
একই দিনে ডন ব্র্যাডম্যান ও শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার অনুভূতি কেমন হতে পারে?
জেনে নিতে পারেন অ্যাডাম ভোজেসের কাছ থেকে। বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে অবিশ্বাস্য এই কীর্তিটা তাঁরই কিনা!
ব্র্যাডম্যানকে ছাড়ানোর ব্যাপারটা অবশ্য সাময়িক। তাঁর অবিশ্বাস্য ৯৯.৯৪ ব্যাটিং গড়টা সম্ভবত কেউই চিরদিনের জন্য নিজের করে নিতে পারবেন না। তবে ওয়েলিংটনে ভোজেস কিন্তু পেছনে ফেলে দিয়েছেন ব্র্যাডম্যানকেও! অপরাজিত সেঞ্চুরিতে কাল দিন শেষে ভোজেসের টেস্ট ব্যাটিং গড় দাঁড়িয়েছে ১০০.৩৩! ১৪ টেস্টের ১৯ ইনিংসে ১২০৪ রান। টেস্টে একাধিক ইনিংস খেলেছেন অথবা কমপক্ষে ১ হাজার রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটিং গড় সবচেয়ে বেশি এখন ভোজেসেরই। ক্যারিয়ারের প্রথম ১৪ টেস্টে ব্র্যাডম্যানেরও ব্যাটিং গড় এত ছিল না। প্রথম ১৪ টেস্টের ২১ ইনিংসে ব্র্যাডম্যানের ব্যাটিং গড় ছিল ৯৪.৪৫। আজ আউট হয়ে গেলে ভোজেসের গড় স্বাভাবিকভাবেই কমে যাবে। তখন রাজত্বও ফিরে পাবেন ব্র্যাডম্যান।

তবে অন্য একটা জায়গায় ভোজেস এমন এক কীর্তি গড়েছেন যেটি টেস্ট ইতিহাসে আর নেই। গত বছর ২৯ নভেম্বর অ্যাডিলেডে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই সর্বশেষ আউট হয়েছিলেন ভোজেস। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোবার্ট ও মেলবোর্নে দুই টেস্টে ২৬৯ ও ১০৬ রান। দুবারই তাঁকে আউট করা যায়নি। কাল দিন শেষে ৩৬ বছর বয়সী ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান অপরাজিত ছিলেন ১৭৬ রানে। সব মিলিয়ে ৫৫১ রান করে অপরাজিত! টেস্টে দুবার আউট হওয়ার মাঝে ৫০০ রান করার কীর্তি আর কারও নেই।
তাঁর আগে ২০০৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত টানা তিন ইনিংসে ২৪১, ৬০, ১৯৪ রানে অপরাজিত থেকে দুবার আউটের মাঝে ৪৯৭ রান করেছিলেন টেন্ডুলকার। ১২ বছরের পুরোনো সেই রেকর্ড ভেঙে দেওয়া ভোজেসের আজ সুযোগ থাকছে রানটা আরও বাড়িয়ে নেওয়ার।
টেন্ডুলকার রেকর্ড ভেঙেছিলেন স্যার গ্যারি সোবার্সের। ১৯৫৮ সালে অপরাজিত সেই ৩৬৫ রানের মহাকাব্যিক ইনিংসের পরের ইনিংসেই ক্যারিবীয় কিংবদন্তি করেছিলেন ১২৫ রান।
ভোজেস কাল দাঁড়িয়েছেন আরেকটি অনন্য উচ্চতায়। ১৪ টেস্টে পঞ্চম সেঞ্চুরি—৩৫ পেরিয়ে অভিষিক্ত ক্রিকেটারদের মধ্যে তাঁরই এখন সবচেয়ে বেশি সেঞ্চুরি। এর আগে ৩৫ বছর ১১৭ দিন বয়সে অভিষেক হওয়া জিম্বাবুয়ের প্রথম টেস্ট অধিনায়ক ডেভ হটন করেছিলেন ৪টি সেঞ্চুরি।
কাল দুর্দান্ত ভোজেসের সঙ্গে ১৬৮ রানের জুটিতে বেশি আগ্রাসী ছিলেন উসমান খাজাই। ৫৭ রান নিয়ে দিন শুরু করেছিলেন খাজা, নিজের ১৪তম টেস্টে চতুর্থ সেঞ্চুরিটি পেয়ে যান লাঞ্চের আগেই, ১৫৭ বলে। খাজা-ভোজেসের দুই সেঞ্চুরিতে ওয়েলিংটন টেস্টের লাগামটাও শক্ত করে ধরেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ১৮৩ রানের জবাবে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে তুলে ফেলেছে ৪৬৩। ২৮০ রানের লিড—ওটা যে আজ পর্বতপ্রমাণ হয়ে উঠবে, তাতে সন্দেহ সামান্যই। ক্রিকইনফো।