ব্রিসবেনের প্রথম দিন বিজয়ের
ব্রিসবেন টেস্টের প্রথম দিনটা কার? ভারতের না মুরলি বিজয়ের? মুরলি বিজয়ের বলাটাই বোধহয় শ্রেয়। গোটা দিনে আলোটাতো নিজের ওপরই ধরে রাখলেন তিনি। দিনটাকে বিজয়ের বললেই আপনাতেই চলে আসে ভারতের নাম। ইনিংস শুরু করতে নামা এই ব্যাটসম্যান নিজের দুর্দান্ত ফর্মের নমুনা রেখেছিলেন অ্যাডিলেডেই। ভারতের রান তাড়া করার লড়াইয়ে অ্যাডিলেডে তাঁর ব্যাট থেকে এসেছিল ৯৯ রান। ব্রিসবেনে এসে করলেন দারুণ এক সেঞ্চুরি। তাঁর ১৪৪ রানের ইনিংসের ওপর ভর করেই সিরিজের দ্বিতীয় টেস্টের শুরুর দিনই ভারত স্কোরবোর্ডে তুলে ফেলেছে ৩১১ রান। ৪ উইকেটের বিনিময়ে। ব্রিসবেনের প্রথম দিনটা বিজয়ের মাধ্যমেই একেবারে নিজেদের করে নিয়েছে ভারত।
ব্রিসবেনের গ্যাব্বায় টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের। ১৯৬০-৬১ মৌসুমে প্রথম দিনই ৭ উইকেট খুইয়ে ক্যারিবীয়রা তুলেছিল ৩৫৯ রান। আজ ভারত ছাড়িয়ে গেল তাদেরও। রানের দিক দিয়ে হয়ত নয়, উইকেটের কলামটা ভারতীয়দের স্বস্তি দিচ্ছে দারুণভাবেই। সারাটা দিন ব্যাট করে ব্রিসবেনের উইকেটে মাত্র ৪ উইকেট হারানোর ব্যাপারটা যথেষ্ট উৎসাহ-ব্যাঞ্জকই। রান সংগ্রহের দিক দিয়ে ওয়েস্ট ইন্ডিজের পরেই আছে ভারত। অ্যাডিলেডের প্রথম টেস্টটা হারার পর সিরিজে ঘুরে দাঁড়ানোর সঞ্জীবনী সুধাটা কী ভারত ব্রিসবেনেই পেয়ে গেল না!
মুরলি বিজয়ের ১৪৪ রানটা এই মাঠে যেকোনো ‘ভিনদেশী’ উদ্বোধকের সর্বোচ্চ। এর আগে ১৯৬৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাইকেল কনরাড কারেওর ৮৩ রানই ছিল এই মাঠে বিদেশি ওপেনারের সর্বোচ্চ রান। বিজয় আজ কারেওকে ছাড়িয়ে এগিয়ে গেলেন বেশ খানিকটা পথই। আরও একটি অনন্য সম্মাননার দলে আজ যোগ দিলেন বিজয়। উপমহাদেশের বাইরে ভারতীয় ওপেনার হিসেবে টানা তিনটি পঞ্চাশোর্ধ ইনিংস খেলে তিনি যোগ দিয়েছেন মাধব আপতে, সুনীল গাভাস্কার ও গৌতম গম্ভীরের দলে। গ্যাব্বার ইতিহাসে বল খেলার হিসেবে শীর্ষ দশে পৌঁছে যাওয়ার ব্যাপারটিও দুর্দান্ত। তিনি হচ্ছের দশম শীর্ষ ব্যাটসম্যান যিনি ব্রিসবেনের এই মাঠে দুশোর বেশি বল খেললেন।

সকালে টসে জিতে ব্যাটিংই বেছে নেয় ভারত। শুরুটাও হয় ভালো। দুই উদ্বোধনী ব্যাটসম্যান স্কোরবোর্ডে দ্রুতই তুলে ফেলেন ৫৬ রান। তবে ২৪ রান করে শিখর ধাওয়ান আজও ফেরেন অপরিণত সময়ে। ৭০ বল খেলে বড় ইনিংসের ভিত তৈরি করে ফেলার পর মিচেল মার্শের বলে উইকেটের পেছনে ব্র্যাড হাডিনের হাতে ধরা পড়েন তিনি। দলীয় ১০০ রানের সময় একটু অদ্ভুতভাবেই আউট হন চেতেশ্বর পূজারা। অস্ট্রেলিয়ার পক্ষে অভিষিক্ত হ্যাজেলউডের বলে উইকেটরক্ষকের ওপর দিয়ে স্কুপ খেলতে গিয়ে তিনি ধরা পড়েন হাডিনের হাতে। আগের ম্যাচে ভারতীয় ব্যাটিংয়ের প্রাণ বিরাট কোহলি আজ সাজঘরে ফিরেছেন মাত্র ১৯ রানে। তিনিও হ্যাজেলউডের শিকার। উইকেটের পেছনে তাঁর ক্যাচটিও ধরেছেন হাডিন। মজার ব্যাপার হচ্ছে ১৪৪ রানে ফেরা
বিজয়ের ক্যাচটিও ধরেন হাডিন। বোলার ছিলেন নাথান লায়ন। আজ অস্ট্রেলিয়ার চারটি শিকারেই মূল অবদান অস্ট্রেলীয় সহ-অধিনায়কের। বিজয়ের উইকেটটি নিয়েছেন অ্যাডিলেডে ভারতকে শেষ করে দেয়া নাথান লায়ন।
মুরলি বিজয় আর অজিঙ্ক রাহানের মধ্যে গড়ে ওঠা ১২৪ রানের জুটিটি ছিল দুর্দান্ত। রাহানে দিন শেষে অপরাজিত আছেন ৭৫ রানে। ২৬ রান নিয়ে তাঁকে সঙ্গ দিচ্ছেন রোহিত শর্মা। সূত্র: স্টারস্পোর্টস।