ব্রিসবেনে জয়ী অস্ট্রেলিয়া
জয়টা খুব দ্রুতই হাতের মুঠোয় নিতে চেয়েছিল অস্ট্রেলিয়া। তাই চলল মেরে খেলা। আর তাতেই ব্রিসবেনের মাঠে ‘অ্যান্টি ক্লাইমেক্স’। ভারতীয় সমর্থকদের ‘উহু-আহা’। ছয় উইকেট হারিয়ে বসলেও জয়টা বেশ তাড়াতাড়িই পেয়ে গেছে অস্ট্রেলীয়রা। মাত্র ২৩.১ ওভারে। ভারতীয়দের আফসোসের কারণ একটাই। ব্যাটিংটা যদি একটু ভালো হত। লক্ষ্যমাত্রাটা যদি আরও একটু কঠিন করা যেত।
প্রথম ইনিংসে চারশোর ওপরে রান তুলেও ব্রিসবেনে হেরেছে ভারত। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২৪৭ রানে ৬ উইকেট ফেলে দিয়েও এই টেস্টে লিড নিতে পারেনি ভারত। অস্ট্রেলিয়ার লেজের জোরে ৯৭ রানে পিছিয়ে পড়ার ব্যাপারটাই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হল। সেই সঙ্গে যুক্ত হল দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের নিদারুণ ব্যর্থতা। বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা আর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সম্মিলিত সংগ্রহ যদি হয় ১১, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার রসদ আর কী থাকতে পারে ভারতীয়দের হাতে! সবকিছুর যোগফল অস্ট্রেলিয়া সফরে ভারতের আরও একটি দুঃখজনক হার।

জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার ব্যাটিংকে কাঁপিয়ে দিয়েছিলেন দুই ভারতীয় পেসার ইশান্ত শর্মা আর উমেশ যাদব। কিন্তু ক্রিস রজার্স আর স্টিভেন স্মিথের ঠান্ডা মাথা জয়ের দিক-নির্দেশনাটা গুলিয়ে ফেলেনি অস্ট্রেলিয়া। ইশান্ত আর যাদবের বোলিং অস্ট্রেলিয়ার জয়টাকে কেবল প্রলম্বিতই করতে পেরেছে।