
পার্থ যেন ফিরে এল ব্রিসবেনে। এবারও শুরুতে ব্যাট করল ভারত, আবার সেই তিন শ ছাড়ানো রান। এবারও রোহিত শর্মার ব্যাটই সবচেয়ে চওড়া, সেঞ্চুরি পেলেন টানা দুই ম্যাচে। কিন্তু পার্থের পর ব্রিসবেনেও বিফলে গেল সেই সেঞ্চুরি। আগের ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল চার বল হাতে রেখে, কাল জিতল ঠিক এক ওভার আগেই। আগের ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন জর্জ বেইলি, কালও তাঁর ব্যাটেই আড়াল হয়ে গেলেন রোহিত। ভারতকে ৭ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে তাই ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
অথচ কাল অস্ট্রেলিয়া নেমেছিল অনেকটা খর্বশক্তির দল নিয়েই। সদ্যোজাত সন্তানের পাশে ছিলেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ ও জশ হ্যাজলউড পেয়েছেন বিশ্রাম। এই তিনজনের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন শন মার্শ, জন হ্যাস্টিংস ও কেন রিচার্ডসন। তবে সেটি সবচেয়ে ভালোভাবে কাজে লাগিয়েছেন মার্শই। অ্যারন ফিঞ্চের সঙ্গে এই বাঁহাতি ওপেনারের ১৪৫ রানের উদ্বোধনী জুটিই তো ভারতের মুঠো থেকে প্রায় বের করে নিয়ে গেছে অস্ট্রেলিয়া।
তারপরও ২১ রানের মধ্যে মার্শ ও ফিঞ্চকে ফিরিয়ে একটু আশা জাগিয়েছিল ভারত। কিন্তু আগের ম্যাচের দুই ত্রাতা স্টিভেন স্মিথ ও বেইলি আবার দৃশ্যপটে। এবার অবশ্য স্মিথ বেশিক্ষণ থাকেননি, ৪৬ রানে বোল্ড হয়ে গেছেন উমেশ যাদবের বলে। তবে তার আগেই তৃতীয় উইকেটে বেইলির সঙ্গে ৭৮ রানের জুটি গড়ে দলকে প্রায় নিয়ে যান জয়ের তীরে।
বেইলি ছিলেন এক প্রান্তে অবিচল। তাঁর ৫৮ বলে ৭৬ রানের ইনিংস হয়তো বলবে ভারতীয় বোলিংকে আবারও দুরমুশ করেছেন। তবে বেইলির এই ইনিংসে চার মাত্র ছয়টি, ছয় একটি! আসলে এক-দুই রান নিয়েই ম্যাচটা কবজায় নিয়ে নিয়েছেন। ভারতকে সামনে পেলেই বেইলি যেন বদলে যান, ভারতের বিপক্ষে এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের গড় ৯৫.৮৫! ভারতের বিপক্ষে অন্তত ৫০০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে এটাই সবচেয়ে বেশি গড়।
এমন একটা রেকর্ড অস্ট্রেলিয়ার সঙ্গে আছে রোহিতেরও। তাঁর গড় ৭১.৯৩। অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্তত ৫০০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। কালও মনে হচ্ছিল দেড় শ করার আগে থামবেন না, কিন্তু শেষ পর্যন্ত রানআউট ১২৪ রানে।
নইলে ভারতের রান আরও বেশি হয়। রোহিত আউট হওয়ার পর শেষ ৫ ওভারে ৫ উইকেট খুইয়ে ভারত তুলতে পেরেছে ৩৮ রান! ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ৩০৮/৮ (রোহিত ১২৪, কোহলি ৫৯, রাহানে ৮৯; ফকনার ২/৬৪, প্যারিস ১/৪০, হেস্টিংস ১/৪৬)।
অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ৩০৯/৩ (বেইলি ৭৬*, ফিঞ্চ ৭১, মার্শ ৭১, স্মিথ ৪৬, ম্যাক্সওয়েল ২৬*; জাদেজা ১/৫০, ইশান্ত ১/৬০, যাদব ১/৭৪)।
ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রোহিত শর্মা।