ব্রিস্টলের হাসি, চট্টগ্রামের কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডের বিপক্ষে হাসি-কান্না দুই রকমের স্মৃতিই আছে তাঁর। সেই স্মৃতি নিয়েই লিখেছেন মাশরাফি বিন মুর্তজা
হাঁটুতে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন মাশরাফি। ছবি: শামসুল হক
হাঁটুতে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন মাশরাফি। ছবি: শামসুল হক

ইংল্যান্ডের বিপক্ষে আমার দুই রকম স্মৃতিই আছে। ২০১০-এ ব্রিস্টলের ওয়ানডে জয় এনে দিয়েছিল উত্সবে ভাসার উপলক্ষ। তার আগে ২০০৩ সালে এই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচেই থমকে দাঁড়িয়েছিল ক্যারিয়ার। হাঁটুর চোটে পড়ে প্রায় এক বছরেরও বেশি দলের বাইরে থাকলাম। আমার খেলোয়াড়ি জীবনের সেরা সময়টা হারিয়ে গেছে ওখানে।
আনন্দের কথা দিয়েই শুরু করি। ২০১০ সালের ইংল্যান্ড সফরের প্রথম ওয়ানডেটা আমরা না জিতলেও খুব ভালো খেলেছিলাম। রকিবুলের ৭৬ আর জুনায়েদের ফিফটিতে ২৫০ রান করেছিলাম নটিংহামে। পরের ম্যাচে কোথায় একটু ফুরফুরে মেজাজে খেলতে নামব, তা নয়; মাঠে নামার আগেই দুঃসংবাদ। চোটের কারণে ব্রিস্টলে খেলতেই পারল না রকিবুল আর মুশফিক! রকিবুলকে দেশে ফেরত পাঠাতে হওয়ায় ঢাকা থেকে উড়িয়ে নেওয়া হলো আশরাফুলকে। তবু একাদশ নিয়ে খুব ঝামেলায় পড়ে গিয়েছিলাম ওই ম্যাচে।
আমরা জানতাম না ওই ম্যাচটাই আমাদের জন্য অপেক্ষা করছে স্মরণীয় এক জয় নিয়ে। ইমরুল কায়েস খুব ভালো ব্যাটিং করল। তারপরও ২৩৬ রানে থেমে গিয়েছিল বাংলাদেশের ইনিংস। তখন আমরা খুব বেশি ম্যাচ জিততাম না। তবে ম্যাচের শুরুটা ভালো হলে মনে হতো আজ বুঝি জিতব। সেদিন তামিম আউট হয়ে যাওয়ায় শুরুটাও ভালো হয়নি। তবু শেষ ওভারে ম্যাচটা আমরাই জিতলাম। রুবেল ভালো দুটি ব্রেক থ্রু দিয়েছিল, সাকিবও ভালো বল করল। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয়, সেটাও ইংল্যান্ডের মাটিতে। স্বাভাবিকভাবেই আমাদের আনন্দটা ছিল বাঁধনহারা। ম্যাচের পর সবাই খুব হইচই, ফুর্তি করেছিলাম।
ব্রিস্টলের স্মৃতি বলতে আসলে এটুকুই। আসলে এরপর গত ছয় বছরে আমরা এত ম্যাচ জিতেছি যে আলাদা করে জয়ের পরের ঘটনাগুলো কমই মনে পড়ে। তবে এতে কোনো সন্দেহই নেই যে ব্রিস্টলের ওই জয় আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছিল।
২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে আমার এর ঠিক বিপরীত অভিজ্ঞতাই হয়েছিল। সিরিজের দ্বিতীয় টেস্ট ছিল ওটা। প্রথম ইনিংসে ৪ উইকেট নিলাম। মনে আছে মাইকেল ভন, নাসের হুসেইন, গ্রাহাম থর্প আর রিকি ক্লার্ককে আউট করেছিলাম আমি। নাসের হুসেইন তো খুবই বেগ পাচ্ছিল আমার বল খেলতে। এর আগে ঢাকায় প্রথম টেস্টেও নিয়েছিলাম দুই ইনিংস মিলিয়ে চার উইকেট। টেস্টের বোলিংটা খুব উপভোগ করছিলাম তখন। বলে অনেক পেস ছিল, সুইংও ভালো হচ্ছিল। বলতে পারেন ইংল্যান্ড সিরিজ এবং তার আগের সময়টায় বোলার হিসেবে আমি ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছিলাম। কিন্তু চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে হাঁটুতে পাওয়া চোট আবারও সব ওলটপালট করে দিল।
পেছন ফিরে পুরো ক্যারিয়ারটার দিকে তাকালে যদি খারাপ কিছু লাগে, তাহলে সেটা ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে পাওয়া ওই চোটের ঘটনাই। ২০১১ বিশ্বকাপে খেলতে নাপারার ব্যাপারটা একটু অন্য রকম, নইলে আমার ক্যারিয়ারের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় ছিল ২০০৩-এ চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ার ঘটনা। তার আগে বল হাতে এত ভালো সময় কাটাচ্ছিলাম যে ওই সময় এমন একটা দুর্ঘটনা ছিল আমার জন্য বড় একটা আঘাত। আমি বুঝতে পারছিলাম আমি ভালো বোলিং করছি, বোলার হিসেবে আমার উন্নতি হচ্ছে। বলে অনেক পেস ছিল তখন, সুইংও হচ্ছিল। জায়গামতো বল ফেলতে পারছিলাম। তবে পড়ে যাওয়ার পরই বুঝে গিয়েছিলাম, সমস্যা যা হওয়ার হয়ে গেছে। খট করে একটা শব্দ হলো, যেটা হাঁটুর প্রতিটি চোটে পড়ার সময়ই আমি শুনেছি।

চোটে আমি এরপরও আরও অনেক পড়েছি। তবে ২০০৩-এর মতো হতাশা ‘উপহার’ দেয়নি কোনোটাই। কখনো কখনো মনে হয়, মাঠে ওই দুর্ঘটনাটা না ঘটলে আমার ক্যারিয়ারটা আজ আরও উজ্জ্বল থাকত। আরও ভালো বোলার থাকতাম আমি। যে সময়টায় বোলার হিসেবে নিজেকে চিনতে শুরু করলাম, আমি জানতে শুরু করলাম আমার সামর্থ্যের সীমা, তখনই অমন দুর্ভাগ্য!

এমনিতে পুরোনো ঘটনা নিয়ে এখন আর খুব একটা ভাবি না। কিন্তু সামনে যখন আবারও ইংল্যান্ড দল, ব্রিস্টলের প্রথম জয়, চট্টগ্রামে চোটে পড়া বা বিশ্বকাপের দলে না থাকায় ২০১১ সালে ইংল্যান্ডকে হারানোর সাক্ষী হতে না পারা...এই স্মৃতিগুলো তো সামনে আসবেই। আশা করব, এবারের সিরিজে ভালো কিছুই উপহার দেবে বাংলাদেশ। সেটা হতে পারে ব্রিস্টল বা বিশ্বকাপের মতো কোনো উত্সব দিয়েই।