
মাথায় চোট পাওয়ার পর থেকে যে সময়টা ফিল হিউজ মৃত্যুর সঙ্গে লড়েছেন, সেই সময়টা হাসপাতালে নির্ঘুম কেটেছে মাইকেল ক্লার্কেরও। হিউজ মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হেরে গেছেন। বন্ধুর মৃত্যুর বিশাল ধাক্কা এখনো ধাতস্থ হতে দেয়নি ক্লার্ককে। আর শুধু ক্লার্ক কেন, মানসিকভাবে বিক্ষিপ্ত তো প্রায় সব অস্ট্রেলিয়ান ক্রিকেটারই। হিউজ কারও ছিলেন সতীর্থ, কারও বন্ধু, কারও ছোট ভাইয়ের মতো, কারও আবার মন ভালো করার উৎস৷
সিডনি ক্রিকেট মাঠের যে জায়গাটায় ব্যাট করার সময় বাউন্সারে চোট পেয়ে সংজ্ঞা হারিয়েছিলেন হিউজ, পরশু স্থানীয় সময় সকালে সে জায়গাটা দেখতে গিয়েছিলেন ক্লার্ক আর হিউজের আরেক বন্ধু ডেভিড ওয়ার্নার। আবেগাপ্লুত দুই সতীর্থ কীভাবে নিজেদের সামলেছেন, বোঝা যায়নি। দুজনেরই চোখে রোদচশমা। চোখের জল লুকিয়ে রাখতে এর চেয়ে ভালো আর কী উপায় আছে! কিন্তু কাল হাসপাতালে রাখা হিউজের মরদেহ দেখতে গিয়ে আর পারলেন না। ক্লার্ক কাঁদলেন প্রায় হাউমাউ করে। চোখের জল ছোঁয়াচে হয়ে ছড়াল ওয়ার্নার, স্টিভেন স্মিথ এমনকি পূর্বসূরি রিকি পন্টিং ও স্টিভ ওয়াহদের মধ্যে।
একই রকম শোকাবহ পরিবেশ সিডনি ক্রিকেট মাঠে ক্লার্কের সংবাদ সম্মেলনেও। ‘আমি সর্বোচ্চ চেষ্টা করব শক্ত থাকতে’—এই কথাটা বলে কাগজে লেখা বিবৃতিটা পড়া শুরু করলেন। কিন্তু প্রায় প্রতিটি বাক্যের পরেই তাঁকে থামতে হয়েছে চেপে আসা কান্না সামলাতে। পারেননি। কাঁদতে কাঁদতেই বলে গেলেন, ‘আমাদের দলটার মানসিক অবস্থা এখন কেমন, সেটি ভাষায় প্রকাশ করা যাবে না। গ্রেগ (হিউজের বাবা), ভার্জিনিয়া (মা), জেসন (ভাই), মেগান (বোন)—আমরাও আপনাদের মতো গভীর দুঃখে দুঃখী।’ ক্রিকেট হিউজের জীবনের কতটুকুজুড়ে ছিল সেটা বোঝাতে গিয়ে বলেছেন, ‘নিজের ফার্ম হাউসে যেটুকু সময় কাটাত এর বাইরে হিউজির জীবনে একটাই আনন্দ ছিল—দেশের জন্য খেলা। তার চোখের ঝিকিমিকি, ঠোঁটের কোণের সেই বিখ্যাত হাসি আমরা সব সময় মিস করব। আমাদের ড্রেসিংরুমটা আর কখনো আগের মতো হবে না। আমরা হিউজির পরিবারের কাছে প্রতিজ্ঞা করছি ওর স্মৃতি স্মরণীয় করে রাখতে সবকিছু করব।’
প্রিয় সতীর্থের প্রতি সম্মান জানাতেই হিউজের ওয়ানডে জার্সি নম্বর ৬৪ চিরদিনের জন্য তুলে রাখার অনুরোধ করেছিলেন ক্লার্করা। প্রস্তাবটা খুবই আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের এ রকম মানসিক পরিস্থিতিতে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট হবে কি না, এ নিয়ে সংশয় ছিল আগে থেকেই। কাল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্টটি স্থগিত করা হয়েছে। আজই ২৬তম জন্মদিনের কেক কাটার কথা ছিল হিউজের। অথচ তিন দিন পর ৩ ডিসেম্বর (বুধবার) স্থানীয় সময় দুপুর ২টায় নিউ সাউথ ওয়েলসের ম্যাকসভিল হাইস্কুলের ক্রীড়া মিলনায়তনে হবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া। পরদিন থেকেই শুরু হওয়ার কথা ছিল ব্রিসবেন টেস্ট। সিএর প্রধান নির্বাহী সাদারল্যান্ড বলেছেন, ‘সতীর্থের অন্ত্যেষ্টিক্রিয়ার পরদিন খেলোয়াড়েরা টেস্ট খেলতে প্রস্তুত—এটা আমরা আশা করি না বা করাও উচিত নয়। আমাদের কাছে অবশ্যই অন্ত্যেষ্টিক্রিয়া বেশি গুরুত্বপূর্ণ। সবাই শোকাতুর। এ অবস্থায় পাঁচ দিনের ম্যাচ খেলার প্রশ্নই আসে না।’ এএফপি, সিডনি মর্নিং হেরাল্ড।