ব্রাভো-বিভ্রাট!
বেচারা সাঈদ আজমল। একে তো পাকিস্তান দলে অনেক দিন ধরেই ব্রাত্য। তার ওপর দলের ম্যাচ নিয়ে নিজের আবেগ জানাতে গিয়ে এমন বিপাকে পড়বেন ৩৯ বছর বয়সী অফ স্পিনার, তা কে জানত! একজনকে টুইট করতে গিয়ে করেছেন আরেকজনকে।
দুবাইয়ে দিবারাত্রির টেস্টে পাকিস্তান ৫৬ রানে জিতলেও তার আগে ক্যারিবীয়দের হয়ে লড়াই চালিয়ে গেছেন ড্যারেন ব্রাভো। দুর্দান্ত সেঞ্চুরির পর আউট হয়ে মাঠ ছাড়ার সময় পাকিস্তানের খেলোয়াড়েরাই তাঁকে অভিবাদন জানিয়েছেন। ম্যাচের পর আজমলও টুইটারে প্রশংসা করেছেন ব্রাভোর, ‘পুরো থ্রিলার! কে বলে টেস্ট ক্রিকেট তার রোমাঞ্চ হারিয়েছে! পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সবাইকে বিনোদিত করেছে। টিম পাকিস্তান, দুর্দান্ত করেছ। (একটি টুইটার অ্যাকাউন্টকে ট্যাগ করে) ব্রাভো, অসাধারণ লড়েছ!’
ঝামেলাটা হলো, আজমল যে ব্রাভোকে টুইটে ট্যাগ করেছেন, তিনি ড্যারেন নন, ডোয়াইন ব্রাভো! সেঞ্চুরি তো দূরে থাক, ডোয়াইন ব্রাভো দলেই নেই। জি নিউজ।