ব্রাভোর ৪০০, ৩০০-এর পথে সাকিব

ডোয়াইন ব্রাভো ঠিক ‘ইট ক্রিকেট, স্লিপ ক্রিকেট’ ধরনের মানুষ নন। হোটেলের কামরায় মজে থাকেন মিউজিক ভিডিও আর বন্ধুদের সঙ্গে আড্ডায়। নেটে বোলিং প্রায় করেন না বললেই চলে। নিজেকে নিজে ‘ডিজে ব্রাভো’ তকমা দেওয়া এই মানুষটিই আবার টি-টোয়েন্টির অন্যতম ‘ফেরিওয়ালা’—বিগব্যাশে গতকাল যেমন প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে ছুঁলেন ৪০০ উইকেটের মাইলফলক।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ খেলার জন্য কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আর না খেলার ঘোষণা দেন ব্রাভো। পছন্দের এই সংস্করণে মাঠে নেমেই নিজের আসল চেহারা দেখান এই অলরাউন্ডার। হোবার্ট হারিকেনসের বিপক্ষে চার স্পেলে চার ওভার বোলিং করে ২৮ রানে নিয়েছেন ৫ উইকেট। এর মধ্যে শুধু শেষ ওভারেই তাঁর শিকার ৩ উইকেট! ব্রাভো এর মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে উইকেটের ‘কোয়াড্রপল’ সেঞ্চুরির দেখা পেলেন সবার আগে।
৩৬৪ ম্যাচে ১৭.৫ স্ট্রাইক রেটে তাঁর শিকারসংখ্যা ৪০০ উইকেট। লাসিথ মালিঙ্গার স্ট্রাইক রেট (১৬.৪) ব্রাভোর চেয়ে ভালো হলেও উইকেটসংখ্যায় দ্বিতীয়। ২৪৮ ম্যাচে ৩৩১ উইকেট নিয়েছেন লঙ্কান এ পেসার। শীর্ষ পাঁচে এরপর বাকি তিনজনই স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন (২৬২ ম্যাচে ১৯.৫ স্ট্রাইক রেটে ৩০৭ উইকেট), বাংলাদেশের সাকিব আল হাসান (২৫২ ম্যাচে ১৮.১ স্ট্রাইক রেটে ২৯২ উইকেট) এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি (২৬৫ ম্যাচে ১৯.৮ স্ট্রাইক রেটে ২৮৭ উইকেট)। ক্রিকেটের এই ক্ষুদ্রতম সংস্করণে উইকেট শিকার ‘ট্রিপল সেঞ্চুরি’র দেখা পেতে আর মাত্র ৮ উইকেট চাই টেস্ট এবং টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডার সাকিবের।
টি-টোয়েন্টিতে শীর্ষ পাঁচ উইকেট শিকারি | |||
খেলোয়াড় | ম্যাচ | উইকেট | স্ট্রাইক রেট |
ডোয়াইন ব্রাভো | ৩৬৪ | ৪০০ | ১৭.৫ |
লাসিথ মালিঙ্গা | ২৪৮ | ৩৩১ | ১৬.৪ |
সুনীল নারাইন | ২৬২ | ৩০৭ | ১৯.৫ |
সাকিব আল হাসান | ২৫২ | ২৯২ | ১৮.১ |
শহীদ আফ্রিদি | ২৬৫ | ২৮৭ | ১৯.৮ |