ব্রিসবেনে খেলতে হলে বলয়ে ঢুকতেই হবে ভারতকে

সিডনি টেস্টের চেয়ে চতুর্থ টেস্ট নিয়ে বেশি আলচনা হচ্ছে।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজের তৃতীয় টেস্ট নিয়েই বেশি দুশ্চিন্তা ছিল। সিডনিতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় দর্শক নিয়ে খেলা হবে কি না, এ নিয়ে কিছু শঙ্কা ছিল। কিন্তু সিডনি টেস্ট শুরু হওয়ার আগে সব আলোচনা হয়েছে ব্রিসবেনের টেস্ট নিয়ে। আজ সিডনি টেস্ট খেলতে সবাই নেমে যাওয়ার পরও আলোচনা থামেনি।

গ্যাবায় টেস্ট খেলতে হলে ব্রিসবেনে গিয়ে জৈব নিরাপত্তাবলয়ে থাকতে হবে দুই দলকে। এ নিয়ম মানতে নারাজ ভারত দল। ওদিকে ব্রিসবেন সরকার জানিয়েছে, যদি সিরিজের শেষ ম্যাচ খেলতে চায় তাহলে বলয়ে ঢুকতেই হবে সফরকারী দলকে।

১৫ ডিসেম্বর ব্রিসবেনে হওয়ার কথা সিরিজের শেষ ম্যাচ। সিডনি থেকে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে কঠোর কোয়ারেন্টিন নীতি মানছে ব্রিসবেন। কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়ে এর মধ্যেই একবার কোয়ারেন্টিন পর্ব পার করা ভারত আবার এ যন্ত্রণা মেনে নিতে রাজি হচ্ছে না। এ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। তবে ভারত দলকে আবার জানিয়ে দেওয়া হয়েছে, নিয়ম মানতে পারলেই শুধু ব্রিসবেনে এসে খেলার কথা ভাবতে পারে ভারত।

কুইন্সল্যান্ড রাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. জেনেট ইয়ং বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়া দুই দলকেই নিয়ম মেনে বলয়ে থাকতে হবে। তাঁর দাবি, অন্য সব খেলার ক্রীড়াবিদেরাও কুইন্সল্যান্ডে এসে এ নিয়ম মেনেছেন এবং ক্রিকেটারদেরও সেটাই করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমাদের বর্তমান নিয়ম সেই শুরু থেকে সব খেলার ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে এবং আমাদের জন্য সে নিয়ম ভালো সাফল্য বয়ে এনেছে। তাই আমরা সে নিয়মগুলোই মেনে চলব।’ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, রাজ্যের প্রধান আনাসতেশিয়া পালাসেও তাঁর সিদ্ধান্তের সঙ্গে একমত।

গ্যাবায় খেলতে ভয় পাচ্ছে ভারত, এমন কথাও বলা হচ্ছে।
ছবি: এএফপি

পালাসে জানিয়েছেন, তাঁর রাজ্যের সিদ্ধান্ত বদলাবে না। এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার কাজ হলো ভারত দলকে এ নিয়ম মানতে বাধ্য করা, ‘আমি যা বুঝছি, এখন পর্যন্ত যে কথাবার্তা চলছে, সবই ইতিবাচক। ফলে আপাতত এখন চিন্তিত হওয়ার মতো কিছু দেখছি না। এটা (বলয় মানতে ভারতকে রাজি করানো) ভারত ক্রিকেট দল ও ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যকার ব্যাপার। আমাদের দিক থেকে যা দেখছি, এই নিয়মগুলো আগেই আমরা প্রয়োগ করেছি। এর আগে এএফএল (রাগবি লিগ)-এর মতো বেশ কিছু টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছি, কুইন্সল্যান্ডের মুখ উজ্জ্বল করেছে সেটি। এ নিয়ম এখনো আছে এবং আলোচনা এখনো চলছে। কুইন্সল্যান্ডকে নিরাপদ রাখার প্রসঙ্গ এটি। ড. ইয়ং যদি বিশেষ কোনো নিয়ম দিয়ে থাকেন, তাহলে সেটা মানতে হবেই।’