জোহানেসবার্গে গেইল-ঝড়ে উড়ে গেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু শুধু ব্যাট হাতে নয়, মাঠের বাইরে কথায়ও ঝড় তুলেছেন ক্রিস গেইল। দুই সতীর্থ ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ডকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ায় ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে (ডব্লুআইসিবি) ধুয়ে দিয়েছেন এই বিস্ফোরক ওপেনার। একহাত নিয়েছেন ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে। পরশু ম্যাচের পর সংবাদ সম্মেলনে ব্যাপারটা উঠতেই যেন ক্ষোভে ফেটে পড়লেন গেইল, ‘কেউ বলতে পারবে না যে তারা দুজন দলে থাকার মতো নয়। আমি জানি, ওদের বলি বানানো হয়েছে। এটাকে হাস্যকর ছাড়া আর কী বলব! সত্যি, আমি হতভম্ব।’ ব্রাভোকে নাকি নির্বাচকেরা বলেছেন যে তাঁরা পরের বিশ্বকাপের জন্য দল তৈরি করছেন, এ কারণেই তাঁদের দুজনকে রাখা হয়নি এবারের দলে। যুক্তিটা তাঁর কাছে হাস্যকর, ‘এর মানে দাঁড়াচ্ছে, আমরা এই বিশ্বকাপ জেতার জন্য যাচ্ছি না, বরং পরের বিশ্বকাপের জন্য দল গঠন করছি। কী হাস্যকর!’ পরশু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়টা বাদ পড়া ওই দুই সতীর্থকেই উৎসর্গ করেছেন গেইল, ‘আমাদের ওয়ানডের দুজন বড় খেলোয়াড় বিশ্বকাপে থাকছে না। এটা সত্যি দুঃখজনক। ওদের জন্য এই সিরিজটা জিততে পেরে আমি খুব আনন্দিত।’ ক্রিকইনফো।