ব্রিসবেনে পেস-ঝড়ের আয়োজন ও বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিসবেনে মিচেল জনসনের সঙ্গে আর​ও তিন পেসার খেলাতে চায় অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত
ব্রিসবেনে মিচেল জনসনের সঙ্গে আর​ও তিন পেসার খেলাতে চায় অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

বিশ্বকাপে বাংলাদেশের পরের খেলা ব্রিসবেনে। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের ছুটিতে ক্রিকেট-সুধায় দেশবাসী সিক্ত হতে পারবেন কি না, তা নিয়ে আছে ঘোরতর সংশয়। অস্ট্রেলীয় আবহাওয়া দপ্তরের প্রতিবেদন বলছে, সেদিন ব্রিসবেনে নাকি ধেয়ে আসবে ভয়ংকর ঝড়—মার্সিয়া। বৃষ্টির আশঙ্কা তো থাকছেই। সর্বশেষ বেশ কয়েকদিন ধরেই নাকি ব্রিসবেনের আকাশ ছেয়ে আছে কালো মেঘে। কিন্তু মার্সিয়ার শঙ্কার মধ্যেও ‘দুর্বল’ বাংলাদেশকে পেস-ঝড়ে উড়িয়ে দেওয়ার সব প্রস্তুতি অস্ট্রেলিয়া সম্পন্ন করেছে—এমন খবরও চাউর ইতিমধ্যেই। 
গ্যাবার উইকেট বেশ কয়েকদিন ধরেই চাপা পড়ে আছে কভারের তলায়। ঈষৎ স্যাঁতসেঁতে উইকেটে মিচেল জনসন, জশ হ্যাজেলউড আর মিচেল স্টার্কের সঙ্গে নাকি প্যাট কামিন্সের বিশ্বকাপ-অভিষেকের পরিকল্পনা প্রায় সম্পন্ন। তবে অস্ট্রেলীয় কোচ ড্যারেন লেম্যান বিষয়টি পুরোপুরি খোলাসা না করে একটু রহস্যই রেখেছেন, ‘বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছুই বলা যাচ্ছে না। উইকেট পেস বোলিংয়ের উপযোগী হলে বিষয়টি ওভাবেই ভাবব।’
কানাঘুষা সত্যি হলে তো বাংলাদেশের বিরাট বিপদ। আফগানিস্তানের বিপক্ষে শাপুর জারদান নামের এক ফাস্ট মিডিয়াম বোলারের বল খেলতেই খোলসে ঢুকে পড়লে স্টার্ক, জনসন, হ্যাজেলউডদের মতো ‘জেনুইন’ ফাস্ট বোলারদের বিপক্ষে ভরাডুবির আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যায় না। তবে কি বাংলাদেশ কায়মনোবাক্যে প্রার্থনায় বসবে ঘূর্ণিঝড় মার্সিয়ার? ঝড়-টর হয়ে খেলাটা পণ্ড হয়ে গেলে তো বাংলাদেশেরই সুবিধা। যে ম্যাচে জয়ের সম্ভাবনা প্রায় ক্ষীণ, সেখানে প্রকৃতির কল্যাণে একটি পয়েন্ট পেয়ে গেলে যে তা বিশ্বকাপ-মিশনে করে দেবে বিরাট সুবিধাই। তবে কি বাংলাদেশ ভাবছে এই লাইনেই? দলটাকে যতটুকু বোঝা যায়, জানা যায়, পেছন দরজার সাহায্যটা এই দলের খুব একটা কাম্য কিছু নয়। ‘হেরে গেলে হেরে যাব, কিন্তু খেলাটা হোক’—এমন নীতিতে বিশ্বাসী লোকের অভাব অন্তত বাংলাদেশ দলে নেই।
অস্ট্রেলিয়ার বিখ্যাত পত্রিকা সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদক ক্রিস ব্যারেট বেশ রসিক মানুষ। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার পেস-আয়োজনের সংবাদটি লিখতে গিয়ে তিনি বেশ মজা-টজার আশ্রয় নিয়েছেন। রসিকতায় মোড়া ইংরেজি বাক্যের প্যাঁচে তিনি বোঝাতে চেয়েছেন, ব্রিসবেনে বাংলাদেশের কপালে দুঃখই আছে।
ঘূর্ণিঝড় মার্সিয়ার শঙ্কায় ব্রিসবেনের মেয়র সাহেব নাকি শহরবাসীর মধ্যে এক ধরনের যন্ত্র বিলি করছেন। যে যন্ত্রটি ঘণ্টায় ১২০০ বালুর বস্তা ওঠাতে-নামাতে পারে। ঘূর্ণিঝড়ের হাত থেকে বাড়িঘর বাঁচাতে বালুর বস্তার বেষ্টনী গড়ে তুলতেই এই যন্ত্রের বিলি-বণ্টন। ব্যারেট সাহেব সিডনি মর্নিং হেরাল্ডে ব্রিসবেনের ম্যাচটিতে অস্ট্রেলীয় পেস আক্রমণের ঝড় সামলাতে বাংলাদেশ দলকে এমন একটি যন্ত্র সংগ্রহ করার পরামর্শ দিয়েছেন। যে যন্ত্র দিয়ে বালুর বস্তার বেষ্টনী গড়ে অন্তত জনসন-স্টার্ক-হ্যাজেলউড কিংবা প্যাট কামিন্সদের বোলিং তোপের হাত থেকে বাঁচতে পারবেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। এত বছর আন্তর্জাতিক ক্রিকেটের অংশ হয়ে বাংলাদেশের এমন যন্ত্রের প্রয়োজন আছে বলে মনে হয় না। কিন্তু ব্যারেট সাহেবকে তা জানিয়ে দেবে কে?
ব্যারেট সাহেবরা বোধ হয় ভুলে গেছেন জনসন-স্টার্কদের চেয়ে অনেক বড় তারকা ম্যাকগ্রা-লি-গিলেস্পিদের অস্ট্রেলিয়াকে খুব ভালোভাবেই খেলেছে বাংলাদেশের টাইগাররা। কার্ডিফে তো গিলেস্পিকে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেই ‘দুর্বল’ বাংলাদেশ তুলে নিয়েছিল সেই ঐতিহাসিক জয়! ক্রিকেট মাঠে নেমে আর যা-ই হোক ভয়ে সিটিয়ে যায় না বাংলাদেশ।
ব্রিসবেনের ঝড় নয়, বাংলাদেশের প্রার্থনায় আছে গ্যাবায় অভিষেকই।