১০ ওভার শেষে পাঞ্জাবের রান ছিল ৯৯, মুম্বাই ইন্ডিয়ানসের ১০৫। তখনো জিততে দরকার ৬০ বলে ৯৪, হাতে আট উইকেট। তৃতীয় উইকেটে তিলক ভার্মা আর ডেভাল্ড ব্রেভিসের জুটিও ততক্ষণে ৭৩ রানের হয়ে গেছে। ১৯৯ রানের লক্ষ্যেও দৌড়ে মুম্বাই-ই এগিয়ে ছিল।
কিন্তু পুনেতে আজ ১০.৬ থেকে ১২.৫—১১ বলের মধ্যে ব্রেভিস আর তিলকের আউটই বুঝি মুম্বাইকে থামিয়ে দিল! আউট হওয়ার একটু আগেই জীবন পাওয়া ব্রেভিস ‘দ্বিতীয় জীবনে’ ৪ রান যোগ করেই আউট, তার কিছুক্ষণ পর সূর্যকুমার যাদবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট তিলক। সেখানেই বুঝি আটকে গেল মুম্বাই। এরপর কাইরন পোলার্ডও রানআউট হলেন। সূর্যকুমার যাদব তবু ভরসা হয়ে ছিলেন, কিন্তু তিনিও আউট হওয়ার পর শেষ দিকে একেবারে যেন ‘টায়ার পাংচার’ মুম্বাইয়ের।
১৭তম ওভার শেষেও পাঞ্জাবের সঙ্গে তুলনায় রানের হিসাবে এগিয়ে থাকা মুম্বাই শেষ তিন ওভারে আর পারল না। শেষ পর্যন্ত হেরে গেল ১২ রানে। আইপিএলে পাঁচ ম্যাচের পাঁচটিই হেরে গেল রোহিত শর্মার দল! একমাত্র পয়েন্টশূন্য দল মুম্বাই যে পয়েন্ট তালিকার তলানিতে, সেটি তো আর বলে দিতে হয় না। পাঁচ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে পাঞ্জাব তৃতীয়।
১৯৯ রানের লক্ষ্যে শুরুটা ভালো হওয়ার দরকার ছিল, তা হয়নি মুম্বাইয়ের। রোহিত শর্মার ১৭ বলে ২৮ রানের ইনিংস আশা জাগাতে না জাগাতেই শেষ, রোহিতের পর তিন বলের মধ্যে ঈশান কিশানও ফিরে যান। ৩২ রানেই ২ উইকেট হারায় মুম্বাই। এরপর তৃতীয় উইকেটে ব্রেভিস-তিলকের ওই জুটি। ৪১ বলে ৭৩ রানের জুটিতে দুজনই রান তুলছিলেন ২০০ ছোঁয়া স্ট্রাইকরেটে। মুম্বাই তখন বুঝি প্রথম জয়ের আশা বুনছে!
ওডিন স্মিথের করা ১১তম ওভারের পঞ্চম বলে থার্ডম্যানে ক্যাচ দিয়েও বেঁচে যান ব্রেভিস, উল্টো তাতে বাউন্ডারিও আসে! মুম্বাইয়ের তখন বুঝি মনে হচ্ছিল, ভাগ্যও আজ তাদের পাশে। কিসের কী! পাঞ্জাবের ক্যাচ মিসের মূল্য হলো শুধু একটা বল আর চার রান! ওভারের শেষ বলেই আর্শদীপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্রেভিস। ২৫ বলে ৪ চার আর ৫ ছক্কার ইনিংসে ১ রানের জন্য অর্ধশতক না পাওয়ার ব্যক্তিগত হতাশাও সঙ্গী তাঁর।
মুম্বাইয়ের জন্য তার চেয়েও বেশি হতাশার, ওই আউটেই যেন ‘স্লুইসগেট’ খুলে গেল। সূর্যকুমার যাদব এসেই আক্রমণ শুরু করেন, তিলকের সঙ্গে তাঁর জুটিতে আবার জয়ের ভেলায় ভাসার স্বপ্ন হয়তো তখন দেখছে মুম্বাই। কিন্তু এরপর রানআউট এল মুম্বাইয়ের পথের কাঁটা হয়ে। আর্শদীপের করা ১৩তম ওভারের চতুর্থ বলে বিশাল ছক্কা মারেন সূর্যকুমার, পরের বলেই ভুল বোঝাবুঝিতে রানআউট তিলক! ২০ বলে ৩ চার ২ ছক্কায় ৩৬ রানের ইনিংসের কী করুণ মৃত্যু!
তখনো অবশ্য ইনিংস হাতছাড়া হয়ে যায়নি মুম্বাইয়ের। তখনো ৪২ বলে ৬৮ রান দরকার, হাতে ৬ উইকেট। তার চেয়েও বড় কথা, তখনো পোলার্ড আর সূর্যকুমার ছিলেন। দুজনে মিলে ১৬তম ওভার শেষে মুম্বাইকে ১৫০ পার করিয়েছেন। কিন্তু অতটুকুই। আবার রানআউট এল দুর্ভাগ্য হয়ে! ১৭তম ওভারের দ্বিতীয় বলে পোলার্ডও রানআউট। দুই রান নিতে গিয়েছিলেন, কিন্তু প্রথম রানের সময় দৌড়টা আরেকটু গতি ঠিক রেখে দিলেই আউট হতেন না পোলার্ড!
সূর্যকুমার তবু চেষ্টা করেছেন। ওভারের চতুর্থ ও পঞ্চম বলে দুই ছক্কা মেরেছেন। ওভারের হিসেবের তুলনা দেখাচ্ছিল, ১৭ ওভার শেষে পাঞ্জাবের রান ছিল ১৫১, মুম্বাইয়ের ১৬৬। কিন্তু শেষ তিন ওভারে একেবারে ব্রেকফেলই হলো মুম্বাইয়ের। ১৮তম ওভারে আর্শদীপ দিয়েছেন মাত্র ৫ রান, পরের ওভারের প্রথম দুই বলে চারের পর দুই রান নেন সূর্যকুমার। তৃতীয় বলে তিনি সিঙ্গেল নিতে চাইলেও নন-স্ট্রাইকে থাকা জয়দেব উনাদকট নিষেধ করেন। যাতে সূর্যকুমার স্ট্রাইকে থাকেন। কিন্তু হলো কী? পরের বলে আউট সূর্যকুমার।
৩০ বলে ১ চার ও ৪ ছক্কায় সূর্যকুমারের ৪৩ রানের ইনিংসের সঙ্গে শেষ মুম্বাইয়ের সব আশাও। শেষ আট বলে যেখানে দরকার ছিল ২২ রান, শুধু উনাদকটের একটা ছক্কাসহ মুম্বাই নিতে পেরেছে ৯ রান।
এর আগে ৫ উইকেটে ১৯৮ রান তোলা পাঞ্জাব প্রথম ১০ ওভারে তোলে ৯৯ রান, শেষ ১০ ওভারেও ৯৯। ৯৭ রানের উদ্বোধনী জুটিতে সঙ্গী অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল ৩২ বলে ৫২ ও শিখর ধাওয়ান ৫০ বলে করেছেন ৭০ রান। ১০ ওভারে আগারওয়ালের বিদায়ের পর ১৩০ রান তুলতেই আরও ২ উইকেট নেই পাঞ্জাবের। দুই ইংলিশ জনি বেয়ারস্টো (১২) ও লিয়াম লিভিংস্টোন (২) বিদায় নিয়েছেন অল্পতেই। রানের গতি মন্থর হয়ে যাওয়া পাঞ্জাব শেষ ৩ ওভারে ৪৭ রান তুলেছে জিতেশ শর্মা (১৫ বলে ৩০*) ও শাহরুখ খানের (৬ বলে ১৫) ক্যামিওতে।