ব্রাভো-পোলার্ডকে ছাড়াই উইন্ডিজ!
বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের ‘শাস্তি’ পেতে চলেছেন ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ড৷ এই দুই সিনিয়র খেলোয়াড়কে বাদ দিয়েই নাকি বিশ্বকাপে দল পাঠাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। যদিও বিশ্বকাপে চূড়ান্ত দলের নাম এখনো প্রকাশ করেনি ডব্লুআইসিবি। তবে টুইটারে এই তথ্য ফাঁস করেছেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার দীননাথ রামনারায়ণ। লিখেছেন, ‘ব্রাভো ও পোলার্ড যে দলে থাকছেন না, এটা এখন নিশ্চিত।’ পরে টুইটারে তাঁর অনুসারীরা তথ্যের সূত্র জানতে চাইলে তিনি জবাব দেন, ‘সূত্র আমি প্রকাশ করব না। তবে সংবাদটা সত্য, তা আমি শতভাগ নিশ্চিত।’ ক্রিকইনফোর পক্ষ থেকে পরে এ ব্যাপারে ডব্লুআইসিবির প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। তারা বলেছে, ‘এ বিষয়টি আমরা স্বীকারও করব না, আবার অস্বীকারও করব না।’
কখন বিশ্বকাপের দল ঘোষণা করা হবে, সেটাও নিশ্চিত করেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। শুধু জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর যেকোনো সময় দল প্রকাশ করা হতে পারে।
ব্রাভো ও পোলার্ড যদি বিশ্বকাপ দলে না থাকেন, সেটির কারণটা অনুমান করাও খুব কঠিন কিছু না। বেতন-ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের কারণে ভারত সফরের মাঝপথে দল নিয়ে ফিরে আসার মূল্যই হয়তো চুকাতে হচ্ছে তখনকার অধিনায়ক ব্রাভো ও তাঁর সতীর্থ পোলার্ডকে। ডব্লুআইসিবি ও প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে ওই ঝামেলায় সবচেয়ে উচ্চকণ্ঠ ছিলেন এ দুজনই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও দুজনের কাউকে দলে রাখেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড৷ ক্রিকইনফো।