'ব্রেন ফেড' আর ধসের চল চলছে নিউজিল্যান্ডেও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭৮ রানে অপরাজিত আছেন নিউজিল্যান্ড-অধিনায়ক কেন উইলিয়ামসন। ছবি: এএফপি
৭৮ রানে অপরাজিত আছেন নিউজিল্যান্ড-অধিনায়ক কেন উইলিয়ামসন। ছবি: এএফপি

টেস্ট ক্রিকেটে যেন এখন দুটি চল চলছে। 'ব্রেন ফেড' হওয়া আর আকস্মিক ধসে হুড়মুড় করে ভেঙে পড়া। ভারত, শ্রীলঙ্কার হয়ে সেই হাওয়া চলে এল নিউজিল্যান্ডেও। কোহলি-স্মিথ-তামিমের মতো এখানে কে হতবুদ্ধি হলেন বলা কঠিন। তবে আজ দক্ষিণ আফ্রিকাও ৪ উইকেটে ২৫২ থেকে ৩০৮ রান করে অলআউট হয়ে গেল। ৫৬ রানে নেই শেষ ৬ উইকেট!

নিউজিল্যান্ড ৩ উইকেটে ১৭৭ রান তুলে জবাবটা ভালোই দিচ্ছে ডানেডিন টেস্টে। অধিনায়ক কেন উইলিয়ামসন অপরাজিত আছেন ৭৮ রানে। জিৎ রাভাল করেছেন ৫২। হাতে ৭ উইকেট রেখে এখনো ১৩১ রানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ডের ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করছে অধিনায়কের ইনিংসটির ওপর। প্রোটিয়াদের প্রথম ইনিংসে ডিন এলগারের ১৪০ যেমন ছিল ভিত্তি। 
তবে এলগারের সেঞ্চুরির পাশাপাশি গতকাল ডু প্লেসি আর আজ বাভুমার ফিফটি ছাড়া আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি। তাতেই এই ধস। যার শুরুটা এলগারের আউট দিয়েই। এরপরই ২০ ওভারের মধ্যে ৬ উইকেটে হারিয়ে গুটিয়ে যাওয়া প্রোটিয়াদের।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে মূল হন্তারকের ভূমিকা আজ নিয়েছেন ট্রেন্ট বোল্ট। কাল ৪৪ রানে ১ উইকেট নিয়ে দিন শেষ করা বোল্ট তুলে নিয়েছেন আরও ৩ উইকেট। ওয়াগনার নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন জিতান প্যাটেল।
নিউজিল্যান্ডের ইনিংসের শুরুটাও কিন্তু খুব ভালো হয়নি। ১৫ রানে প্রথম উইকেট হারানো কিউইরা অবশ্য ঘুরে দাঁড়ায় দ্বিতীয় উইকেটে রাভাল ও উইলিয়ামসনের ১০২ রানের জুটিতে। রাভাল ৫২ রানে ফিরলে উইলিয়ামসনের সঙ্গে জুটি গড়েন রস টেলর। এই জুটি ৩১ রান যোগ করেন। মোটামুটি ভালো অবস্থার মধ্যেই টেলর আহত হয়ে মাঠ ছাড়লে জুটিটি অসম্পূর্ণই রাখতে হয় নিউজিল্যান্ডকে। 
নতুন ব্যাটসম্যান হেনরি নিকোলস বেশিক্ষণ থাকতে পরেননি। ১২ রানেই শেষ হয় তাঁর ইনিংসটি। দিনশেষে উইলিয়ামসনের সঙ্গী হয়ে আছেন জিতান প্যাটেল। উইলিয়ামসন ১৪৬ বলে, ১১ চারে খেলেছেন তাঁর ৭৮ রানের ইনিংসটি। প্রোটিয়াদের সেরা বোলার কেশব মহারাজ। রাভালস ও নিকোলসের উইকেট দুটি নিয়েছেন তিনি। অন্য উইকেটটি পেয়েছেন ভারনন ফিল্যান্ডার। সূত্র: এএফপি।