ব্রিসবেনে নিরামিষ ছিল না বলেই...

এন্তার অভিযোগ ভারতীয় ক্রিকেট দলের। ব্রিসবেন টেস্টে চার দিনের মধ্যে হেরে যাওয়ার আগে অবশ্য এসব অভিযোগ চাউর হয়নি। কিন্তু হারের সঙ্গে সঙ্গেই সামনে চলে আসছে সুযোগ-সুবিধা নিয়ে ভারতীয় ক্রিকেট দলের বিভিন্ন অভাব-অভিযোগের গল্প।
ব্রিসবেনের জিম-সুবিধা পায়নি ভারতীয় দল—এমন অভিযোগ অবশ্য অস্বীকার করা হয়নি। অস্ট্রেলিয়ান ফুটবল লিগের (এএফএল) দল ব্রিসবেন লায়ন্সের কোহলি-ধোনিদের জিম ছাড়েনি বলেই সমস্যাটা দেখা দিয়েছে। কিন্তু ব্রিসবেনের উইকেট নিয়ে ভারতের অভিযোগ ইতিমধ্যেই জন্ম দিয়েছে নানা সমালোচনার। অস্ট্রেলীয় সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল ভারতের এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘টেস্ট ম্যাচ হেরে যাওয়ার পর এসব অভিযোগ ‘নাকিকান্না’ ছাড়া কিছুই নয়। মূল ব্যাপার হচ্ছে টেস্টের চতুর্থ দিন সকালে ভারত খুব দ্রুতই কয়েকটি উইকেট হারিয়ে বসেছিল।’
জিম-অনুশীলন সুবিধা ও উইকেটের পাশাপাশি অভিযোগ উঠেছে ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্নভোজে ‘নিরামিষ’ খাদ্যের অনুপস্থিতি নিয়ে। ব্যাপারটা গোটা ভারতীয় দলেই নাকি যথেষ্ট ক্ষোভের উদ্রেক করেছিল। নিরামিষ খাবার না থাকার কারণে দলের নিরামিষাশী খেলোয়াড় ইশান্ত শর্মাকে স্টেডিয়ামের বাইরে খেতে যেতে হয়েছিল। কেবল এটাই নয়, ভারতীয়দের অভিযোগ, অস্ট্রেলিয়াতে পা রাখার পর থেকেই খাবার নিয়ে যথেষ্ট সমস্যায় ভুগতে হচ্ছে তাদের। সফরের শুরুতে গ্লেনেল্গ ওভালে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচেই নাকি খাবার নিয়ে অভিযোগ উঠেছিল। কিন্তু ওই সময় ফিল হিউজের মৃত্যুতে শোকগ্রস্ত অস্ট্রেলীয় ক্রিকেট অঙ্গনকে এসব নিয়ে বিব্রত করতে চায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু ব্রিসবেনের সমস্যাটা তাদের ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে দিয়েছে।
অ্যাডিলেডের টেস্ট ম্যাচে খাবারের মেন্যু নিয়ে অবশ্য দারুণ খুশি ছিল ভারতীয় ক্রিকেট দল। কারণ ওই ম্যাচের আয়োজক সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন নাকি ভারতীয় দলের জন্য ভারতীয় বাবুর্চির ব্যবস্থা করেছিল। সূত্র: এনডিটিভি অনলাইন, পিটিআই।