ব্রিজটাউনে উইকেট-বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও বারবাডোজ। পৃথিবীর উল্টো পিঠের দুই দেশ দেখল উল্টো মেজাজের দুই টেস্ট ম্যাচ। খুলনার উইকেটে যেখানে বোলাররা মাথা কুটে মরলেন, ব্রিজটাউনে ব্যাটসম্যানদের ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। পরশু ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ শেষ টেস্টের দ্বিতীয় দিনেই উইকেট পড়েছে ১৮টি। সংখ্যাটা অভূতপূর্ব ক্যারিবীয় ক্রিকেটে। ওয়েস্ট ইন্ডিয়ানরা এক দিনে সবচেয়ে বেশি উইকেট পতনের সাক্ষী হলেন পরশুই।
৪২ রানে ৬ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৮৯ রানে অলআউট করে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ৬৮ রানের লিড এনে দিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। দিন শেষে অবশ্য ভালো লাগার অনুভূতিটা উবে গেছে অ্যান্ডারসনদের। ৫ উইকেটে ৩৯—দ্বিতীয় দিন শেষে ইংলিশদের দ্বিতীয় ইনিংসের স্কোরকার্ড! কাল তৃতীয় দিনে লাঞ্চের আগেই ১২৩ রানে অলআউট ইংল্যান্ড। ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ এ প্রতিবেদন লেখার সময় ৩ উইকেটে করেছে ৭০ রান।
পরশু সকালে ৭.১ ওভারের মধ্যেই ইংল্যান্ডের প্রথম ইনিংসের শেষ ৩ উইকেট নেওয়া জেরোম টেলর বিকেলে তুলেছেন ২ উইকেট। এর একটি ৯ রান করা জোনাথন ট্রটের। ৬ ইনিংসে ৩ শূন্য, ৭২ রান—টেস্টে প্রত্যাবর্তনটা দুঃস্বপ্ন হয়ে রইল ট্রটের কাছে। ট্রটের কাউন্টি সতীর্থ ইয়ান বেলও টেলরের শিকার। দুই ইনিংসেই শূন্য, বেল চশমা পেলেন ১০ বছর পর।
শুরু-শেষের ক্যারিবীয় দাপটের মাঝের সময়টা অ্যান্ডারসনের। ৬ ওভারের প্রথম স্পেলে ৪ রান দিয়ে ৩ উইকেট নেওয়া এই পেসার আরেকটু এগোলেন ৪০০ উইকেটের মাইলফলকের দিকে। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে একাই লড়েছেন জার্মেইন ব্ল্যাকউড। ১১ চার ও ৪ ছয়ে ৮৮ বলে ৮৫ রান এই মিডলঅর্ডার ব্যাটসম্যানের। সূত্র: এএফপি, ক্রিকইনফো।