ব্রিস্টলে বৃত্তপূরণের সেই জয়
>যেকোনো দলের বিপক্ষেই প্রথম জয়ের একটা বাড়তি মহিমা থাকে। বাংলাদেশের ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয়টার আরও বেশি। টেস্ট খেলুড়ে সব কটি দেশকেই ওয়ানডেতে হারানো হয়ে গিয়েছিল, বাকি ছিল শুধু ইংল্যান্ডই। ২০১০ সালে ব্রিস্টলে বাংলাদেশের জয়ে তাই এক অর্থে বৃত্তপূরণ। ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি সিরিজ যখন দোরগোড়ায়, প্রায় ছয় বছর আগের সেই ম্যাচটির সুখস্মৃতি রোমন্থন করলে কেমন হয়!

ভীষণ একটা ঝড় বয়ে যাচ্ছিল। সে এমনই এক ঝড়, যার সামনে দাঁড়িয়ে কল্পনা করাও সম্ভব ছিল না, সোনালি রোদ হাসল বলে। ঝড় থেমে বইবে আনন্দের বন্যা।
২০১০ সালে বাংলাদেশের ইংল্যান্ড সফরটা ছিল দুই ভাগে। প্রথমে সাকিব আল হাসানের নেতৃত্বে লর্ডস আর ওল্ড ট্রাফোর্ডে দুই টেস্টের সিরিজ। এরপর দেশে ফিরে মাস খানেক পর মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে তিন ওয়ানডের সিরিজ খেলতে আবার ইংল্যান্ড-যাত্রা। বিশ্বকাপ ফুটবল চলছিল। মেসি-রোনালদোদের বাজারে মাশরাফি-সাকিবদের কথা কে পড়বে, এই ভাবনা থেকে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ ‘বঞ্চিত’ হলো প্রত্যাশিত প্রচার থেকে। অথচ ওই সিরিজেই বাংলাদেশ দল পেল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ। সেটাও ইংল্যান্ডের মাটিতে! ১০ জুলাই, ব্রিস্টল—বাংলাদেশের ক্রিকেটে এই ডেটলাইন পেয়ে গেল অমরত্ব।
তার আগে সেই ঝড়, সেই লন্ডভন্ড অবস্থা। ঝড়ের শুরু সিরিজের শুরুতেই। টেস্টে দলকে নেতৃত্ব দেওয়া সাকিব কেন ওয়ানডেতে অধিনায়ক নন, এই প্রশ্ন বিরাট এক রহস্য হয়ে দাঁড়াল। ওয়ানডে সফরের মাত্র দুদিন আগে অধিনায়ক বদলের ঘোষণায় বিসিবির ভাষ্য ছিল, উস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটের ব্যস্ততা ও ব্যাট হাতে ফর্ম ভালো যাচ্ছিল না বলে সাকিবই নাকি নেতৃত্ব¦থেকে সরে দাঁড়াতে চেয়েছেন। ওয়ানডের অধিনায়ক তাই মাশরাফি। তা ছাড়া আগের বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে নেতৃত্ব পেয়ে প্রথম ম্যাচেই চোটে পড়ে ছিটকে যান মাশরাফি। ইংল্যান্ডে ওয়ানডে খেলতে যাওয়ার আগে তিনি যখন দলে ফিরছেন, তাঁকেই অধিনায়কের পদে ফেরানোটা সমীচীন মনে করেছে বিসিবি। তবে হঠাৎ দায়িত্ব পেয়ে মাশরাফি এতটাই হকচকিত হয়ে পড়েছিলেন যে, তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা শুরু হয়েছিল এভাবে, ‘মাত্রই তো জানলাম...এখনো বুঝতে পারছি না কী বলব!’
ট্রেন্ট ব্রিজে প্রথম ওয়ানডের পর তিনি পড়ে গেলেন আরও বড় দুশ্চিন্তায়। ২৫০ রান করেও ৬ উইকেটের হারের জন্য নয়, ম্যাচের সঙ্গে যে বাংলাদেশ দল হারিয়ে ফেলল দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যানকেও! কিপিংয়ের সময় বাঁহাতি স্পিনার ফয়সাল হোসেনের লাফিয়ে ওঠা বলে ভুরুতে চোট পান উইকেটকিপার মুশফিকুর রহিম। চোট পেলেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করা রকিবুলও। যেটি তাঁর সিরিজই শেষ করে দিল। জেমস অ্যান্ডারসনের ইয়র্কার সোজা গিয়ে পড়েছিল রকিবুলের পায়ে।
দুজনের কাউকেই ব্রিস্টলের দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া গেল না। বাংলাদেশের ক্রিকেটে তখন একটা মিথ চালু ছিল। বাংলাদেশ দল ম্যাচ জেতার আগে নাকি ড্রেসিংরুমেই জয়ের মৌতাত ছড়িয়ে পড়ত। আগের রাতের ডিনার, সকালের নাশতা বা মাঠে আসার সময় টিম বাসেই বোঝা যেত, আজ জয় আসবেই। কেউ ঠেকাতে পারবে না। ব্রিস্টলের ম্যাচের আগে চোটজর্জর বাংলাদেশ দলে সে রকম আবহও ছড়াল না। পেছন ফিরে মাশরাফি এখন শুধু এটাই বলতে পারছেন, ‘ওই ম্যাচের আগে বেশ অস্থিরতা ছিল দলের মধ্যে। ট্রেন্ট ব্রিজের ম্যাচে চোট পাওয়ায় মুশফিক খেলতে পারেনি। রকিবুলও সম্ভবত পায়ে ব্যথা পেয়েছিল। দেশ থেকে আশরাফুল আর নাঈমকে আনতে বলা হয়। খুব ঝামেলা হচ্ছিল।’
তারপরও ব্যাটিং একেবারে খারাপ হয়নি বাংলাদেশের। ওপেনার ইমরুল কায়েসের ৭৬ ও জহুরুল ইসলামের ৪০ রানের পর শেষ দিকে মাহমুদউল্লাহ-মাশরাফির সৌজন্যে স্কোর ৭ উইকেটে ২৩৬। ইংলিশ কন্ডিশনে ইংল্যান্ডকে মোটেই চোখ রাঙানোর মতো ছিল না এই রান। কিন্তু যেদিন কপালে ‘জয়’ লেখা থাকে, সেদিন সেটা ছিনিয়ে নেওয়ার সাধ্য যে কারও নেই!
ওয়ান ডাউনে নেমে শেষ ওভার পর্যন্ত উইকেটে থেকেও ইংল্যান্ডকে জেতাতে পারেননি জোনাথন ট্রট। তিন বল বাকি থাকতে তাঁর উইকেট হারিয়েই পরাজয় নিশ্চিত হয় ইংল্যান্ডের। শফিউল ইসলামের ওই বলটার কথা এখনো মনে আছে মাশরাফির, ‘শফিউলকে বলেছিলাম, বলটা স্লোয়ার দে। সেটাতে বিভ্রান্ত হয়েই ট্রট কট বিহাইন্ড হলো। মুশফিকের জায়গায় কিপিং করছিল সম্ভবত জহুরুল।’ বাংলাদেশ অধিনায়ক ভোলেননি শেষ ওভারের পরিকল্পনাটাও। ৬ বলে ইংল্যান্ডের দরকার ছিল ১০। মাশরাফি আস্থা রেখেছিলেন শফিউলের ওপর, ‘শফিউল সব সময় শেষ ওভারে ভালো বোলিং করে। সে জন্যই ওর ওপর আমার আস্থা ছিল। তা ছাড়া ট্রট অত হার্ডহিটার না। অন্য প্রান্তে যে ছিল, ওকে যদি স্ট্রাইকে আনা যায়...এ রকম একটা চিন্তা ছিল। তা ছাড়া শেষ ওভারে একটা উইকেটই দরকার ছিল আমাদের। কাজটা তাই কঠিন ছিল না।’
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়টাকে বোলারদের এনে দেওয়া উপহারই মনে করেন মাশরাফি। ‘বোলিংয়ে আমরা খুব ভালো করেছিলাম’ বলে অধিনায়ক হারিয়ে গেলেন সেই স্মৃতিতে, ‘আমি ৭ ওভার পর্যন্ত রুবেলকে বোলিংয়ে আনিনি। ইচ্ছা ছিল ১০ ওভারের পরে আনব। কিন্তু সাকিব এসে বলল, স্ট্রাউস আছে, ওকে আনেন। রুবেল এসে তাঁর প্রথম ওভারেই স্ট্রাউসকে ফেরাল। বাউন্সার মেরে কট বিহাইন্ড করল। পরে সাকিবও ভালো একটা স্পেল করেছিল।’ মাশরাফি নিজের কথা বলেননি। তবে ব্যাটিংয়ে ২৫ বলে ২২ রান করার পর বোলিংয়ে ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন কিন্তু মাশরাফিই।
এমন একটা জয় পাওয়ার পর উৎসবের মাত্রাটা অনুমান করাই যায়। মাশরাফির ভাষায়, ‘ড্রেসিংরুমে ব্যাপক লাফালাফি হয়েছিল। কোচ জেমি সিডন্স দৌড়ে মাঠে চলে এসেছিলেন।’
ইংল্যান্ডের বিপক্ষে এর আগে এক ডজন ওয়ানডে খেলে শুধু হারের লজ্জা পেতে হলেও ব্রিস্টলের জয় যেন বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের চিত্রনাট্যই দিল বদলে! এরপর দুই দলের মুখোমুখি হওয়া তিন ম্যাচের দুটিতেই জিতেছে বাংলাদেশ। বার্মিংহামে ওই সিরিজেরই পরের ম্যাচটা হারলেও পরের দুটি ম্যাচে জয় বাংলাদেশের ক্রিকেটে আলাদাভাবে স্মরণীয় হয়ে আছে। সে দুটি ম্যাচ যে পরপর দুটি বিশ্বকাপে। তবে ইংল্যান্ডকেও যে হারানো যায়—এই বিশ্বাস ছড়িয়ে দেওয়ার কাজটা তো হয়েছিল ওই ব্রিস্টলেই।