ব্রাভো এবার নাচের মঞ্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার নাচের রিয়েলিটি শোতে ডোয়াইন ব্রাভো। ছবি: এএফপি।
এবার নাচের রিয়েলিটি শোতে ডোয়াইন ব্রাভো। ছবি: এএফপি।

‘চ্যাম্পিয়ন’ গানটির অভূতপূর্ব জনপ্রিয়তাই বোধ হয় সাহস বাড়িয়ে দিয়েছে ডোয়াইন ব্রাভোর। ক্রিকেটার হিসেবে তো আগেই সফল, এবার শোবিজ জগতে নিজের ভাগ্য পরীক্ষায় নামতে চাইছেন এই ক্যারিবীয় ক্রিকেটার।

ভারতে একটি টেলিভিশনের নাচের অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন ব্রাভো। বিবিসি টেলিভিশনের রিয়েলিটি শো ‘স্ট্রিক্টলি কাম ড্যান্সিং’-এর ভারতীয় সংস্করণে অংশ নেবেন তিনি। ‘ভিন্ন কিছু’র অভিজ্ঞতা নিতেই নাকি এই নাচের প্রতিযোগিতায় নামছেন তিনি। বিবিসির এই অনুষ্ঠানে ২০০৫ সালে জয়ী হয়েছিলেন সাবেক ইংলিশ পেসার ড্যারেন গফ।

নাচ নিয়ে তাঁর বিশেষ কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন ব্রাভো, ‘এটা পুরোপুরি মজা করার জন্য। আমি এটা উপভোগ করতে চাই। এই অনুষ্ঠানে অংশ নিতে পারা আমার জন্য বিশেষ কিছু।’

কিছুদিন আগেই পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে ছিলেন তিনি। খুব ভালো করতে পারেননি। তবে গত মার্চে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল তাঁর। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই তাঁর ‘চ্যাম্পিয়ন’ গানটি বিপুল জনপ্রিয়তা অর্জন করে। ইউটিউবে ‘চ্যাম্পিয়ন’ গানটি উপভোগ করেছেন ৯ লাখ ৩২ হাজার ৫৭৩ জন।

নাচের অনুষ্ঠান তাঁর ক্রিকেট ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করবে কি না, এমন শঙ্কা উড়িয়ে দিয়েছেন ব্রাভো, ‘বর্তমান দুনিয়ায় ক্রিকেট আর বিনোদনের মধ্যে কোনো পার্থক্য নেই। নাচটা অবশ্য ক্রিকেটের চেয়ে কঠিন।’

গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ব্রাভো। এই মুহূর্তে তাঁর সব মনোযোগ টি-টোয়েন্টিতে। আইপিএল, সিপিএল, বিগব্যাশসহ পৃথিবীর অনেক ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগেই নিয়মিত মুখ ব্রাভো। সূত্র: এএফপি।