ব্রিসবেনে লড়ছেন স্মিথ

অধিনায়ক হিসেবে প্রথম অ্যাশেজ। ব্রিসবেন টেস্ট এমনিতেই বিশেষ কিছু হয়ে থাকত স্টিভ স্মিথের কাছে। সেটা আরও বিশেষ করে তোলার সম্ভাবনা জাগিয়ে রাখলেন স্মিথ। অধিনায়কের ৬৪ রানের লড়াকু ব্যাটিংয়ে ব্রিসবেন টেস্টে সমানে-সমান লড়ছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১৬৫ রান অস্ট্রেলিয়ার।
দ্বিতীয় দিনের শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ার মনমতো। ৪ উইকেটে ১৯৬ রান নিয়ে দিন শুরু করা ইংলিশরা প্রথম সেশনে অলআউট হয়েছে ৩০২ রানে। রান তোলার গতিটাও প্রথম দিনের মতোই শ্লথগতিতে এগিয়েছেন। ৩৬.১ ওভারে ১০৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। আগের দিন অপরাজিত ডেভিড মালান ক্যারিয়ারের তৃতীয় ফিফটির পর স্টার্কের বলে ক্যাচ দিয়ে ফিরতেই ঝামেলার শুরু। ৪০ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। শেষ উইকেট জুটির ১৬ রানেই তিন শ পেরিয়েছেন জো রুটের দল।
অস্ট্রেলিয়ার শুরু ছিল আরও ভয়ংকর। দলীয় ৭ রানেই আউট টেস্ট অভিষিক্ত ক্যামেরন ব্যানক্রফট (৫)। ৩০ রানেই বিদায় নিয়েছেন উসমান খাজাও (১১)। চাপটা জগদ্দল পাথর হয়ে উঠল ডেভিড ওয়ার্নার আউট হতেই। জ্যাক বলের বলে ক্যাচ দিয়ে মাত্র ২৬ রানেই বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ব্যাটিং ভরসা। দলের রান তখন ৫৯।
চা-বিরতি থেকে ফেরার পর প্রথম ওভারেই ফিরে গেছেন পিটার হ্যান্ডসকম্বও (১৪)। ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তখন ধুঁকছে। সব দায়িত্ব কাঁধে তুলে নিলেন স্মিথ। শন মার্শকে (৪৪*) নিয়ে দিনের বাকি সময়টা কাটিয়ে দিলেন দাঁতে দাঁত চেপে। ৩৭.১ ওভারে ৮৯ রানের জুটিতে ইংল্যান্ডের সঙ্গে রানের ব্যবধানও কমিয়ে এনেছেন ১৩৭ রানে।
কাজটা সহজ ছিল না। বল অস্বাভাবিক নিচু হয়ে আসছিল বারবার। অস্ট্রেলিয়ার মাঠে বলের এমন আচরণে রান তোলা কঠিন হয়ে পড়েছে সবার জন্যই। স্মিথের ৬৪ রানের জন্য ১৪৮ বল লাগিয়ে ফেলা এবং মাত্র ৬টি চার মারা সেটারই ইঙ্গিত। চার মারায় স্মিথকে টপকে গেলেও (৭ চার), অস্বস্তিতে বেশি ভুগেছেন শন মার্শই।
এতে অবশ্য দুজনের ভাবতে বয়েই গেছে। নিরাপদে দিন পার করে দেওয়াটাই লক্ষ্য ছিল দুজনের। আপাতত সে লক্ষ্য পূরণ করে হাসিমুখেই মাঠ ছেড়েছেন দুজন।