ব্র্যাডম্যানকেও ছাড়িয়ে গেলেন কোহলি!

মাঠ থেকে হোটেলে ফিরল ভারতীয় দল। হায়দরাবাদের অভিজাত এলাকা বানজারা হিলসের তাজ কৃষ্ণা হোটেলের লবিতে যে একটা আলোড়ন উঠবে, সেটি তো অনুমিতই। এটা তো আর নতুন করে জানার মতো কিছু নয় যে, এই ভারতবর্ষে তারকাখ্যাতিতে ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিতে পারেন একমাত্র বলিউড তারকারাই।
কিন্তু ভারতীয় দলের খেলোয়াড়েরা লিফটে ওঠার আগে যা হলো, তাতে মনে হতেই পারে, ভারতের এই দলে তারকা বলতে একজনই আছেন। তিনি বিরাট কোহলি।
কোহলির সঙ্গে ছবি তুলতে আগ্রহীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের রীতিমতো ধাক্কাধাক্কি। মা-মেয়ের মধ্যেও লড়াই। লিফটে তিনতলায় নিজের রুমে ফিরতে ফিরতে সতীর্থদের কাছে যেটির সরস বর্ণনা দিলেন কোহলি নিজেই।
‘ওয়েল প্লেড’ বলায় ‘থ্যাংকস’ বলে মাথা ঝোঁকালেন। সর্বশেষ ডাবল সেঞ্চুরিটাতে যে একটা রেকর্ড হয়ে গেছে, সেটি কি জানেন? কোহলি মাথা নাড়লেন। এই প্রতিবেদকের কাছ থেকেই জানলেন, টানা চতুর্থ সিরিজে ডাবল সেঞ্চুরি করে পেছনে ফেলে দিয়েছেন স্যার ডন ব্র্যাডম্যানকেও।
শুধু ব্র্যাডম্যান বলা অবশ্য ঠিক হলো না। রাহুল দ্রাবিড়েরও টানা তিন সিরিজে ডাবল সেঞ্চুরি করার কীর্তি ছিল। কোহলির সামনে অবশ্য সুযোগ আছে রেকর্ডটিকে এমন এক জায়গায় নিয়ে যাওয়ার, আগামী দিনের ব্যাটসম্যানদের জন্য যা হয়ে দাঁড়াবে স্বপ্নের মতো। কদিন পরই আসছে অস্ট্রেলিয়া। চার টেস্টের সিরিজ। কোহলি যে ফর্মে আছেন, তাতে অন্তত একটা ডাবল সেঞ্চুরি না পেলে সেটাই হবে আশ্চর্যের। সেই আশ্চর্যজনক ঘটনাটি না ঘটলে টানা পঞ্চম সিরিজে ডাবল সেঞ্চুরি করার অবিশ্বাস্য কীর্তি গড়ে ফেলবেন ভারতীয় ক্রিকেটের নতুন ‘ব্যাটিং বিস্ময়!’
এটি ভবিষ্যতের কথা। পারবেন কি পারবেন না, এই প্রশ্নও জড়িয়ে। আপাতত যা হয়ে গেছে, সেটি নিয়ে কথা বললেও অনায়াসে বোঝা যাবে বিরাট কোহলির ‘বিরাট মহিমা’। টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ার পথেই ভারতে এক মৌসুমে সবচেয়ে বেশি রানের রেকর্ডটিও ভেঙে দিলেন। এত দিন যেটি ছিল বীরেন্দর শেবাগের।
ব্র্যাডম্যান তারপরও একটা ক্ষেত্রে আরাধ্যই থেকে যাচ্ছেন। ৫২ টেস্টে তাঁর ১২টি ডাবল সেঞ্চুরি। টেস্টে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির এই রেকর্ড কোনো দিন ভাঙবে কি না, কে জানে! হয়তো ভাঙবেই না। তবে একটা জায়গায় তো অন্তত ডন ব্র্যাডম্যানকেও পেছনে ফেলে দিলেন বিরাট কোহলি।
গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন। সাড়ে সাত মাসের মধ্যে করে ফেললেন আরও তিনটি। বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরির আগে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজেও ডাবল সেঞ্চুরি করেছেন। এক ভারতীয় মৌসুমে তিনটি ডাবল সেঞ্চুরি হয়ে গেল তাঁর। ডাবল সেঞ্চুরি করাটাকে যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন ভারতীয় অধিনায়ক।
টানা তিন সিরিজে ডাবল সেঞ্চুরির কীর্তিতে ব্র্যাডম্যান একমেবাদ্বিতীয়ম হয়ে ছিলেন অনেক বছর। প্রায় ৭৩ বছর পর যেটির অংশীদার হয়েছেন রাহুল দ্রাবিড়। ২০০৩ ও ২০০৪ সালে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে টানা তিন সিরিজে ডাবল সেঞ্চুরি দ্রাবিড়ের। ব্র্যাডম্যানের টানা তিন সিরিজে সেঞ্চুরির কীর্তি সেই ১৯৩০ ও ১৯৩১ সালে। ১৯৩০ সালে ইংল্যান্ড সফরে এক সিরিজে ৯৭৪ রানের যে রেকর্ড গড়েছিলেন, সেটি এখনো অম্লান। ডাবল সেঞ্চুরির বন্যাও শুরু সেই সিরিজেই। লর্ডসে ২৫৪, লিডসে পরের টেস্টে ৩৩৪, ওভালে পরের টেস্টে করলেন ২৩২। পরের বছর ওয়েস্ট ইন্ডিজের বিপেক্ষ ২২৩ রান করার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের সিরিজে করলেন ২২৬।
হায়দরাবাদ টেস্টের প্রথম দিন চা-বিরতির আধঘণ্টাখানেক আগে নেমে যেভাবে ব্যাটিং করেছেন বিরাট কোহলি, তাতে ডাবল সেঞ্চুরিটি যেন অবধারিতই ছিল। ১৮০ রানে অবশ্য একটা ধাক্কা খেয়েছিলেন। এর আগ পর্যন্ত ব্যাটিংকে খুব সহজ বলে মনে করিয়েছেন। ডিআরএস না থাকলে ডাবল সেঞ্চুরি থেকে ২০ রান দূরে থাকতেই ফিরতে হতো তাঁকে। মেহেদী হাসান মিরাজের বলে আম্পায়ার তাঁকে এলবিডব্লু বলে রায় দিয়ে আঙুল তুলে দিয়েছিলেন। কোহলি বেঁচে যান ডিআরএস নিয়ে। হক-আই জানায়, অফ স্টাম্পের সামনে প্যাডে লাগা বল এতটাই টার্ন করছিল যে, সেটি লেগ স্টাম্প মিস করত। লাঞ্চের সময় ১৯১ রানে অপরাজিত কোহলি বিরতির পর ডাবল সেঞ্চুরি করতে বেশি সময় নেননি। খেলতে হলো মাত্র ২৩৯ বল, যাতে ২৪টি চার। আর ৪ রান করেই অবশ্য তাইজুলের বলে এলবিডব্লু হয়ে গেছেন। এবার আর আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেননি, আঙুল তুলে দিতেই হাঁটতে শুরু করেছেন ড্রেসিংরুমের দিকে। যদিও টিভি রিপ্লেতে মনে হলো, বল তাঁর প্যাডে লেগেছে অফ স্টাম্পের একটু বাইরে। ডিআরএস নিলে হয়তো বেঁচেই যেতেন কোহলি।
কে জানে, তাহলে হয়তো ট্রিপল সেঞ্চুরির আগে থামতেন না! ব্যাটসম্যানশিপের এমন একটা পর্যায়ে আছেন যে, বিরাট কোহলির জন্য কোনো কিছুই আসলে অসম্ভব বলে মনে হচ্ছে না!
বিরাট কোহলির চার ডাবল সেঞ্চুরি
২০০
বিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ
অ্যান্টিগা, ২০১৬
২১১
বিপক্ষ: নিউজিল্যান্ড
ইন্দোর, ২০১৬
২৩৫
বিপক্ষ: ইংল্যান্ড
মুম্বাই, ২০১৬
২০৪
বিপক্ষ: বাংলাদেশ
হায়দরাবাদ, ২০১৭