ব্রিসবেন-পর্বের শেষটাও হার দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তুতি ম্যাচে মাইকেল ক্লার্ক l ফক্স স্পোর্টস
প্রস্তুতি ম্যাচে মাইকেল ক্লার্ক l ফক্স স্পোর্টস

একটা ম্যাচে বোলিং করেছেন বাংলাদেশ দলের নয়জন খেলোয়াড়। বলুন তো, বোলিং করেননি এমন দুজন কে কে হতে পারেন? একজনের নাম তো সহজেই বলে দেওয়া যায়—উইকেটকিপার মুশফিকুর রহিম। কিন্তু আরেকজন কে?
বিস্ময়কর হলেও সত্যি, আপনি যাঁর নামটা একদমই ভাবছেন না, এই আরেকজন সে-ই—সাকিব আল হাসান! ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে কাল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ, যে ম্যাচে ১ ওভারও বল করেননি বাঁহাতি স্পিনার সাকিব। ছোটখাটো চোট থাকার কারণে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা না খেলায় এই ম্যাচে অধিনায়কত্ব করেছেন সহ-অধিনায়ক সাকিবই। ব্যাট হাতে ৪ বলে ২ রান করেছেন, ফিল্ডিং করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ইনিংসের পুরোটা সময়ই। তার পরও সাকিবের বল না করার কী কারণ থাকতে পারে?
কারণ আর কিছুই নয়, বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের মূল অস্ত্র সাকিবের বোলিংটাকে যতটা সম্ভব লুকিয়ে রাখা। তা ছাড়া এ ম্যাচে প্রতিপক্ষ দলে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহেই নাকি চাননি বিশ্বকাপের আগে সাকিবের বোলিংটা ক্লার্ক পড়ে ফেলুক।
ব্রিসবেনে খোঁজখবর করে আরেকটি কারণও শোনা গেল। বিগ ব্যাশে খেলায় সাকিব অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে ধাতস্থ হয়েই আছেন। ওই টুর্নামেন্ট শেষ করেই যোগ দিয়েছেন জাতীয় দলের অনুশীলনে, তাঁর একটু বিশ্রামেরও প্রয়োজন আছে বলে তাই মনে করেছে টিম ম্যানেজমেন্ট। আগের ম্যাচেও নাকি কোচ চেয়েছিলেন সাকিব যত পারে কম বল করুক। আর নিয়মিত অধিনায়ক মাশরাফি খেললে কালকের ম্যাচটা হয়তো তিনি খেলতেনই না।
তাই বলে বাংলাদেশ ম্যাচ হেরে যাচ্ছে, এমন সময়ও দলের সেরা বোলারের বল হাতে না নেওয়াটা একটু অবাক করা ব্যাপারই। বোলিং প্রান্তে সাকিব নেই, মাশরাফি তো নেই-ই, এই সুযোগে অ্যাশটন টার্নার বলতে গেলে একাই ম্যাচ জিতিয়ে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশকে। বল হাতে ৩০ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে দুই শর আগে (১৯৩) থামিয়ে দিতে এই অফ স্পিনারই রেখেছিলেন মুখ্য ভূমিকা। পরে চার নম্বরে নেমে ব্যাট হাতে অপরাজিত ৭১ রানে। প্রথম প্রস্তুতি ম্যাচেও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের জয়ে তার ৭৮ রান বড় ভূমিকা রেখেছিল। সাব্বির রহমানের বলে কট বিহাইন্ড হওয়ার আগে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরা ক্লার্ক করেছেন ৩৪। বাংলাদেশের বোলারদের মধ্যে চোটটা বেশি গেছে তাইজুলের ওপর দিয়েই। ২ ওভারে ১৯ রান দেওয়ার পর তাঁকে আর বলই দেননি সাকিব।
বাংলাদেশের ব্যাটিংটা শুরু থেকেই হয়েছে হতাশাজনক। সৌম্য-এনামুল ওপেনিং জুটি আরেকবার ব্যর্থ, এদিন ভরসা হতে পারেননি আগের ম্যাচে ফিফটি করা মুমিনুলও। তবে মাহমুদউল্লাহ ও সাব্বির কিছুটা হলেও ধারাবাহিক। ৫৭ রানে ৫ উইকেট পড়ার পর ষষ্ঠ উইকেটে তাঁদের ৬৪ রানের জুটিতেই অল্প রানে অলআউটের লজ্জা এড়িয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে ৪২ করেছিলেন মাহমুদউল্লাহ, কাল ৬২ বলে দুই বাউন্ডারিসহ ৩৬। সাব্বির প্রথম ম্যাচের ৩১-এর পর কাল করলেন ৩০ বলে ৩৩, যাতে দুই চারের সঙ্গে আছে দুটি ছক্কাও। এই দুই ছক্কা ছাড়া বাংলাদেশের পুরো ইনিংসেই আর একটিও ছক্কা নেই। তবে দলের পক্ষে একমাত্র ফিফটিটা নাসির হোসেনের (৫৬ বলে ৫২)। অষ্টম উইকেটে আরাফাত সানিকে (১৪) সঙ্গে নিয়ে তিনি যোগ করেছেন ৬০ রান।
বাংলাদেশ দলের ব্রিসবেন পর্ব শেষ হয়ে যাচ্ছে আজই। বিশ্বকাপের দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে কাল তারা চলে যাবে সিডনি।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৩.১ ওভারে ১৯৩ (সৌম্য ১৫, এনামুল ২, মুমিনুল ১৩, মাহমুদউল্লাহ ৩৬, সাকিব ২, মুশফিক ৮, সাব্বির ৩৩, নাসির ৫২, আরাফাত ১৪, রুবেল ১, তাইজুল ০*; টার্নার ৪/৩০, কনওয়ে ২/২৩, গাগটেন ২/২৬)। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ: ৪১.৫ ওভারে ১৯৪/৪ (টার্নার ৭১*, ক্লার্ক ৩৪, পিয়েরসন ২৯, বসিস্টো ২১; আল আমিন ১/৪৬, রুবেল ০/২৭, সৌম্য ১/২৩, সাব্বির ১/২১, মাহমুদউল্লাহ ১/১৪, আরাফাত ০/২১, তাইজুল ০/১৯, নাসির ০/৬, মুমিনুল ০/৯)।
ফল: ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ৬ উইকেটে জয়ী।