্রেগ ব্রাফেটের সাবলীল ব্যাটিংয়ে ওই সেশনে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১০৩।

১৮ ওভারের শেষ বলে অল্পের জন্য রানআউট থেকে বেঁচে যান গেইল। অবশ্য টিভি রিপ্লেতে দেখার পরও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকতে পারে। এরপর ২২তম ওভারে বোলার রুবেল হোসেনের হাতেই ক্যাচ তুলে দিয়েছিলেন গেইল। রুবেল সেটি তালুবন্দী করতে পারেননি।